13/09/2026
স্বামী গলা টিপে হ'ত্যা করে স্ত্রীকে -পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম ..
মুন্সীগঞ্জের গজারিয়ায় রিনা বেগম (৩২) নামে এক গৃহবধূকে গলা চেপে শ্বাসরোধ করে হ'ত্যার অভিযোগে তাঁর স্বামী সুমন সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিবার দুপুরে মুন্সীগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম। তিনি বলেন, গত ১২ সেপ্টেম্বর সকাল আটটার দিকে গজারিয়া থানাধীন চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় নিজ বসতঘর থেকে রিনা বেগমের লাশ উদ্ধার করা হয়। তিনি টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের ইব্রাহিমের মেয়ে। প্রায় ১৭ বছর আগে সুমন সরকারের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সুমন পেশায় রংমিস্ত্রি।
এ ঘটনায় নিহতের ভাই সাফায়েত হোসেন (২৩) বাদী হয়ে ১৩ সেপ্টেম্বর গজারিয়া থানায় হত্যা মামলা করেন। মামলায় সুমন সরকারসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ঘটনার পর সুমন পালিয়ে যান। গজারিয়া থানা পুলিশের একাধিক দল আসামিকে গ্রেপ্তারে অভিযান শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে তথ্য বিশ্লেষণ করে ১৩ সেপ্টেম্বর ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকা থেকে সুমন সরকারকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে কলহ হতো। এর আগে সুমন স্ত্রীকে একাধিকবার মারধরও করেছেন বলে পুলিশ জানিয়েছে।
১১ সেপ্টেম্বর রাত নয়টার দিকে সুমন বাড়িতে এসে স্ত্রীকে খাবার দিতে বলেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে সুমন স্ত্রীর মোবাইল ফোন ভেঙে ফেলেন। পরে রাত ১০টার দিকে রিনা মেয়ের সঙ্গে ছোট একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।
পুলিশের ভাষ্য, রাত আনুমানিক একটার দিকে সুমন ওই কক্ষে গিয়ে ঘুমন্ত অবস্থায় রিনার গলা চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে তাঁর মৃত্যু হয় বলে পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে সুমন জানিয়েছেন।
হত্যার পর সুমন বাড়িতেই ছিলেন। ফজরের সময় পাশের মসজিদে নামাজ পড়ে তিনি কুমিল্লার দিকে চলে যান। পরে বুড়িচং, চান্দিনা, দাউদকান্দি, তিতাস ও মেঘনা এলাকায় অবস্থান করেন। গজারিয়া থানা পুলিশের একটি দল তাঁকে অনুসরণ করতে থাকে। পরে ঢাকার দিকে রওনা হলে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় পুলিশের অপর একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সুমন সরকার চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকার বাছেদ সরকারের ছেলে। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।