30/10/2025
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে,পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্ম❌হত্যা করে। পৃথিবীর কোথাও না কোথাও,প্রতি মুহূর্তেই কেউ নিজের জীবনের ইতি টেনে দিচ্ছে হয়তো চুপচাপ,কারও না জানানো এক যন্ত্রণার ভেতর থেকে।
বেশিরভাগ সময় এই সিদ্ধান্তের পেছনে থাকে এক গভীর নিঃসঙ্গতা। একসময় মানুষ এতটাই একা হয়ে পড়ে যে কথা বলার, মন খুলে হাসার, কিংবা একটু বোঝার মতো মানুষটাও পাশে থাকে না। তখন জীবনের রঙগুলো ধূসর হয়ে যায়,দিন-রাতের পার্থক্য হারিয়ে ফেলে মন। সবচেয়ে ভয়ংকর মুহূর্তটা হলো,যখন কেউ ভেতরে ভেতরে মরে যায়,অথচ বাইরে থেকে এখনো হাসে।
আত্ম❌হত্যা কখনোই তাড়াহুড়োর সিদ্ধান্ত নয়। এটি এক দীর্ঘ সময় ধরে জমে থাকা নিঃশব্দ কষ্টের ফল যেখানে মানুষ চুপচাপ ভেঙে পড়ে,কিন্তু কেউ তা শুনতে পায় না।
তবুও মনে রাখা জরুরি আত্মহত্যা মহাপাপ। জীবন এক আল্লাহপ্রদত্ত দান,আর সেই জীবন কেড়ে নেওয়ার অধিকার কারো নেই নিজেরও না। তবুও,কেউ কেউ এই মহাপাপের পথে চলে যায় বাধ্য হয়ে,অসহায় হয়ে। তাদের মধ্যে অনেকেই শেষ সময়টায় ইঙ্গিত দেয়, ছোট ছোট সংকেত পাঠায়।
আপনি কি খেয়াল করেছেন আপনার আশেপাশে থাকে কিছু মানুষের মুখে এমন কোনো কথা কখনো হঠাৎ বলে,
১। আত্মহত্যা মহাপাপ, নাহ হলে সেই কবে করে ফেলতাম অথবা
মনটা ভালো নেই,একটু দেখা করতে চাই।
২। হঠাৎ বেশ চুপচাপ হয়ে যাওয়া।
৩। কথা শুনতে শুনতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যাওয়া।
৪। হতে পারে তার জীবনের প্রিয় কোনো মানুষের সাথে দেখা করার অথবা তার থেকে কিছুটা সময়,সহানুভূতি অথবা গুরুত্ব পাবার তীব্র আকাঙ্ক্ষা।
৫। একদম শেষের দিকটায় এসে নিজেকে একদম আড়াল করে ফেলা।
৬। দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু পোস্ট এ সুই❌সাইড এর কিছু সাইন রেখে যাওয়া। যেটা হয়ত আপনি খেয়াল করেননি অথবা বিষয়টা একটু ভাবালেও সেটায় আর গুরুত্ব দেননি।
এই কথাগুলো নিছক কৌতুক নয়,এগুলো হলো একটা ক্লান্ত আত্মার শেষ ডাক। তখন তারা হয়তো আপনার কাছে সময় চায়, দেখা করতে চায়,কথা বলতে চায়। কারণ তাদের মনে তখন একটা অদ্ভুত অনুভূতি কাজ করে যেন এই দেখা,এই কথা,এই সময়টাই জীবনের শেষবারের মতো।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে,অপর প্রান্তের মানুষটি সেটা বুঝে ওঠে না। যে মানুষটি হয়তো একবার হাসলে,একবার শুনলে,একবার পাশে দাঁড়ালে একটি জীবন হয়তো বেঁচে যেত সেই মানুষটি বুঝতে পারেনি,এটাই হয়তো শেষ দেখা ছিলো।
তাই খেয়াল করুন আপনার চারপাশে কে কেমন আছে,কে চুপচাপ হয়ে যাচ্ছে,কে হাসছে কিন্তু চোখে হাসি নেই। কারণ,কখনও কখনও একটি ফোন কল,একটি দেখা,একটি সহানুভূতিপূর্ণ কথা অথবা গুরুত্ব একটি জীবন বাঁচিয়ে দিতে পারে।