14/11/2025
এক ব্যাংকে ডাকাতি করার সময় ডাকাত দলের সর্দার বন্দুক উঁচিয়ে সবার উদ্দেশ্যে বলল, "কেউ নড়াচড়া করবেন না। টাকা গেলে যাবে ব্যাংকের, কিন্তু জীবন গেলে যাবে আপনার!"
এই কথা শোনার পর সবাই চুপচাপ হাত উঁচু করে সারেন্ডারের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকল। এটাকে বলে "Mind Changing Concept" অর্থাৎ মানুষের ব্রেনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে ঘুরিয়ে দেওয়া।
ব্যাংকের গ্রাহকদের মধ্যে একটি সুন্দরী মেয়ে ছিল। সবাই যখন স্ট্যাচু হয়ে আছে, তখন এক চরিত্রহীন ডাকাত বারবার লোলুপ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকাচ্ছিল। এটা দেখে ডাকাত দলের সর্দার চিৎকার করে সেই সাগরেদকে বলল, "নিজের কাজে মন দাও। আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, অন্য কিছু না!" এই ব্যাপারটাকে বলে "Being Professional" অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।
যখন ডাকাত দল সবকিছু লুট করে তাদের আস্তানায় ফিরে গেল, তখন সর্দারকে (যে কিনা ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে) এক অল্পবয়স্ক ডাকাত (এমবিএ পাশ করা) প্রস্তাব দিল, "বস, চলেন টাকাগুলো গুনে ফেলি।" সর্দার মুচকি হেসে বলল, "তার কোনোই প্রয়োজন নেই, কেননা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কত টাকা ডাকাতি করেছি।" এই ব্যাপারটাকে বলে "Experience" বা অভিজ্ঞতা যা গতানুগতিক সার্টিফিকেটের বাইরে গিয়েও কাজ করে।
ডাকাতরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের এক কর্মচারী ছুটে এসে ম্যানেজারকে বলল, "তাড়াতাড়ি চলুন পুলিশকে ফোন করি। ওরা বেশিদূর যেতে পারেনি। এখনই খবর দিলে সবকটা ধরা পড়ে যাবে।" ব্যাংক ম্যানেজার কর্মচারীকে থামিয়ে দিয়ে বলল, "চুপচাপ বসে থাকো। আমাদের সুবিধার জন্যই ব্যাংকের ৫ কোটি টাকা নিয়ে ডাকাত দলকে পালিয়ে যেতে দেওয়া উচিত। তাহলে আমরা যে ১০ কোটি টাকা গরমিল করেছি, তা এই ডাকাতির নামে চালিয়ে দেওয়া যাবে।" এই ব্যাপারটাকে বলে "Swim with the tide" অর্থাৎ বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।
কিছুক্ষণ পরেই টিভিতে নিউজ দেখাল, "ডাকাতির ঘটনায় অমুক ব্যাংকের ২০ কোটি টাকা লোপাট।"
ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার গুণেও টাকা ৫ কোটির বেশি বাড়াতে পারল না। ডাকাত সর্দার তখন রাগে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে বলল, "আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে, এত কষ্ট করে মাত্র ৫ কোটি পেলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র কলমের এক খোঁচাতেই ১৫ কোটি সরিয়ে ফেলল। চোরডাকাত না হয়ে পড়াশোনা করলেই বেশি লাভ হতো!" এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold" অর্থাৎ অসির চেয়ে মসি বড়।
ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেননা তার লাভ ১৫ কোটি টাকা। ১০ কোটি গরমিল করার পরও সে আরো ৫ কোটি নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে এই সুযোগে! এই ব্যাপারটাকে বলে "Seizing the opportunity daring to take risks" অর্থাৎ সুযোগ থাকলে তাকে কাজে লাগানোই উচিত!
এর সপ্তাহখানেক পরের কথা। পুলিশের হাতে ধরা পড়েছে ডাকত সর্দার। রিমান্ডে তার দেওয়া তথ্যে ফেঁসে গেল ব্যাংক ম্যানেজারও। চাকরি তো গেলই, যেতে হল হাজতে। এটাকে বলে "The result of bad deeds is never good" অর্থাৎ খারাপ কাজের ফল কখনো ভালো হয় না।