05/09/2026
দুর্গাপুরকে হারিয়ে মোহনপুরের বিজয়, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যে ঘোষণা দিলেন ভূমিমন্ত্রী
রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে টাইব্রেকার ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে মোহনপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ ও খেলাশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে।
মন্ত্রী খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।
ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে 'ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট' এবং ভবিষ্যতে 'প্রাইম মিনিস্টার গোল্ড কাপ' সহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন অধ্যাপক নজরুল ইসলাম ও মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ।
উল্লেখ্য, গত ২২ আগস্ট শুরু হয়েছিল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার জিতে নেন মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলকিপার হন মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।
তথ্য ও ছবি : সংগৃহীত।