06/08/2026
মালয়েশিয়া কুয়ালা কেদাহে নির্মাণস্থলে ইমিগ্রেশনের ‘অপস সাপু’ অভিযান:৪২ জনই বাংলাদেশি সহ ৮১ অবৈধ অভিবাসী আটক,
ইমরান হোসেন। মালয়েশিয়া
আলোর সেতার, ৪ আগস্ট ২০২৬: মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুয়ালা কেদাহ এলাকার একটি নির্মাণস্থলে বিশেষ অভিযান চালিয়ে ৮১ জন অবৈধ অভিবাসী (পিএটিআই) আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)।
গোয়েন্দা তথ্য ও জনসাধারণের অভিযোগের ভিত্তিতে পরিচালিত ‘অপস সাপু’ অভিযানে কেদাহ ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট শাখার ১৯ জন কর্মকর্তা অংশ নেন। সকাল ৯টা ৫০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে মোট ১২৭ জন মালয়েশিয়ান ও বিদেশি নাগরিকের পরিচয়পত্র এবং বৈধ কাগজপত্র যাচাই করা হয়।
যাচাই শেষে ৮১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৭৩ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তাদের মধ্যে ৪২ জন বাংলাদেশি, ২৬ জন ইন্দোনেশিয়ান, ১০ জন মিয়ানমারের, একজন পাকিস্তানি এবং দুইজন ভারতীয় নাগরিক।
ইমিগ্রেশন বিভাগের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা বৈধ পাস বা পারমিট ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ ও অবস্থান, অনুমোদিত সময়ের বেশি অবস্থান এবং ভিসা বা পাসের শর্ত লঙ্ঘনের অভিযোগে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন প্রবিধান ১৯৬৩-এর আওতায় তদন্তের মুখোমুখি হচ্ছেন।
অভিযান চলাকালে তদন্তে সহায়তার জন্য একটি 'সমন টু উইটনেস' (ফর্ম-২৯)-ও জারি করা হয়েছে।
আটক সবাইকে প্রাথমিক নথিপত্র সম্পন্ন করার জন্য কেদাহ ইমিগ্রেশন অফিসে নেওয়া হয়েছে। পরে তাদের ইমিগ্রেশন ডিপোতে পাঠিয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস ছাড়াই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধ অভিবাসীদের নিয়োগ, আশ্রয় বা সহযোগিতা প্রদানকারী নিয়োগকর্তা ও ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া অবৈধ অভিবাসী বা অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে জনসাধারণকে কেদাহ ইমিগ্রেশন বিভাগের কাছে জানাতে আহ্বান জানানো হয়েছে।