03/03/2023
তিন বন্ধু ছিল যারা একটা হোটেলের ৭৫ তলায় তিনটি রুম নিয়েছিল। হোটেলের নিয়ম এরকম ছিল যে, দশটার পর যদি আসেন, তাহলে লিফট বন্ধ হয়ে যাবে। তখন আপনাকে সিঁড়ি দিয়ে আপনার রুমে যেতে হবে। একদিন তিন বন্ধুরই আসতে দেরি হয়ে গেল। এখন যেহেতু তাদের সিঁড়ি দিয়ে যাওয়া লাগবে, তাই তিন বন্ধু মিলে প্ল্যান করল তারা তিনজন গল্প গুজব করতে করতে যাবে। প্রথম বন্ধু বলল সে প্রথম পঁচিশ তলা পর্যন্ত হাসি, মজার গল্প আর জোকস শোনাবে, ফলে সময় কেটে যাবে। দ্বিতীয় বন্ধু বলল সে পরবর্তী পঁচিশ তলা পর্যন্ত বিভিন্ন প্রফেশনাল টিপস এবং জীবনে চলার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ দিবে। তৃতীয় বন্ধু বলল সে শেষ পঁচিশ তলা পর্যন্ত জীবনের বিভিন্ন দুঃখভরা কবিতা, গল্প, কাহিনী শোনাবে।
তো প্রথম বন্ধু প্রথম পঁচিশ তলা বিভিন্ন হাসি মজা করলো এবং জোকস শোনালো। প্রথম পঁচিশ তলা তারা সহজে অতিক্রম করল। তারপরে দ্বিতীয় বন্ধু বিভিন্ন লাইফ হ্যাকস, প্রফেশনাল টিপস, জীবনে কীভাবে সফল হওয়া যায়, সে বিষয়ে টিপস এবং জীবনে চলার জন্য অনেক গুরুত্বপূর্ণ উপদেশ দিল। এভাবে তারা পঞ্চাশ তলা পর্যন্ত পার হয়ে গেল। এবার তৃতীয় বন্ধুটির পালা। সে মানুষের জীবনের বিভিন্ন দুঃখ ভরা কাহিনী শোনাতে লাগল।
দেখতে দেখতে তারা পচাত্তরতম তলায় এসে তাদের রুমের সামনে এসে দাঁড়ালো। এখন তৃতীয় বন্ধুটি বাকি দুই বন্ধুকে বলল, “জানো! আমার জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা কী?” বাকি দুই বন্ধু জানতে চাইল, “কী?”
তৃতীয় বন্ধুটি বলল, “আমি চাবি নিচে ভুলে রেখে এসেছি।”
এই গল্প থেকে আমাদের জন্য শিক্ষনীয় বিষয় হচ্ছে আমাদের জীবনটা আমরা কীভাবে কাটাব, সেটা আমাদের জানতে হবে। জীবনের প্রথম পঁচিশ বছর হাসি মজা করে কাটিয়ে দিই। না দ্বীন মেনে চলি, না বাবা-মার কথা শুনি। তার পরবর্তী পঁচিশ বছর মানুষ সিরিয়াস হয়ে যায়। টাকা-পয়সা কীভাবে কামানো যায়, কীভাবে সফল হওয়া যায় সেগুলো নিয়েই সে ব্যস্ত থাকে। তার পরের পঁচিশ বছর সে দুঃখ, অনুতাপ নিয়ে জীবন কাটায়। তার অমুক ছেলে বা মেয়ে তার সাথে এমন করেছে, জীবনে ঐ রকম সুযোগ ছিল কিন্তু করতে পারে নাই ইত্যাদি। কিন্তু দরজাটা যে জিনিস দিয়ে খুলবে, সেটা আপনি শুরুতেই ভুলে এসেছেন। ছোটবেলায় আমাদেরকে যেটা শেখানো হয় নাই যে জীবনটা আমরা কীভাবে কাটাবো। সেটা হচ্ছে দ্বীনের ফালসাফা। এটাই হচ্ছে এই গল্পের মূল শিক্ষা।
বই: চলো পাল্টাই, পৃ : ১৭-১৮
Bookmark Publication
চমৎকার এই বুইটি অর্ডার করে ফেলুন
ওয়াফিলাইফ : https://cutt.ly/H9Vxv2V
রকমারি : https://cutt.ly/C9VxElZ