17/10/2025
ঈমান বৃদ্ধির ছোট ছোট কিছু টিপস
ইমান বা বিশ্বাস হলো মুমিনের হৃদয়ের সেই আলো, যা সৎকাজে বাড়ে এবং পাপের দ্বারা কমে যায়। জীবনে যত ব্যস্ততাই থাকুক না কেন ঈমানকে সজীব ও মজবুত রাখা আমাদের সবার জন্যই আবশ্যক। আর এর জন্য প্রয়োজন কিছু ছোট ছোট অভ্যাস।
১. নিয়মিত কুরআন তিলাওয়াত:
ঈমান বৃদ্ধির সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর বাণীকে বোঝা ও তা নিয়ে চিন্তা করা। প্রতিদিন মাত্র ১০ মিনিট অর্থসহ কুরআন পড়ুন। এটি আপনার আত্মার সাথে সরাসরি আল্লাহর সংযোগ স্থাপন করবে। আল্লাহ তা'আলা বলেন, "আর যখন তাদের সামনে তাঁর (আল্লাহর) আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান বেড়ে যায় এবং তারা তাদের প্রতিপালকের ওপর ভরসা করে।" (সূরা আনফাল, ৮:২)
২. একাগ্রতার সাথে নামাজ আদায়:
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ হলো ঈমানের মূল ভিত্তি। সালাতের সময় অন্যান্য সব চিন্তা বাদ দিয়ে শুধু আল্লাহর দিকে মনোযোগ দিন। তাড়াহুড়ো না করে স্থিরভাবে রুকু ও সিজদা করুন। সালাতের জন্য সময়মতো প্রস্তুতি নেওয়া এবং ধীরে-সুস্থে আদায় করাই ইমানের বড় পরিচর্যা। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করো, যেমনভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ।" (সহীহ বুখারী, হাদিস: ৬৩১)
৩. পাপ বর্জনের চেষ্টা ও বেশি বেশি ইস্তিগফার
পাপকে দুর্বল করে। আমাদের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুলের উপর জিদ না করে দ্রুত ফিরে আসা দরকার। নিয়মিত 'আস্তাগফিরুল্লাহ' (আমি আল্লাহর কাছে ক্ষমা চাই) পাঠ করাও অন্তরকে পরিশুদ্ধ করে। আল্লাহ তা'আলা বলেন, "জেনে রেখো, আল্লাহর যিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়।" (সূরা আর-রা'দ, ১৩:২৮)
৪. ছোট ছোট সৎকর্মে লেগে থাকা:
হুটহাট বড় আমলের চেয়ে ছোট আমলের ধারাবাহিকতা আল্লাহর কাছে অধিক প্রিয়। রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস দেখলে তা সরিয়ে দিন, যা ইমানের একটি অংশ। কারো সাথে ভালো ব্যবহার করা, বা প্রতিদিন অল্প কিছু দান করা—এইগুলোই ইমানকে দৃঢ় করে। রাসূলুল্লাহ (সা.) বলেন, "ঈমানের... সর্বনিম্ন শাখা হলো, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। আর লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।" (সহীহ মুসলিম, হাদিস: ৩৫)
৫.অবিচলতা ও আশা
ঈমান কখনো বাড়ে, কখনো কমে। যখনই ঈমানের দুর্বলতা অনুভব করবেন, তখনই নিজেকে আল্লাহর দিকে ফিরিয়ে নিন। এই ছোট ছোট আমলগুলোর মাধ্যমেই আপনি আল্লাহর কাছে অবিচল থাকার তাওফীক চাইতে পারেন, যা জান্নাতের পথ সুগম করে।
আল্লাহ তায়ালা বলেন, "নিশ্চয় যারা বলে, ‘আমাদের প্রতিপালক আল্লাহ’, অতঃপর তার ওপর অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়..." (সূরা ফুসসিলাত, ৪১:৩০)