Banglar Mukul

Banglar Mukul সর্বদা সত্যের পথে, সত্য প্রকাশের অঙ্গিকার,
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক :
এ কে এম মিজানুর রহমান মুকুল ।
01677858154

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তারস্টাফ রিপোর্টার :লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পূর্ববিরোধে...
30/08/2026

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে রিয়াদ (১২) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল ২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর থানাধীন ৪নং চর রোহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা গ্রামের নানু মাঝি বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই এলাকার সাহেদ হোসেনের ছেলে।

অভিযোগ অনুযায়ী, মাদকাসক্ত রুবেল ও রিয়াদের মধ্যে পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে রিয়াদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদের মৃত্যু হয়।

পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং-৬৭/৪৬৭, তারিখ ৩০ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেন।

মামলার পর লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী'র তত্ত্বাবধানে লক্ষ্মীপুর মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রুবেলকে (৩৫) গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবাররামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়ারামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি...
29/08/2026

মামলার ভয়ে মুখ খুলছেনা বাড়ির ৩৫ পরিবার
রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রেজিয়া আক্তার। তিনি সাবেক সেনা কর্মকর্তা ওয়াজী উল্ল্যা মোল্যার স্ত্রী। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পুত্রবধূর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রেজিয়া আক্তারের অভিযোগ, পুত্রবধূর ভয়ে মোল্যা বাড়ির প্রায় ৩৫টি পরিবারও প্রকাশ্যে মুখ খুলতে সাহস করছে না। কেউ তার পক্ষে কথা বললে কিংবা ঘটনার বিষয়ে সাক্ষ্য দিলে মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয়। এরই ধারাবাহিকতায় বাড়ির ছিদ্দিক উল্যা নামে এক প্রবাসীকে মিথ্যে মামলা দিয়ে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার পশ্চিম টামটা-তুলাতলি মোল্যা বাড়ির সাবেক সেনা কর্মকর্তা মোঃ ওয়াজী উল্যার ছোট ছেলে আমজাদ হোসেন সোহাগের সঙ্গে পার্শ্ববর্তী রায়পুর উপজেলার হামছাদী ইউনিয়নের কাপিলাতলী গ্রামের মফিজ বেপারী বাড়ির শাহাজাহানের মেয়ে শাহনাজ আক্তার পিংকির ২০১০ সালে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই ওই পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয় বলে অভিযোগ রয়েছে। ২০১৮ সালে সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ অজিউল্যা মৃত্যুর পর পারিবারিক বিরোধ আরও প্রকট হয় বলে দাবি রেজিয়া আক্তারের। এরপর থেকেই তিনি নিজেকে নানা ধরনের চাপ ও হয়রানির এবং নির্যাতনের মধ্যে রয়েছেন বলে অভিযোগ করেন।
স্থানীয় টামটা মোল্লা বাড়ির মোঃ আসিফ মুনতাসির, প্রবাসী আলমগীর হোসেন ও আনোয়ার হোসেনসহ কয়েকজন জানান, বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে শালিশি বৈঠক ও আলোচনা রয়েছে। তবে মামলা-মোকদ্দমার আশঙ্কায় তারা প্রকাশ্যে বিস্তারিত বলতে চাচ্ছে না।
বৃদ্ধা রেজিয়া আক্তার বলেন, বয়সের ভারে আমি অসহায়। পারিবারিক বিরোধের কারণে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা এবং নির্যাতনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
অভিযুক্ত পুত্রবধু শাহানাজ আক্তার পিংকি জানান, আমার সাথে আমার শাশুড়ির কোন বিরোধ নাই। আমার ভাসুরা মাকে দিয়ে এসব করাচ্ছে। তাদের অত্যাচারে উল্টো নিরাপত্তা হীনতায় আছি। মোল্ল্যা ফাউন্ডেশনের টাকা খেয়ে বাড়ির সব আমার বিরুদ্ধে লাগছে।

রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা, জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময়স্টাফ রিপোর্টার :আনুষ্ঠানিক...
28/08/2026

রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত
সভাপতি-সম্পাদককে সংবর্ধনা,
জন্মাষ্টমী উৎসব সফল করতে মতবিনিময়
স্টাফ রিপোর্টার :
আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না, ছিল না পূর্বনির্ধারিত সংবর্ধনার আয়োজনও। জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা সফল করার লক্ষ্যে চলছিল মতবিনিময় সভা। হঠাৎ করেই নেতৃবৃন্দ ফুলের মালা হাতে এগিয়ে এলেন নবনির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন ভক্ত ও সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়ের দিকে। মুহূর্তেই বদলে গেল সভার পরিবেশ। আলোচনা সভা পরিণত হলো ভালোবাসা, আবেগ আর উচ্ছ্বাসের মিলনমেলায়।
ফুলের মালায় সিক্ত হলেন নতুন নেতৃত্ব। উপস্থিত নেতৃবৃন্দের কণ্ঠে অভিনন্দন, মুখে হাসি আর চোখেমুখে প্রত্যাশার ঝিলিক। আকস্মিক এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। উপস্থিত সবার মধ্যেও সৃষ্টি হয় এক অন্যরকম আনন্দ ও প্রাণচাঞ্চল্য। মনে হলো—এ শুধু ফুলের মালা নয়, নতুন নেতৃত্বের কাঁধে তুলে দেওয়া হলো ভালোবাসা, আস্থা ও দায়িত্বের এক অদৃশ্য ভার।
শুক্রবার (২৮ আগস্ট) রায়পুর উপজেলার কেম্পের হাট এলাকার ঐতিহ্যবাহী স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রম মন্দির প্রাঙ্গণে এ হৃদয়ছোঁয়া মুহূর্তের জন্ম হয়। আসন্ন জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা সফল করার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র নেতা ও স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রম মন্দিরের সভাপতি বাবু শ্রী তপন অধিকারী। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু দিলিপ কুমার বনিক।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন ভক্ত, সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়, স্বামী বিবেকানন্দ স্মৃতি সেবাশ্রম মন্দিরের সাধারণ সম্পাদক প্রফেসর দুলাল কীর্ত্তনীয়া, জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক বাবু শিবু বনিক, সদস্য সচিব সঞ্জয় সাহা অভি, সদস্য বাবু প্রাণ গোপাল মজুমদার, ভূলন বনিক, সঞ্চয় মজুমদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে ধর্ম, ন্যায়, সত্য ও মানবতার চেতনার সঙ্গে গভীরভাবে যুক্ত একটি পবিত্র তিথি। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলা বজায় রেখে উৎসব উদযাপন এবং বর্ণাঢ্য শোভাযাত্রাকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শোভাযাত্রায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন নেতৃবৃন্দ।
তবে আনুষ্ঠানিক আলোচনার চেয়েও বেশি আলোড়ন তোলে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আকস্মিক সংবর্ধনার দৃশ্যটি। ফুলের মালা পরিয়ে যখন তাদের বরণ করে নেওয়া হয়, তখন উপস্থিত অনেকের কণ্ঠেই শোনা যায় শুভেচ্ছা ও অভিনন্দন। মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন। নতুন নেতৃত্বের প্রতি ভালোবাসা ও আস্থার এমন স্বতঃস্ফূর্ত প্রকাশে সভাস্থলে তৈরি হয় উৎসবের আমেজ।
সংবর্ধিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন ভক্ত ও সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার রায় এ ভালোবাসার জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ‘আজ যে ভালোবাসা পেলাম, তা আমাদের জন্য শুধু সম্মান নয়—এটি একটি বড় দায়িত্বেরও স্মারক। এই ভালোবাসা ও আস্থাকে শক্তিতে পরিণত করে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’
তারা আরও বলেন, রায়পুরের সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার, ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নয়, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পূজা উদযাপন পরিষদকে একটি শক্তিশালী ও জনবান্ধব সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সভায় উপস্থিত নেতৃবৃন্দও আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্বের হাত ধরে রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদ আরও গতিশীল হবে। ধর্মীয় উৎসবের পাশাপাশি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একটি সাধারণ মতবিনিময় সভা শেষ পর্যন্ত যে এতটা আবেগ, ভালোবাসা আর প্রত্যাশার মুহূর্ত উপহার দেবে—সম্ভবত উপস্থিত কেউই তা আগে ভাবেননি। জন্মাষ্টমীর প্রস্তুতির সেই সভায় ফুলের মালায় সিক্ত নতুন নেতৃত্ব যেন সেদিন একটি বার্তাই পেলেন—পথচলায় তারা একা নন; পাশে আছে ভালোবাসায় বাঁধা একটি পরিবার।

রামগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ  উদ্ধার রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা আক্তার তন্বী (২৪) নামের ...
28/08/2026

রামগঞ্জে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা আক্তার তন্বী (২৪) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ১নং কাঞ্চনপুর ইউনিয়নের উরিষ্যার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তন্বী ওই বাড়ির তরিকুল ইসলামের মেয়ে।
বাড়ির লোকজন জানান, তন্বী গত বছর ২০২৫ইং সনে স্নাতক পাস করেন। অবিবাহিত তম্বির সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সময় মায়ের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হতো।

বৃহস্পতিবার গভীর রাতে কোন এক সময় তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। পরে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না। এ ঘটনায় আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।

রায়পুরে মেঘনা নদীর বিভিন্ন চরে বুধবার (২৬ আগষ্ট) অভিযান পরিচালনা করে মোট ৮৫ টি চায়না দুয়ারী এবং একটি বেহুন্দী জাল আটক...
26/08/2026

রায়পুরে মেঘনা নদীর বিভিন্ন চরে বুধবার (২৬ আগষ্ট) অভিযান পরিচালনা করে মোট ৮৫ টি চায়না দুয়ারী এবং একটি বেহুন্দী জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করা হয়। পরিবেশের জন্য ক্ষতিকারক চায়না দূয়ারী জাল এবং ড্রেজার যেখানেই থাকবে কঠোর ব্যবস্হা নেয়া হবে।

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা, দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষনুরুল আলম চৌধুরী বাবু :লক্ষ্মীপুর ব্যস্ততম মেঘনা রোড...
26/08/2026

লক্ষ্মীপুর মেঘনা রোডের বেহাল দশা,
দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ

নুরুল আলম চৌধুরী বাবু :
লক্ষ্মীপুর ব্যস্ততম মেঘনা রোড দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে জমে থাকছে পানি ও কাদা। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থী, পথচারী, অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর সংস্কারের উদ্যোগ দেখা যাচ্ছে না। ভাঙা ও গর্তযুক্ত সড়কে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বৃষ্টির সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, মেঘনা রোডের পাশে রয়েছে চারটি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি কলেজ, একটি মাদ্রাসা ও একটি হোমিওপ্যাথিক কলেজ। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী এই সড়ক দিয়ে যাতায়াত করেন। ফলে সড়কের বেহাল অবস্থার কারণে তাদের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ এই সড়কটি শুধু শিক্ষার্থী নয়, এলাকার বিপুলসংখ্যক মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম প্রধান পথ। সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও কাদাপানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, শিশু ও শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি বেশি।

স্থানীয়দের দাবি, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত মেঘনা রোডের সংস্কারকাজ শুরু করা উচিত। একই সঙ্গে সড়কের স্থায়ী সংস্কারের মাধ্যমে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মেঘনা রোড সংস্কারের কার্যকর উদ্যোগ নেবে।

রামগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃরামগঞ্জ  উপজেলার চন্ডিপুর ইউনিয়ন মাছিমপুর ...
26/08/2026

রামগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন মাছিমপুর এলাকার স্কুল মাঠ প্রাঙ্গণেসোমবার (২৪ আগস্ট) বিকেলে মাদক বিরোধী একটি র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিটিতে অংশ গ্রহণকারীরা বিভিন্ন মাদক বিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল মাঠ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি সহেব পাটোয়ারীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি প্রতিনিধি মনোয়ার হোসেন জিএস মনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোরশেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল সহ আরো অনেকে।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি তরুণ ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

রামগঞ্জে তিন মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার - ১৪, আদালতে প্রেরণরামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক অভি...
26/08/2026

রামগঞ্জে তিন মাদক ব্যবসায়ীসহ
গ্রেপ্তার - ১৪, আদালতে প্রেরণ

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ১৪ আসামিকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। পরে তাদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

২৫ আগস্ট রাতে উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের নাগমুদ এলাকার নোয়াবাড়ী কবরস্থানের দক্ষিণ পাশে পুকুরের ঘাটলা থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ সময় নুর মোহাম্মদ প্রকাশ মুন্না (২৩), আবু কাওসার প্রকাশ মুন্না (২৪) ও শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (৫১)কে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর মামলায় ফারুক হোসেন (৩৩), বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আফছারুল রহমান মোমিন প্রকাশ সোহেল, রেহেনা বেগম, সুজন পাটোয়ারী, আলা উদ্দিন ও মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রাসেল প্রকাশ ধইল্যা প্রকাশ সুন্দর (৩২) এবং পুলিশ আইনের ৩৪(৬) ধারায় মো. রাকিব হোসেন প্রকাশ রনি (২৮) ও মো. জসিম উদ্দিন (৪৫)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পৃথক ঘটনায় আরও দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ফয়েজ হোসেন (২০)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আলম (৩৫)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রামগঞ্জ থানা পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানস্টাফ রিপোর্টার :জাতীয় কবি কাজী নজরুল...
26/08/2026

নজরুলের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ উপলক্ষে
সাহিত্য সংসদের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান
স্টাফ রিপোর্টার :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লক্ষ্মীপুর আগমনের শতবর্ষ এবং নজরুল বর্ষ উপলক্ষে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। ২৪ আগস্ট সোমবার বিকেলে অনুষ্ঠানের প্রথম পর্বে লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের প্রতিযোগিতা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নজরুল বিষয়ক আলোচনা, আবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন সাহিত্য সংসদ এর সভাপতি ডা. মো. সালাহ্উদ্দিন শরীফ। প্রধান অতিথি ছিলেন কবি ও নজরুল গবেষক ড. আবু হেনা আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার মনিরুজ্জামান মনির। স্বাগত বক্তব্য দেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। আলোচনায় অংশ নেন স্কুলের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ।
সাহিত্য সংসদের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ড. আবু হেনা আবদুল আউয়াল বলেন, নজরুলের লক্ষ্মীপুর আগমনের ইতিহাস প্রমাণ করে আমাদের পুর্বপুরুষেরা ছিলেন সংস্কৃতিমনা। এ জন্যে আমরা গর্বিত। নজরুল ১৯২৭ সালে নোয়াখালী ও লক্ষ্মীপুর আগমন করেন গণজাগরণ সৃষ্টি করার জন্যে।তিনি আরো বলেন, নজরুল সকল জাতির, সকল ধর্মের। বৃটিশ, পাকিস্তান ও স্বৈরাচার থেকে তিনবার আমরা স্বাধীন হয়েছি নজরুলের সৃষ্টিকর্ম থেকে প্রেরণা নিয়ে। তাছাড়া নজরুল নারীর মুক্তি ও জাগরণের জন্যে বহু গান, কবিতা ও নাটক রচনা করেছেন।
অনুষ্ঠানে আবৃত্তি করেন সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জাকির, বিশেষ সম্পাদক ফুয়াদ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য লায়লা আরজুমন শিউলি , ফারহানা আক্তার দৃষ্টি ও আরাফাত হোসেন বাহার এবং আব্দ আল মুহাইমেন।
স্কলের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল একাডেমি লক্ষ্মীপুর জেলা সভাপতি সেলিম উদ্দিন নিজামী,কাজী ফারুকী কলেজের প্রভাষক আখতার হোসাইন, আদর্শ সামাদ সরকারি উচচ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহমান,বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন, সাহিত্য সংসদ এর প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান, নির্বাহী সদস্য রাকিব হোসেন প্রমুখ।
পরে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্বরচিত কবিতা পাঠে বিজয়ী হন জান্নাতুল মাওয়া তাসনীম, জান্নাতুল তাজরিন মাইশা ও অন্বেষা দেবনাথ।
আবৃত্তিতে বিজয়ীরা হচ্ছেন জাইমু ইসলাম ওহী,অন্বেষা দেবনাথ ও সাবিহা ইসলাম আরফা।
নজরুল সংগীতে বিজয়ী হন ঐশী রানী,অন্বেষা দেবনাথ ও সুমনা আক্তার।

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!বাংলার মুকুল,নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের কমলনগরে প...
26/08/2026

দাতব্য প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সংস্থার টাকায় ‘কোটিপতি’ জাহাঙ্গীর!
বাংলার মুকুল,নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে প্রত্যন্ত এলাকার মানুষের অসহায়ত্ব তুলে ধরে বিভিন্ন চ্যারিটি-সংস্থা থেকে অর্থ হাতিয়ে ‘কোটিপতি’ বনে যাওয়ার অভিযোগ উঠেছে জাহাঙ্গীর আলমের ‘কথিত ব্যবসায়ীর’ বিরুদ্ধে। কাতার চ্যারিটির দেওয়া স্বাস্থ্য কেন্দ্রে এখন তার বাড়ি। অভিযোগ রয়েছে ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে জাহাঙ্গীর ‘মাস্তুল ফাউন্ডেশনের’ নামে হতদরিদ্র মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

অভিযুক্ত জাহাঙ্গীর উপজেলার চরমার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা মো. খবিরের ছেলে। তিনি নিজেকে ব্যবসায়ী দাবি করলেও কি ব্যবসা করেন তা জানাতে পারেননি। তবে তিনি জানিয়েছেন বিভিন্ন সংস্থা থেকে অর্থায়ন নিয়ে গ্রামগঞ্জে মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ করেন তিনি।

অভিযোগ রয়েছে, ২০১৩ সালে ক্যাতার চ্যারিটি থেকে হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে চরমার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনায় জাহাঙ্গীর কাতার চ্যারিটির সঙ্গে যোগাযোগ করেন। পরে স্বাস্থ্যকেন্দ্রের জন্য একটি কক্ষের অংশীদারিত্ব পেতে কাতার চ্যারিটি জাহাঙ্গীরকে ১১ লাখ টাকা দেয়। ঘটনাস্থলে ২ তলা ভবন রয়েছে। সেখানে একটি মাদ্রাসাও রয়েছে। তবে স্বাস্থ্যকেন্দ্রের একটি নামফলক ভবনের সামনে বারান্দার পাশে দেখা গেলেও কোন কার্যক্রম নেই। কাতার চ্যারিটির উদ্দেশ্য ছিল, দুর্গম এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া। কিন্তু এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনোদিন চিকিৎসাসেবা পাননি বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, বাড়িটির একটি অংশ মাদ্রাসা হিসেবে ভাড়া দেওয়া হয়েছে। আরেকটি অংশে বসবাস করছেন জাহাঙ্গীর নিজেই। স্বাস্থ্যকেন্দ্রের অস্তিত্ব জানান দেওয়ার মতো কাতার চ্যারিটির নামফলকটিও এখন ধূসর।

স্থানীয় বাসিন্দা আব্দুল বাতেন বাবুল বলেন, স্বাস্থ্যকেন্দ্র হবে, এলাকার মানুষ চিকিৎসাসেবা পাবে এমন কথা আমরা শুনেছিলাম। কিন্তু বাস্তবে কোনোদিন চিকিৎসক বসতে বা রোগী দেখতে দেখিনি। এলাকার দরিদ্র মানুষকে চিকিৎসার জন্য দূরে যেতে হয়। অথচ এখানে স্বাস্থ্যকেন্দ্রের নামে টাকা নেওয়া হলেও আমরা কোনো সেবা পাইনি। তিনজন চিকিৎসকের জন্য প্রতিমাসে বেতনের টাকা আসে। চিকিৎসকরা তার পরিবারের লোক। একজন হাতুড়ি ডাক্তার মুন্সিগঞ্জ বাজার আব্দুর রহিম, জাহাঙ্গীরের ভাই সোহেল ও আরেকজন তার ভাবি। ওষুধগুলো আবদুর রহিম বাহিরে বিক্রি করে দেন।

নুর মোহাম্মদ ও শফিকুর রহমানসহ স্থানীয় ৫ জন বাসিন্দা জানায়, স্বাস্থ্যকেন্দ্রের নামে বরাদ্দ ও সুযোগ-সুবিধা থাকলেও সাধারণ মানুষ তার কোনো সুফল পাননি। মাস্তুল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাসে অসহায়-দরিদ্র মানুষের কাছ থেকে ১ থেকে দেড় লাখ টাকা করে জাহাঙ্গীর হাতিয়ে নিয়েছে। গত এক বছরে ১ থেকে দেড় কোটি টাকা এভাবে নিয়ে গেছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা ও প্রশাসনের তদন্ত দাবি করেছেন স্থানীয়রা।

অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম বলেন, কাতার চ্যারিটি ১১ লাখ টাকা দিয়ে আমার ভবনের একটি কক্ষের অংশীদারিত্ব নিয়েছে। এখনো সেটা তাদের জন্যই বরাদ্দ আছে। মাঝে মাঝে টিকা কার্যক্রম এখানে পরিচালনা করা হয়। আর কোন সংস্থার নাম দিয়ে কারো কাছ থেকে টাকা নেওয়া ও টাকা আত্মসাতের অভিযোগ সত্য নয়। আমি প্রতিষ্ঠিত পরিবারের ছেলে, ব্যবসায় করি। মুন্সিগঞ্জ বাজারে আমার একটি মার্কেট রয়েছে। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করবো। এজন্য একটি চক্র আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

মাস্তুল ফাউন্ডেশনের লক্ষ্মীপুরের প্রতিনিধি এডভোকেট রাকিব হোসেন তামিম বলেন, জাহাঙ্গীর নামে কাউকে আমরা চিনি না। আর লক্ষ্মীপুরে কাউকে ঘর দেওয়ার কোন উদ্যোগ নেই। কেউ যেন মাস্তুল ফাউন্ডেশনের নাম ভাঙিয়ে কারো কাছ থেকে টাকা নিতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, মাস্তুল ফাউন্ডেশনের নামে টাকা উঠানোর বিষয়টি আমার জানা নেই। তবে কাতার চ্যারিটির স্বাস্থ্য কেন্দ্রের বিষয়টি একজন ইউপি সদস্যের কাছ থেকে জানতে পেরেছি। এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Address

Ramganj Zero Point
Ramganj
3720

Website

Alerts

Be the first to know and let us send you an email when Banglar Mukul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share