21/08/2026
আমার একটা বন্ধু আছে। ডিপার্টমেন্টে মোটামুটি সবাই আমাদের বন্ধুত্বের ব্যাপারে অবগত, এমনকি কিঞ্চিৎ ঈর্ষান্বিতও।
একটা সময় তুই আমার পছন্দের কেউ ছিলি না। কিন্তু আস্তে আস্তে মিশতে মিশতে কখন যে অনেক বেশি আপন হয়ে গেলি, সেটা টেরই পাইনি।
তোর মধ্যে ভালো-মন্দ সবই আছে। বলব না যে তুই এতটাই ভালো যে কোনো খারাপ কিছু করতেই পারিস না। তবে যেটা বলতে পারি, তুই সত্য। আর বন্ধুত্বটা আসলে চেয়ে বা ইচ্ছা করে হয় না, এটা ন্যাচারালভাবেই হয়ে যায়। আমাদেরটাও ঠিক তেমনই হয়েছে।
আমাদের দুজনের মৌলিক বিষয়গুলোতে প্রায় সবই কেমন যেন মিলে যায়। আবার অমিলেরও অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে আমরা অনায়াসে তর্ক করতে পারি, এবং করিও।
রাজনীতি, অর্থনীতি, সাহিত্য, দর্শন, মনোবিজ্ঞান, খেলাধুলা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসঙ্গে আলোচনা, পর্যালোচনা ও বিতর্ক করতে পারি। এই ব্যাপারটা আমার কাছে আমাদের বন্ধুত্বের সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা।
ওহ, একটা কথা! তুই বার্সেলোনা ফ্যান আর আমি মাদ্রিদ সমর্থক। ঠিক আছে, সেটা মেনে নিলাম। তবে ফুটবল নিয়ে কোনো বিতর্কে হেরে গেলে ২০২২ বিশ্বকাপের কথা বলা বন্ধ করিস!
তোর উপন্যাস ভালো লাগে, আমার কবিতা। আমার সাজেশনে তুই ফ্রানস কাফকার দ্য মেটামরফোসিস বইটা কিনেছিলি এবং বলেছিলি, ভালো লেগেছে। আরেকটা সাজেশন দিই। কাফকার আরেকটি উপন্যাস দ্য ট্রায়াল, ছোটগল্প বিফোর দ্য ল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর পড়তে পারিস। আশা করি এগুলোও ভালো লাগবে।
আমাদের সবচেয়ে সুন্দর স্মৃতি সম্ভবত একসাথে সাইকেল টুর। সেমিস্টার শেষে তোর আর আমার একটা প্ল্যান ছিল। একটা কবিতা আবৃত্তির ভিডিও বানাব। ভুলে গেলি নাকি?
তবে একটা বিষয় স্বীকার করতেই হবে, তুই অনেক পরিশ্রমী। তোর এই পরিশ্রম আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। টিউশন করানো, পাশাপাশি নিজের পড়াশোনা করা এবং ভালো রেজাল্ট করা, সবকিছু একসঙ্গে সামলানো সহজ নয়। মাঝে মাঝে ভাবি, আমি হলে পারতাম কি না!
আমি খুব করে চাই, তুই খুব তাড়াতাড়ি সফল হোস। তারপর আমি এবং সবার সামনে গর্বের সঙ্গে তোর প্রিয় কবি জসীমউদ্দীনের ‘রূপাই’ কবিতাটা তোর কণ্ঠে আবৃত্তি করবি। আমি আগ্রহ নিয়ে শুনবো।