17/08/2026
জামালপুরে মেলান্দহে সরকারি অনুমতি ছাড়াই রাস্তার পাশের ৩০ বছরের করই গাছ কাটার অভিযোগ
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিয়াপাড়া খাশিমারা গ্রামে রাস্তার পাশের প্রায় ৩০ বছর বয়সী কয়েকটি করই গাছ সরকারি অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ উঠেছে এমরুল কায়েজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। কেটে ফেলা গাছগুলোর মূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশের ওই করই গাছগুলো দীর্ঘদিন ধরে এলাকাটির সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রেখে আসছিল। সম্প্রতি গাছগুলো কেটে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, উপজেলা প্রশাসন কিংবা বন বিভাগের কোনো লিখিত অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে এমরুল কায়েজের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি গাছ লাগিয়েছি, আমি কেটেছি।” গাছ কাটার জন্য উপজেলা প্রশাসন, ইউএনও কার্যালয় বা বন বিভাগের কোনো অনুমতি নিয়েছেন কি না জানতে চাইলে তিনি “না” বলে জানান।
এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের গাছ কাটার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও গাছের মালিকানা/উৎস যাচাই করা প্রয়োজন। তাদের দাবি, অনুমতি ছাড়া সরকারি বা সামাজিক বনায়নের আওতাভুক্ত গাছ কাটা হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
বন অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে ২০২৬ সালের সামাজিক বনায়ন বিধিমালা তালিকাভুক্ত রয়েছে। ফলে কেটে ফেলা গাছগুলো সরকারি, সড়ক বিভাগের, সামাজিক বনায়নের নাকি ব্যক্তিমালিকানাধীন—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে পরিষ্কার হওয়া জরুরি।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে গাছগুলোর মালিকানা, কাটার অনুমোদন এবং গাছের সম্ভাব্য মূল্য যাচাইসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।