Daily Khaborbangla

Daily Khaborbangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Daily Khaborbangla, Media/News Company, দৈনিক খবর বাংলা, ঘোড়া স্ট্যান্ড, পাবনা, বাংলাদেশ।, Pabna.

আটঘরিয়ায় পাটকাঠি ঘিরে নতুন সম্ভাবনা                 ।।ইব্রাহিম খলিল।।পাবনার আটঘরিয়ায় পাট কাটার পর এখন পাটকাঠি শুকানো ও স...
08/08/2026

আটঘরিয়ায় পাটকাঠি ঘিরে নতুন সম্ভাবনা
।।ইব্রাহিম খলিল।।

পাবনার আটঘরিয়ায় পাট কাটার পর এখন পাটকাঠি শুকানো ও সংরক্ষণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন এলাকার মাঠ, বাড়ির উঠান, সুতার বিলের পাড় ও রাস্তার ধারে সারি সারি করে শুকানো হচ্ছে পাটকাঠি। পাটের আঁশ সংগ্রহের পর অবশিষ্ট পাটকাঠি এখন আর কৃষকের কাছে ফেলনা নয়। জ্বালানি হিসেবে ব্যবহার, বিভিন্ন কাজে লাগানো এবং বিক্রির মাধ্যমে বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে এই পাটকাঠিকে ঘিরে।
সরেজমিনে উপজেলার সুতার বিল,চত্রার বিল,ভাদির বিল, ব্যাঙ্গারি,সুজাপুর বিল,মাজপাড়ার মধ্যে কাকমাড়ির বিল,রত্নাই নদী,চন্দ্রাবতী নদী, চিকনাই নদী, এলাকায় দেখা যায়, বিলের পাড়জুড়ে ছড়িয়ে রাখা হয়েছে সদ্য জাগ দেওয়া পাট থেকে পাওয়া পাটকাঠি। কোথাও লম্বালম্বি করে সাজিয়ে রাখা হয়েছে, কোথাও আবার ছোট ছোট আঁটি করে স্তূপ করা হয়েছে। সকালের রোদ উঠতেই কৃষকেরা ভেজা পাটকাঠি রোদে বিছিয়ে দিচ্ছেন। কেউ পাটকাঠি উল্টে-পাল্টে দিচ্ছেন, আবার কেউ শুকিয়ে যাওয়া পাটকাঠি এক জায়গায় জড়ো করে আঁটি বাঁধছেন।
পাট কাটার পর কৃষকের প্রধান লক্ষ্য থাকে ভালো মানের আঁশ সংগ্রহ করা। তবে পাটের আঁশ ছাড়ানোর পর অবশিষ্ট পাটকাঠিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে গ্রামের মানুষের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে আসা পাটকাঠির চাহিদা এখনও রয়েছে। অনেক পরিবার নিজেদের প্রয়োজনের জন্য পাটকাঠি সংরক্ষণ করে রাখে। অতিরিক্ত অংশ স্থানীয়ভাবে বিক্রি করে বাড়তি অর্থও পান কৃষকেরা।
সুতার বিল এলাকার এক কৃষক বলেন, “পাট চাষে অনেক খরচ ও পরিশ্রম করতে হয়। পাটের আঁশ বিক্রি করে মূল টাকা পাওয়া যায়। পাশাপাশি পাটকাঠি বাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহার করি। বেশি হলে বিক্রি করে কিছু বাড়তি টাকা পাওয়া যায়।”
আরেক কৃষক বলেন, “বাড়ির উঠানে সব পাটকাঠি শুকানোর জায়গা হয় না। তাই বিলের পাড়ে এনে শুকিয়ে নিই। কয়েক দিন ভালো রোদ পেলে পাটকাঠি শুকিয়ে যায়। এরপর বাড়িতে নিয়ে সংরক্ষণ করি।”
কৃষকদের কাছে পাটকাঠির গুরুত্ব শুধু জ্বালানি হিসেবে নয়। বর্তমানে পাটকাঠির বহুমুখী ব্যবহার নিয়ে আগ্রহ বাড়ছে। বিভিন্ন এলাকায় পাটকাঠি থেকে জ্বালানি ও চারকোলসহ নানা ধরনের পণ্য তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ভবিষ্যতে পাটকাঠির একটি বড় বাজার তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষকেরা বলছেন, পাটকাঠির সঠিক বাজারব্যবস্থা গড়ে উঠলে তারা পাটের আঁশের পাশাপাশি পাটকাঠি থেকেও ভালো আয় করতে পারবেন। এতে পাট চাষ আরও লাভজনক হতে পারে।
বর্তমানে আটঘরিয়ায় পাট কাটার মৌসুম চলছে। একই সঙ্গে চলছে পাট জাগ দেয়া ও আঁশ ছাড়ানোর কাজ। ফলে প্রতিদিনই নতুন করে পাটকাঠি বের হচ্ছে। এসব পাটকাঠি শুকাতে কৃষকেরা বিলের পাড়, খোলা মাঠ, বাড়ির উঠান এবং রাস্তার পাশের জায়গা ব্যবহার করছেন।
সুতার বিলের পাড়ে দেখা যায়, রোদে শুকাতে দেয়া পাটকাঠির ওপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। কোথাও কৃষকেরা পাটকাঠির আঁটি উল্টে দিচ্ছেন, আবার কোথাও শুকনো পাটকাঠি দড়ি দিয়ে বেঁধে রাখা হচ্ছে। বিলের পাড়জুড়ে এমন দৃশ্য গ্রামীণ জীবনের পরিচিত চিত্র হয়ে উঠেছে।
গ্রামাঞ্চলে পাটকাঠির অন্যতম প্রধান ব্যবহার রান্নার জ্বালানি হিসেবে। শুকনো পাটকাঠি সহজেই আগুন ধরে এবং অনেক পরিবার নিজেদের উৎপাদিত পাটকাঠি ব্যবহার করে রান্নার কাজে জ্বালানি খরচ কমিয়ে থাকে।
এছাড়া পাটকাঠি ঘরের বেড়া, অস্থায়ী ঘর, গবাদিপশুর ঘেরসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। ফলে কৃষকের উৎপাদিত পাটকাঠির একটি বড় অংশ পরিবারের বিভিন্ন প্রয়োজনেই কাজে লাগে।
পাটকাঠির চাহিদা থাকায় স্থানীয় পর্যায়ে এটি বিক্রি করেও কৃষকেরা কিছু বাড়তি আয় করছেন। তবে কৃষকদের অভিযোগ, সব জায়গায় পাটকাঠির নির্দিষ্ট বাজার নেই। ফলে অনেক সময় বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হয়। তাদের দাবি, ইউনিয়ন বা উপজেলা পর্যায়ে পাটকাঠি সংগ্রহ ও বিক্রির ব্যবস্থা করা হলে কৃষকেরা ন্যায্যমূল্য পেতে পারেন। পাশাপাশি পাটকাঠি প্রক্রিয়াজাত করে বিভিন্ন পণ্য তৈরির ছোট শিল্প গড়ে উঠলে স্থানীয়ভাবে কর্মসংস্থানও সৃষ্টি হতে পারে।
সুতার বিলের পাড়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন রাস্তার ধারে পাটকাঠি শুকাতে দেখা যাচ্ছে। জায়গার সংকটের কারণে অনেক কৃষক রাস্তার পাশের খোলা জায়গা ব্যবহার করছেন। এতে একদিকে পাটকাঠি দ্রুত শুকানো সম্ভব হলেও ব্যস্ত সড়কের পাশে রাখলে যানবাহন চলাচলে সমস্যা ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
স্থানীয়দের পরামর্শ, রাস্তার মূল অংশ বা বাঁকের কাছে পাটকাঠি না রেখে নিরাপদ দূরত্বে শুকানো উচিত। এতে কৃষকের কাজও হবে, আবার পথচারী ও যানবাহন চলাচলও নিরাপদ থাকবে।
আটঘরিয়ার কৃষকেরা চান, পাটের আঁশের পাশাপাশি পাটকাঠিরও ন্যায্যমূল্য নিশ্চিত করা হোক। পাটকাঠি সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে সরকারি-বেসরকারি উদ্যোগ নেওয়া হলে তারা আরও লাভবান হতে পারবেন। কৃষকদের মতে, একই জমিতে উৎপাদিত পাটের প্রতিটি অংশের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা গেলে পাট চাষের লাভ বাড়ানো সম্ভব। পাটকাঠি নিয়ে নতুন করে বাণিজ্যিক উদ্যোগ গড়ে উঠলে কৃষকের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকরাও উপকৃত হবেন।
আটঘরিয়ার সুতার বিলের পাড়ে এখন তাই শুধু পাটের আঁশ নয়, পাটকাঠিও হয়ে উঠেছে আলোচনার বিষয়। রোদে শুকানো সারি সারি পাটকাঠির সঙ্গে জড়িয়ে আছে কৃষকের শ্রম, পরিশ্রম ও বাড়তি আয়ের প্রত্যাশা। সঠিক বাজার ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করা গেলে পাটকাঠিই হয়ে উঠতে পারে আটঘরিয়ার কৃষকের নতুন সম্ভাবনার দ্বার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না বলেন, পাটকাঠি কৃষকের জন্য একটি গুরুত্বপূর্ণ উপজাত পণ্য। পাটের আঁশের পাশাপাশি পাটকাঠি বিক্রি করেও কৃষকরা বাড়তি আয় করতে পারেন। জ্বালানি হিসেবে ব্যবহারের পাশাপাশি পাটকাঠি দিয়ে বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য তৈরিরও সুযোগ রয়েছে। সঠিকভাবে সংরক্ষণ ও বাজারজাত করতে পারলে পাটকাঠি কৃষকের অর্থনৈতিক গুরুত্ব আরও বাড়াতে পারে। তিনি কৃষকদের পাটকাঠি নষ্ট না করে সংরক্ষণ ও বাণিজ্যিকভাবে ব্যবহারের আহ্বান জানান।

গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আজিজুরের আশা পূরণ হলো, রক্তে রাঙানো সেই পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে ------...
08/08/2026

গনঅভ্যুত্থানে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আজিজুরের আশা পূরণ হলো, রক্তে রাঙানো সেই পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে
-----------------------------------------------------------------------
ডেস্ক নিউজ। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এবং মিরপুর ওভারব্রিজে রক্তমাখা পতাকা উড়িয়ে আলোচনায় আসা ছাত্রদল কর্মী আজিজুর শেখের আশা ছিলো তার সেই রক্তমাখা পতাকা মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দিবেন। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণ পেয়ে আজিজুর শেখ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতের সময় জুলাই গনঅভ্যুত্থানে অংশগ্রহণ করে গুলিবিদ্ধের সময় রক্তে রাঙানো সেই পতাকাটি তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দেন।

গনঅভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত জুলাই যোদ্ধা আজিজুর শেখ ভাড়ায় সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। একথা জানার পর তার জীবিকার পথকে সহজ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আজিজুর শেখকে একটি সিএনজি উপহার দেয়া হয়। এ উদ্যোগের বাস্তবায়ন ও সিএনজি হস্তান্তর অনুষ্ঠানে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক ও সংসদীয় আসন ৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।

পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা----------------------------------------------------...
08/08/2026

পাবনার বেড়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা
----------------------------------------------------------------------
বেড়া সংবাদদাতা। পাবনার বেড়া মডেল থানার অদুরে পুলিশের কাছ থেকে মো: সোহেল রানা নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) দুপুরে থানা পাড়ার কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া সোহেল রানা বেড়া পৌরসভার শম্ভুপুর কাগমাইর এলাকার মৃত খন্দকার আয়নুল হকের ছেলে। তিনি বেড়া পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা ও উপপরিদর্শক (এসআই) রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

তাকে থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সোহেল রানাকে ছিনিয়ে নিয়ে যান।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, সোহেল রানার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি স্টেডিয়াম এলাকায় অবস্থান করছেন—এমন সংবাদের ভিত্তিতে সেখানে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের বাধার সম্মুখীন হয় পুলিশ। স্থানীয় বেশ কয়েকজন পুলিশের কাজে বাধা দেন।

তিনি আরও বলেন, সোহেল রানাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। পুলিশের কাজে যারা বাধা দিয়েছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

দেড় বছরেও হয়নি সংযোগ সড়ক, কোটি টাকার সেতুতে ভরসা বাঁশের সাঁকো-----------------------------------------------------------...
08/08/2026

দেড় বছরেও হয়নি সংযোগ সড়ক, কোটি টাকার সেতুতে ভরসা বাঁশের সাঁকো
----------------------------------------------------------------------
সিরাজুল ইসলাম আপনঃ সেতু আছে, কিন্তু সেতুতে ওঠার পথ নেই। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে পাড়ি দিতে হয় কাদা-পানি। আর সেই দুর্গম পথ পেরিয়ে সেতুতে উঠতে এলাকাবাসীর একমাত্র ভরসা এখন বাঁশের তৈরি অস্থায়ী ব্যবস্থা। একটু অসাবধান হলেই পা পিছলে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা।

দেড় বছর আগে সরকারি অর্থে নির্মাণ করা হয়েছিল একটি আধুনিক গার্ডার সেতু। কিন্তু সেতু নির্মাণের পর সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ আনুষঙ্গিক কাজ শেষ না করেই বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। ফলে কোটি টাকার সরকারি অর্থ ব্যয়ে নির্মিত সেতুটি এখনো মানুষের স্বাভাবিক চলাচলের উপযোগী হয়নি। পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ী ইউনিয়নের দেওভোগ-দহপাড়া গ্রামে দেখা গেছে এমন চিত্র। দীর্ঘদিন ধরে সেতুটি অচল পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, মসজিদে যাতায়াতকারী মুসল্লি ও সাধারণ পথচারীদের প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

সময় বাড়লেও শেষ হয়নি কাজ: উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৮ নভেম্বর এক কোটি ৬ লাখ ৩৮ হাজার ৯৫ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। নির্ধারিত সময়ে ঠিকাদার কেবল সেতুর মূল কাঠামোর কাজ শেষ করেন। কিন্তু সংযোগ সড়ক, সুরক্ষা দেয়ালসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ অসমাপ্তই থেকে যায়।

পরে এসব কাজ শেষ করার জন্য চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে বর্ধিত সময়সীমা পার হয়ে গেলেও সংযোগ সড়কের কাজ শেষ হয়নি। ফলে নির্মাণের প্রায় দেড় বছর পরও সেতুটি পুরোপুরি ব্যবহার করতে পারছেন না স্থানীয়রা।

ঝুঁকি নিয়ে পারাপার নারী-শিশুরা: সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই প্রান্তেই রয়েছে জলাবদ্ধতা ও কাদা। কোথাও নেই চলাচলের উপযোগী সংযোগ সড়ক। বাধ্য হয়ে স্থানীয়রা বাঁশ বসিয়ে তৈরি করেছেন অস্থায়ী পারাপারের ব্যবস্থা। সেই বাঁশের ওপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী মানুষ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর পূর্ব পাশে রয়েছে দহপাড়া জামে মসজিদ এবং পশ্চিম পাশে দহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে প্রতিদিন দুই পাশের মানুষের যাতায়াতের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সংযোগ সড়ক না থাকায় সেতুটি যেন মানুষের উপকারের বদলে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কাদা-পানিতে পিচ্ছিল হয়ে যায় দুই প্রান্ত, তখন বাঁশের ওপর দিয়ে শিশুদের পারাপার যেন প্রতিদিনের একেকটি ঝুঁকিপূর্ণ পরীক্ষা।

দুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ: দহপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নূর মোহাম্মদ বলেন, "আমি দেওভোগ থেকে দহপাড়া মসজিদে ইমামতি করতে আসি। প্রতিবারই জীবনের ঝুঁকি নিয়ে সেতু পার হতে হয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কাদার মধ্য দিয়ে আসতে হয়। এই কষ্টের কারণে অনেকে মসজিদে আসতেও আগ্রহ হারাচ্ছেন। বিষয়টি খুবই অমানবিক।"

স্থানীয় বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, "দেড় বছর হলো ব্রিজটি হয়েছে। এখনো সংযোগ সড়ক হয়নি। আমরা ব্রিজের সঙ্গে বাঁশ লাগিয়ে পারাপার হচ্ছি। ছোট শিক্ষার্থীদের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত ব্রিজটির বাকি কাজ শেষ করা হোক।"

আরেক বাসিন্দা আব্দুল কাদের গণি বলেন, "সেতুটি নিয়ে আমরা অনেক হতাশায় আছি। আমাদের একটাই দাবি, সেতুটির পূর্ণাঙ্গ সংযোগ সড়ক নির্মাণ করে এটি চলাচলের উপযোগী করা হোক।"

প্রশাসনের তাগাদা, অধরা পিআইও: স্থানীয়দের অভিযোগ, সংযোগ সড়কসহ অসমাপ্ত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানানো হলেও দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই মিলছে, বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই। প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকার কারণ খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে ফরিদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মানিকুজ্জামান জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

তবে ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন বলেন, "ঠিকাদারকে সংযোগ সড়কসহ বাকি কাজ শেষ করার জন্য বারবার তাগাদা দেয়া হয়েছে। কাজ যথাযথভাবে শেষ না করলে ঠিকাদারকে চূড়ান্ত বিল দেওয়া হবে না।"

চলন বিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে - পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা -----------------------------------------...
08/08/2026

চলন বিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে - পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা
-----------------------------------------------------------------------
সিরাজগঞ্জ প্রতিনিধি জিএম স্বপ্না : চলনবিলে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। বৃহত্তর চলনবিল এশিয়া মহাদেশ তথা বিশ্বের ব্যাপক সংখ্যক ভ্রমণ পিপাসুদের আকর্ষন করবে। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ভ্রমণ পিপাসুরা খুঁজে পাবে প্রশান্তি। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।শনিবার সকালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে চলনবিল সমন্বিত ইকো টুরিজম ও আধুনিক পর্যটন কেন্দ্র স্থাপন প্রকল্পের সাম্ভ্যতা যাচাই অনুষ্ঠানে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ সব কথা বলেন।
সিরাজগঞ্জ - ৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের উদ্যোগে পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান শহিদুজ্জামান, সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, তাড়াশ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ চলনবিলের ৯নং ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এরপর চলনবিলের প্রাণ কেন্দ্রে দোবিলা ইসলামপুর ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী আফরোজা খানম রিতা আরো বলেন, আমরা চলনবিল অধ্যূষিত নাটোর জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। তাড়াশ উপজেলার ৯নং ব্রিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থানটিও পরিদর্শন করলাম। বিষয়টি নিয়ে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

পাবনায় মানবাধিকার সংঘ'র পরিচিতি সভা অনুষ্ঠিত -----------------------------------------------------------------------স্ট...
08/08/2026

পাবনায় মানবাধিকার সংঘ'র পরিচিতি সভা অনুষ্ঠিত
-----------------------------------------------------------------------
স্টাফ রিপোর্টার। পাবনায় 'মানবাধিকার সহায়তা সংঘ'র জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বিকেলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

সংগঠনের সভাপতি মোঃ শহিদুল্লাহ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস,বিশিষ্ট সমাজ সেবক মোঃ মোজাম্মেল হক কবির, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক,পাবনা জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও মানবাধিকার সংগঠন ঐক্য জোট পাবনা জেলা কমিটির আহবায়ক এবং হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ ও মানবাধিকার সহায়তা সংঘ পাবনা জেলা কমিটির প্রধান উপদেষ্টা মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন।

পাবনায় ‘শিল্পী কল্যাণ সংস্থা’র সভা অনুষ্ঠিত-----------------------------------------------------------------------মিকাইল...
08/08/2026

পাবনায় ‘শিল্পী কল্যাণ সংস্থা’র সভা অনুষ্ঠিত
-----------------------------------------------------------------------
মিকাইল হোসেন : পাবনার শিল্পীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার রক্ষা এবং পারস্পরিক কল্যাণের লক্ষ্যে নবগঠিত ‘শিল্পী কল্যাণ সংস্থা, পাবনা’-এর প্রথম সাধারণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫ টায় এলএমবি মার্কেট ২য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিরাজুল ইসলাম হীরাকে আহবায়ক ও বাবলা ওয়াজেদকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ন আহবায়ক মোঃ আশরাফ হোসেন রবি, সদস্য মো: জাহাঙ্গীর আলম, মোঃ আক্তারুজ্জামান জর্জ, মোঃ মিকাইল ইসলাম, মোঃ মিন্নুথ আলী, মোঃ লিটন হোসাইন, মোঃ দাউদ হোসাইন লিটন, মো: পিন্টু, ডাঃ মো. ইমরান হোসেন ও মোছাঃ ইয়াসমিন পারভিন।
সভায় বক্তারা বলেন, পাবনার সাংস্কৃতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। কিন্তু অনেক সময় সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতার অভাবে শিল্পীরা অবহেলিত থাকেন। শিল্পীদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং তাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই সংস্থার যাত্রা শুরু হলো। অচিরেই এই আহবায়ক কমিটি একটি পূর্ণাঙ্গ গঠনতন্ত্র তৈরি করে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
সংস্থার

গুরুদাসপুরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত, আহত-৪----------------------------------------------------------------------...
08/08/2026

গুরুদাসপুরে বাস-ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত, আহত-৪
-----------------------------------------------------------------------
মাসুদ রানা,বড়াইগ্রাম প্রতিনিধি। গুরুদাসপুর
নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির সংঘর্ষে তিনজন নিহত ও চারজন গুরুতর আহত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর-ধামানিয়াপাড়া এলাকার গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তাঁর সহোদর জাহাঙ্গীর আলম (৪৬)।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নিহত ও আহতরা ভুটভুটিতে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন। পথে নয়াবাজার এলাকার হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন স্থানে বিপরীত দিক থেকে আসা আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভুটভুটিটির সংঘর্ষ হয়।

সংঘর্ষে আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আক্কাছ আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর সহোদর জাহাঙ্গীর আলমও গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ ঘটনায় আহত চারজনকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

আটঘরিয়ায় ১কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক -----------------------------------------------------------------------আ...
08/08/2026

আটঘরিয়ায় ১কেজি গাজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
-----------------------------------------------------------------------
আটঘরিয়া প্রতিনিধি। পাবনা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখা পাবনার জিডি নং-৭৬,তারিখ-০৭/০৮/২০২৬ খ্রিঃ এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় মোছাঃ আসমা বেগমের বসতবাড়ির সামনে জনৈক দিরাজের ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে অভিযান দলের সদস্যরা পিছু ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ রত্না খাতুন (৪০), স্বামী- মৃত শাজাহান মন্ডল, সাং- রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার), থানা- আটঘরিয়া, জেলা- পাবনা।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে এবং নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড'-----------------------...
08/08/2026

পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড'
------------------------------------------------------------------------
আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: চার দেয়ালে বন্দি শৈশব আর মুঠোফোনের অতিব্যবহার থেকে মুক্ত করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পাবনায় এই প্রথম চালু হলো আধুনিক মানের আধুনিক সফট ইনডোর প্লে-গ্রাউন্ডল্যান্ড ‘পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড’। পাবনা শহরের অদূরে গাছপাড়া তিন রাস্তার মোড়ে শিল্প প্রতিষ্ঠান পিএস গ্রুপের উদ্যোগ ও জমকালো আয়োজনের মাধ্যমে মেগা এই বিনোদন কেন্দ্রটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

প্রায় ১২ হাজার বর্গফুট আয়তনের এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি উদ্বোধন করেন দেশবরেণ্য চিকিৎসক প্রফেসর ড. ওমর আলী। উদ্বোধনের পরপরই পুরো কেন্দ্রটি শিশুদের উচ্ছ্বাস আর কলকাকলিতে মুখর হয়ে ওঠে। শিশুদের আনন্দের খোরাক জোগাতে এতে সাজানো হয়েছে সেফটি ম্যাট, বল পিট ও স্লাইডসহ নানা ধরনের আধুনিক ও ঝুঁকিমুক্ত খেলার জোন। যেখানে প্রতিটি শিশু দক্ষ সুপারভাইজারদের তত্ত্বাবধানে নিরাপদে খেলাধুলা করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. ওমর আলী বলেন, "যান্ত্রিক জীবন ও শহরের সীমাবদ্ধতার কারণে আমাদের শিশুরা খেলাধুলার সুযোগ পাচ্ছে না। ফলে তাদের শারীরিক ও মানসিক বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। 'পিএস ডিজনিল্যান্ড প্লে-গ্রাউন্ড' শিশুদের সেই একঘেয়েমি কাটিয়ে উঠতে এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরিতে বড় ভূমিকা রাখবে।"

পাবনা শহরে এমন একটি আধুনিক বিনোদন কেন্দ্র চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। উদ্বোধনী আয়োজনে আসা রেহানা পারভীন ও প্রথমা সহ কয়েকজন অভিভাবক বলেন, "পাবনায় শিশুদের নিয়ে নিরাপদে ঘুরে আসার মতো ভালো কোনো জায়গা ছিল না। বাচ্চারা সারাক্ষণ হয় মোবাইল স্ক্রিনে থাকত, না হয় টিভি দেখত। এমন সুন্দর ও নিরাপদ পরিবেশে বাচ্চারা খেলতে পারবে ভেবে খুব ভালো লাগছে।"

পিএস গ্রুপের চেয়ারম্যান জাহিদ হোসাইন পান্না জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততায় বন্দি শিশুদের একটু মুক্ত আনন্দ দিতেই তাদের এই আয়োজন। শিশুদের পাশাপাশি অভিভাবকদের সুবিধার কথাও মাথায় রাখা হয়েছে। প্লে-গ্রাউন্ডটিতে প্রবেশ ও রাইড উপভোগের জন্য শিশুদের প্যাকেজমূল্য ৩২০ টাকা এবং অভিভাবকদের জন্য ১২০ টাকার প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজের আওতায় শিশুরা বিভিন্ন রাইড ও সংশ্লিষ্ট উপযোগে দুই ঘন্টার খেলাধুলা ও বিনোদনের সুযোগ পাবে। দর্শনার্থী ও শিশুদের জন্য প্লে-গ্রাউন্ডটি প্রতিদিন দুপুর ২টা থেকে থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, সাবেক সম্পাদক উৎপল মীর্জা, রোটারিয়ান জালাল উদ্দিন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান রাসেল ও রিজভী জয় প্রমুখ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বৈশাখী টেলিভিশনের পাবনা প্রতিনিধি মিজানুর রহমান।

Address

দৈনিক খবর বাংলা, ঘোড়া স্ট্যান্ড, পাবনা, বাংলাদেশ।
Pabna

Telephone

+8801714256241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Khaborbangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share