Dainik Chalanbeel

Dainik Chalanbeel Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dainik Chalanbeel, Media/News Company, Ziro Point, Chatmohar, Pabna.
(1)

চলনবিল অঞ্চলের মানুষের খবর সবার আগে সব সময়।

সম্পাদক, রকিবুর রহমান টুকুন
বার্তা প্রেস পাবনা থেকে মুদ্রিত হয়ে চাটমোহর পাবনা থেকে প্রকাশিত।

সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
জিরোপয়েন্ট (শব্দ খোঁয়াড়) চাটমোহর,পাবনা-৬৬৩০
মুঠোফোনঃ ০১৭১৫০১১২১৬ রকিবুর রহমান টুকুন সম্পাদিত চলনবিলাঞ্চল থেকে (শব্দ খোঁয়াড়, জিরোপয়েন্ট,চাটমোহর,পাবনা) প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র। বিগত ইংরেজী ২৭/১১/২০০৮ তারিখ হতে চাটমোহর তথা চলনবিল অঞ্চলের মানুষের সমস্যার কথা বলে আসছে। বর্তমানে পাবনা জেলার প্রচার সংখ্যায় দৈনিক চলনবিল ২য় অবস্থানে রয়েছে। দৈনিক চলনবিল পরিবার সুদক্ষ, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন তরুন সাংবাদিক পত্রিকাটিকে নতুন রুপে আর সর্বশেষ সংবাদ সবার আগে প্রকাশের প্রতিজ্ঞা বদ্ধ।

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)ফলোআপটাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩পাবনা অফিসপাবনার সাঁথিয়া উপজেলার...
13/09/2026

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)
ফলোআপ
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা ; গ্রেপ্তার ৩

পাবনা অফিস
পাবনার সাঁথিয়া উপজেলার পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজ (৫৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, ব্যবসার টাকা ছিনিয়ে নিতেই আজিজকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার আবু আশ্রাফ।

গ্রেপ্তারকৃতরা হলো, সাঁথিয়া উপজেলার ডাঙ্গা মাজগ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মনসুর আলীর (৩৪), আবু সামাদ প্রামাণিকের ছেলে সেলিম প্রামাণিক (৪০) ও হুমিস আলী মোল্লার ছেলে আকাশ মোল্লা (২৯)। তারা নিহত আব্দুল আজিজের প্রতিবেশী।

পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, গত ৭ সেপ্টেম্বর সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে পেঁয়াজ ব্যবসায়ী আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। অবিবাহিত হওয়ায় ব্যবসার টাকা সাধারণত নিজের কাছেই রাখতেন। এ বিষয়টি তার প্রতিবেশীদের কয়েকজন জানতেন।

পুলিশের তদন্তে উঠে এসেছে, আজিজের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই ৭ সেপ্টেম্বর রাতে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ পুকুরে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে সাঁথিয়া থানায় হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ১১, তারিখ ০৯/০৯/২০২৬। ময়নাতদন্তের সময় মৃতের গলায় কাটা দাগ এবং পিঠ ও ঘাড়ে ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন পাওয়া যায়।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন কৌশল অবলম্বন করে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রথমে সেলিম হোসেন ও মনসুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে সেলিম ও মনসুর হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সাঁথিয়ার ডাঙ্গা মাজগ্রামের নিজ বাড়ি থেকে আকাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, হত্যার পর আজিজের কাছ থেকে নেওয়া টাকা আসামিরা নিজেদের মধ্যে ভাগ করে নেন। গ্রেপ্তার সেলিমের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সেলিম ও মনসুর প্রত্যেকে ৬ হাজার টাকা এবং আকাশ ৪ হাজার টাকা করে পেয়েছেন বলে স্বীকার করেছেন।

এ ঘটনায় রেজাউল করিম বাঘা নামের আরও একজন আসামি পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বা সংশ্লিষ্ট অন্যান্য আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
#
ক্যাপশন : ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : নিজস্ব
#হত্যা
#রহস্য
#উন্মোচন
#পুলিশ

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: ফারজানা শারমিন পুতুলপাবনা অফি...
13/09/2026

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)
ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না: ফারজানা শারমিন পুতুল

পাবনা অফিস
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দলকে শক্তিশালী করতে হবে। এর দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা যদি একতাবদ্ধ হয়ে থাকতে পারি, তাহলে কোনো ফ্যাসিবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। এজন্য দলীয়ভাবে আমাদের ভীতকে শক্তিশালী করতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে পাবনা শিল্পকলা একাডেমিতে পাবনা জেলা বিএনপির আয়োজনে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পাবনার দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুল বলেন, পাবনার যতো সমস্যাই থাকুক না কেন, পাবনা যে নেতৃবৃন্দরা রয়েছেন সকলের সম্মিলিত প্রচেষ্টা সব সমস্যার সমাধান করে দেবে। পাবনাবাসীর সকল চাওয়া পাওয়া সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।

জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।

উন্নয়নসহ সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয় করার জন্য পাবনার দায়িত্ব পাওয়ায় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন‌ পুতুলকে ফুলেল শুভেচ্ছা দেন পাবনা জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
#
ক্যাপশন : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল কে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি নেতারা। রবিবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে। ছবি : নিজস্ব।
#প্রতিমন্ত্রী
#বিএনপি
#উন্নয়ন
#কার্যক্রম
#পাবনা

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপিপাবনা ...
13/09/2026

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)
পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি

পাবনা অফিস
পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এবং জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা।

মানববন্ধন থেকে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলামকে ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের আল্টিমেটাম দেন সাংবাদিকরা। না হলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ডিবি কার্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ ও নিরাপত্তা সংবলিত স্থানে একজন নারীকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে পাবনা প্রেসক্লারেবর সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে সাজানো ভিডিও ধারণ এবং তা ব্যবহার করে অপপ্রচার চালানো ন্যাক্কারজনক। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একজন সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও সাজানো তথ্য প্রচার স্বাধীন সাংবাদিকতার হুমকিস্বরূপ। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে পাবনা ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার সহ তিনি ও তার দোসরদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আল্টিমেটাম দেন সাংবাদিক নেতারা। না হলে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারি করেন বক্তারা।

পাবনা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক পাভেল মৃধার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, সাবেক সভাপতি ও এনটিভি-সমকালের স্টাফ রিপোর্টার এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, একুশে টিভি মানব জমিনের সটাফ রিপোর্টার রাজিউর রহমান রুমী, বাংলাদেশ টুডে প্রতিনিধি আব্দুল হামিদ খান, জিকে সাদী, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, প্রথম আলো প্রতিনিধি সরোয়ার মোর্শেদ উল্লাস, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি কাজী বাবলা, এটিএন নিউজ ও আগামীর সময় প্রতিনিধি রিজভী জয়, ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন পাবনার সভাপতি জিয়াউল হক রিপন, বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি পাবনার সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। এ সময় প্রায় শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

পাবনা প্রেসক্লাবের নেতারা বলেন, সাম্প্রতিক সময়ে সাংবাদিক নামধারী একটি কুচক্রী মহল পাবনা প্রেসক্লাবের বিপরীতে প্রায় একই নামে সংগঠন খুলে মাদক ব্যবসা, জমি দখল, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। মূলধারার সংবাদকর্মীরা জেলা আইনশৃঙ্খলা কমিটিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এসব অপতৎপরতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। এতে ক্ষিপ্ত হয়ে চক্রটি কতিপয় অসাধু রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তার সহায়তায় এক তরুণীকে ব্যবহার করে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে একটি সাজানো নাটকের আশ্রয় নেয়।

মানববন্ধন শেষে ডিবির ওসি রাশেদুল ইসলামকে প্রত্যাহার সহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে পাবনা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন সাংবাদিক নেতারা। আর তার অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিআইজি রাজশাহী ও পাবনার জেলা প্রশাসককে।

এদিকে এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) ভুক্তভোগী তরুণী নাফিসা তার নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বীকার করেন যে, সুবর্ণা হালিম নামের এক নারী নেত্রী তাকে জিম্মি করে প্রেসক্লাব সম্পাদত জহুরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করেন। পরবর্তীতে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে মা-বাবার উপস্থিতিতে সোহেল রানা বিপ্লব নামে এক কথিত সাংবাদিক এই সাজানো বক্তব্য ভিডিও ধারণ করেন। নাফিসা ইতোমধ্যেই লিখিতভাবে থানায় দেওয়া মিথ্যা অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

এ ব্যাপারে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশেদুল ইসলাম বলেন, ভিকটিম পরিবার আতঙ্কিত হয়ে আমাদের কাছে সহায়তা চেয়েছিল। তাদের উদ্ধার করে আমাদের হেফাজতে এনেছিলাম আইনগত সহায়তা দেওয়ার জন্য। সেখানে কথা বলার একপর্যায়ে কেউ হয়তো ভিডিও করেছে।

পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। কমিটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
#
ক্যাপশন : পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেন সাংবাদিকরা। রবিবার সকালে পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে। ছবি : নিজস্ব।
#মানববন্ধন
#অপপ্রচার
#প্রতিবাদ
#পাবনা

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার) চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বদলিবিশেষ প্রতিবেদক পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশ...
13/09/2026

দৈনিক চলনবিল (১৩/০৯/২৬ রবিবার)
চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বদলি

বিশেষ প্রতিবেদক
পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ফয়সাল মাহমুদকে বদলি করা হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোসাম্মাৎ খাদিজা খাতুন স্বাক্ষরিত ০৫.৪৩.০০০০.০০০.০১১.০১.০০০১.২৫.২৬৪ স্মারকে ফয়সাল মাহমুদকে বগুড়া জেলার গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৫ অক্টোবর তিনি পদোন্নতি পেয়ে চাটমোহরের এসিল্যান্ড হিসেবে যোগদান করেন।
ফয়সাল মাহমুদের জন্ম ঢাকায়। তিনি ৪০ তম বিসিএস’র কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন।

ইতোপূর্বে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আর এম শাখা, ভিপি শাখা, তথ্য ও অভিযোগ শাখা শাখা, উন্নয়ন ও পর্যটন সেল কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেন।



উল্লেখ্য, চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান শাকিল পদোন্নতি পেয়ে সম্প্রতি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছেন। ফয়সাল মাহমুদ সদ্য বিদায়ী মো. মেহেদী হাসান শাকিলের স্থলাভিষিক্ত ছিলেন।

#সহকারীকমিশনার
#এসিল্যান্ড
#বদলি
#ভূমিমন্ত্রণালয়
#চাটমোহর

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার) বারেক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ দুই আসামি গ্রেপ্তার চাটমোহরেচলনবিল ডেস্কপাবনার চাটমোহর...
12/09/2026

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার)
বারেক হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ দুই আসামি গ্রেপ্তার চাটমোহরে

চলনবিল ডেস্ক
পাবনার চাটমোহরে চাঞ্চল্যকর আব্দুল বারেক ওরফে বারেক (৩৬) হত্যা মামলার এজাহারভুক্ত ১ ও ৬ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সিপিসি-২ পাবনা।

গ্রেপ্তার দুজন হলেন চাটমোহর উপজেলার সাজনাই দক্ষিণপাড়া গ্রামের মোছা. রেশমা খাতুন (৩০) ও তার স্বামী মো. রবি মোল্লা (৪২)। রেশমা খাতুন মামলার ৬ নম্বর এবং রবি মোল্লা ১ নম্বর এজাহারভুক্ত আসামি।

র‌্যাব জানায়, র‌্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার আরামবাড়ীয়া বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার একটি দল। অভিযানে হত্যা মামলার ৬ নম্বর আসামি রেশমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। এর আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে ঈশ্বরদীর ভাদুর বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে একই মামলার ১ নম্বর আসামি রবি মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক ২টার দিকে চাটমোহর উপজেলার পাশডাঙ্গা ইউনিয়নের সাজনাই এলাকায় রবি মোল্লার বাড়ির সামনে পাকা সড়কের ওপর পূর্বশত্রুতার জেরে আব্দুল বারেককে হামলা করা হয়। এ সময় এজাহারনামীয় আসামিরাসহ কয়েকজন তাকে লোহার রড, কাঠের খাইটা, কাঠের বাটাম ও বাঁশ দিয়ে মারধর করেন। এতে আব্দুল বারেক নিহত হন।

এ ঘটনায় নিহতের চাচা ওয়াহাব আলী প্রামাণিক (৫৩) বাদী হয়ে চাটমোহর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রবি মোল্লা ও রেশমা খাতুনসহ মোট ১০ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।

গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে চাটমোহর থানার মামলা নম্বর-০২। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

#হত্যাকাণ্ড
#গ্রেফতার
#আসামি
#পুলিশ
#র‌্যাব
#চাটমোহর

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার) চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবিশেষ প্রতিবেদক ডেঙ্গু প্রতিরো...
12/09/2026

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার)
চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিবেদক
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরেও শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান'

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু হয়।

চাটমোহর থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির উদ্বোধনে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হুমায়ুন কবির, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, প্রধান শিক্ষক খুরশিদ আলম মিলন, কাজী রবিউল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তীসহ পৌরসভার পরিছন্নকর্মীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হবে।
অভিযানের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হবে।

#ডেঙ্গু
#প্রতিরোধ
#পরিছন্নতা
#সচেতনতা
#চাটমোহরউপজেলাপ্রশাসন

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার) পদ্ম-শাপলার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে চাটমোহরের ‘পদ্মবিল’রকিবুর রহমান টুকুনপাবনার চাটমোহর...
12/09/2026

দৈনিক চলনবিল (১২/০৯/২৬ শনিবার)
পদ্ম-শাপলার সৌন্দর্যে মুগ্ধতা ছড়াচ্ছে চাটমোহরের ‘পদ্মবিল’

রকিবুর রহমান টুকুন
পাবনার চাটমোহর উপজেলার ডিকশির বিল এখন সবার কাছে ‘পদ্মবিল’ হিসেবে বিশেষভাবে পরিচিত। বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে এখানে পর্যটকদের আনাগোনাও বহুগুণ বেড়ে যায়। জেলার প্রধান বিল চলনবিল হলেও ইতোমধ্যে পদ্মবিল হিসেবে দারুণ সুখ্যাতি অর্জন করেছে পার্শ্বডাঙ্গা ও ফৈলজানা ইউনিয়নের মধ্যবর্তী এই ডিকশির বিল।

ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ বিলের রূপও পাল্টায়। কখনো জলাধার, কখনো পাখির কলরব, কখনো আবার বিস্তীর্ণ মাঠজুড়ে ফসলের সমারোহ—সব মিলিয়ে বর্ষায় পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠে ডিকশির বিল।

এ বছর পর্যাপ্ত পানি না আসায় বিস্তৃত এ বিল কানায় কানায় পানিতে পরিপূর্ণ হতে পারেনি। তারপরও ১৫ গ্রাম ঘিরে সুবিস্তৃত বিলে প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠছে পদ্ম-শাপলা-শালুক।

ফুটন্ত পদ্ম, বাড়ন্ত শাপলা আর শালুকের সমারোহে এক নয়নাভিরাম সৌন্দর্যের মেলা বসেছে ডিকশির বিলে। প্রকৃতির এ অপার সৌন্দর্য উপভোগ করতে দূরদূরান্ত থেকে প্রতিদিন আসছেন সৌন্দর্য পিপাসুরা। বিলকে ঘিরে সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতি বছর বর্ষার সময় বিলে ১৫ ফুট থেকে ২৫ ফুট পানি থাকে। বিল পাড়ের মানুষ রাস্তা থেকেই নৌকায় উঠেন।

ডিকশির বিল পাড়ের বাসিন্দা মাঝি আমজাদ হোসেন বলেন, 'এ বছর বিলের বিভিন্ন স্থানে ৭-১০ ফুট উচ্চতায় পানি আছে'।

তিনি জানান, পানি যতটুকুই থাকুক না কেন, বিল জুড়ে শোভা পাচ্ছে পদ্ম-শাপলা-শালুক। স্থানীয়রা কাগজে ডিকসি বিলটিকে 'পদ্ম বিল' বলে ডাকছেন।

স্থানীয় বাসিন্দা শামীম বলেন, 'প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পদ্ম বিলে আসছেন। নৌকায় বিল ঘুরে দেখছেন।'

বিলের পাড়ে আসার রাস্তার অবস্থা নাজুক হওয়ায় অনেকের ইচ্ছা থাকলেও কাদা পানি মাড়িয়ে বিলে আসতে সমস্যায় পড়তে হয়।

কুষ্টিয়া থেকে পদ্মবিলে ঘুরতে আসা কলেজ শিক্ষক শরিফ শাহরিয়ার জানান, 'বন্ধুদের কাছে গল্প শুনে পদ্ম বিল দেখতে এলাম। চোখ জুড়িয়ে গেছে। প্রকৃতির এক অপরূপ মেল বন্ধন এই পদ্মবিল'।

শরীফ শাহরিয়ারের মতো অনেকেই প্রতিদিন আসে পদ্মবিল দেখতে। কেউ পরিবার নিয়ে আসে, কেউ বন্ধু-বান্ধব নিয়ে আসে। আসেন অনেক ব্লগার। তবে শুক্র এবং শনিবারে পর্যটকদের আনাগোনা বেড়ে যায়।

যাতায়াতের রাস্তা উন্নত হলে এবং ভ্রমণের সুব্যবস্থা থাকলে বিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে পরিবার-পরিজন নিয়ে আরও অনেকেই আসতেন বলে মন্তব্য করেন দায়িত্বশীল মহল।

ফৈলজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, 'চাটমোহর উপজেলার ফৈলজানা ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ১৫ গ্রাম জুড়ে ডিকশির বিলটি পাবনার অন্যতম প্রধান বিলাঞ্চল।'

তিনি আরও বলেন, 'বিল পাড়ের মানুষ শুকনো মৌসুমে ফসলের আবাদ আর বর্ষায় মাছ ধরে জীবন বাঁচান। সৌন্দর্য উপভোগ করতে বিলে নৌকা ভ্রমণ বেশ আনন্দের বিষয়।'

বছরে ৪ মাস ডিকশির বিলে পানি থাকে উল্লেখ করে কয়েকজন পরিবেশবাদী জানান, সে সময় বিলের প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে সেখানে পর্যটনের ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। সেক্ষেত্রে সরকারের জোরালো নজরদারি প্রয়োজন।

#প্রকৃতি
#সৌন্দর্য
#পদ্মবিল
#শাপলাবিল
#পর্যটন
#পর্যটক
#ভ্রমণ
#ডিকসিরবিল
#চাটমোহর



দৈনিক চলনবিল (১১/০৯/২৬ শুক্রবার)মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুরপাবনা অফিস পাবনা সদর উপজেলায় মাঠে জমে ...
11/09/2026

দৈনিক চলনবিল (১১/০৯/২৬ শুক্রবার)
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

পাবনা অফিস
পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিন শিশু হলো, দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় প্রথমে একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিন শিশুর মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
#
ক্যাপশন : পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পেয়ে উৎসুক জনতার ভিড়। ছবি : সংগৃহীত।
#মৃত্যু
#শিশু
#পানিতেডুবে
#পাবনা

দৈনিক চলনবিল (১১/০৯/২৬ শুক্রবার) জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতচলনবিল ডেস্ক পাব...
11/09/2026

দৈনিক চলনবিল (১১/০৯/২৬ শুক্রবার)
জেলা পুলিশের মাস্টার প্যারেড কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চলনবিল ডেস্ক
পাবনা জেলা পুলিশের মাস্টার প্যারেড বৃস্হপতিবার সকাল আটটায় অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার আবু আশ্রাফ। জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন। প্যারেড অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে শৃঙ্খলা মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য আহ্বান জানান। মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) সাদিক আহমেদ। এরপরে, সকাল দশটায় পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন। এবং ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন পুলিশ সুপার আবু আশ্রাফ। বেলা বারোটায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার আইন শৃঙ্খলা সংক্রান্তে পুলিশ সুপার জেলার সকল সিনিয়র কর্মকর্তা, অফিসার ইনচার্জগন, তদন্ত কেন্দ্র / ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এবং আগস্ট মাসের ওয়ারেন্ট তামিল,অস্ত্র উদ্ধার আসামি গ্রেপ্তার, শ্রেষ্ঠ অফিসার, শ্রেষ্ঠ থানার স্বীকৃতি স্বরূপ অফিসার ও ফোর্সদেরকে নগদ অর্থ প্রদান করেন। এসময় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জগন ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#পুলিশ
#সভা
#পাবনা
#পুলিশসুপার

দৈনিক চলনবিল (১০/০৯/২৬ বৃহস্পতিবার) জন্মের পর থেকেই এই বিরল ব্যাধি নিয়ে লড়ছেন রিফাতচলনবিল সংবাদদাতা, পাবনাপ্রকৃতির নিষ্ঠ...
10/09/2026

দৈনিক চলনবিল (১০/০৯/২৬ বৃহস্পতিবার)
জন্মের পর থেকেই এই বিরল ব্যাধি নিয়ে লড়ছেন রিফাত

চলনবিল সংবাদদাতা, পাবনা
প্রকৃতির নিষ্ঠুর নিয়মে বিরল রোগে আক্রান্ত পাবনার এক তরুণ। জন্মের পর থেকেই বুক নয়, তার হৃদযন্ত্র স্পন্দিত হচ্ছে শরীরের বাইরে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সেকেন্ডারি পলিসাইথেমিয়া নামের এই রোগে মৃত্যুপথযাত্রী রিফাতের স্বাভাবিক জীবনে ফেরার একমাত্র উপায় প্রায় ৩০ লাখ টাকার এক জটিল অপারেশন। কিন্তু ভিটেমাটি বিক্রি করেও চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে দিশেহারা পরিবারের প্রত্যাশা সমাজের একটুখানি সহানুভূতি, আন্তরিক সহযোগিতা।

বয়স মাত্র ২০ বছর। যে বয়সে চোখে থাকার কথা রঙিন স্বপ্ন আর অদম্য প্রাণশক্তি, সেখানে বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করাই যেন রিফাতের প্রতিদিনের বাস্তবতা। পাবনার রাজাপুর গ্রামের এই তরুণের জন্মগত এক বিরল শারীরিক জটিলতা- হৃদযন্ত্রটি বুকের স্বাভাবিক কাঠামোর ভেতরে নয়, আটকে আছে শরীরের একেবারে বাইরে।
জন্মের পর থেকেই এই বিরল ব্যাধি নিয়ে লড়ছেন রিফাত। শারীরিক অসুস্থতার কারণে অষ্টম শ্রেণির পর আর এগোয়নি লেখাপড়া। গত তিন মাস ধরে অবস্থা আরও আশঙ্কাজনক। এখন আর উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই, শয্যাশায়ী হয়ে কাটছে প্রতিটি মুহূর্ত হাসপাতাল পেশায় ভ্যানচালক বাবা বাচ্চু প্রামাণিক গত ২০ বছর ধরে সাধ্যের সবটুকু দিয়ে সন্তানের চিকিৎসা চালিয়েছেন। কিন্তু বর্তমানে এই বিরল রোগের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন অন্তত ৩০ লাখ টাকা যা এই নিঃস্ব পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব। চিকিৎসকরা বলছেন, দ্রুত অস্ত্রোপচার করা গেলে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে রিফাত। তবে তার জন্য প্রয়োজন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষদের বাড়িয়ে দেওয়া একটুখানি মানবিক হাত। সামান্য সহানুভূতিই পারে একটি তাজা প্রাণকে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচাতে, ফিরিয়ে দিতে তার হাসি।
সাহায্য পাঠানোর ঠিকানা:
নগদ: ০১৩০১৫৬৬৪০৫
বিকাশ: ০১৩৫৪৭৬২৩৯৪
(রিফাতের চিকিৎসার জন্য সরাসরি সাহায্য পাঠানো যাবে এই নম্বরগুলোতে)

#সাহায্য #সহায়তা
#দুরারোগ্য #ব্যাধি
#মানবিক
#আবেদন
#পাবনা

Address

Ziro Point, Chatmohar
Pabna
6630

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Chalanbeel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Chalanbeel:

Shortcuts

Share