10/02/2025
বই: দুইশো তেরোর গল্প
লেখিকা: তাসনিয়া আহমেদ
প্রকাশনী: সতীর্থ প্রকাশনা
~ ফ্ল্যাপ থেকে:
"কৈশোর পেরিয়ে তরুণ হয়ে ওঠার টলমলে সময়টায় পড়ার জন্য ঘর ছাড়তে হয় যাদের; তাদের শুরুটা কেমন হয়? এক ঝাঁক অপরিচিত মুখের মধ্যে তারা কি নিজেদেরকে হারিয়ে ফেলে, নাকি সেই অপরিচিত মুখগুলিকেই সবচেয়ে আপন করে নিয়ে জীবনের নতুন ধাপটায় পা রাখে দৃপ্তভাবে?
জীবনের তিক্ত সত্যগুলিকে আবিষ্কার করার ফাঁকে এক পশলা শান্তির বৃষ্টি বয়ে আনা মানুষগুলির সাথে জীবনকে চিনতে পারার গল্পের নাম ‘দুইশো তেরোর গল্প’। শুধুই হোস্টেলের রুম নাম্বার নয়, বরং চার দেয়ালের মধ্যে বন্দী রঙিন সময়ের নাম ‘দুইশো তেরোর গল্প’।
পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন ফেলে আসা সেই সময়টায়, যখন বন্ধুর সাথে চায়ের আড্ডায় বসে জীবনের সব জটিলতাকে এক তুড়িতে উড়িয়ে দেয়া যেতো।
দুইশো তেরোর দরজা খুলে দেয়া হলো। পাঠককে সাদর আমন্ত্রণ!"
~ পাঠ প্রতিক্রিয়াঃ
এই বইটা সাধারণত যারা হলে থাকে, বা ছিল কিংবা যারা ডাক্তারি পড়েছে/পড়ছে, তাদের কাছে হয়ত অনেক ভাল লাগার মত বই। তবে আমি দুটোর কোনটাই পাইনি এই জীবনে, তবুও এই বইটার প্রতি আমার মায়া অন্যরকম! ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল, কিন্তু চান্স পাইনি। ভাবলাম যদি পাবলিক কোনো ভার্সিটিতে চান্স পাই তবে হলে থাকব, সেটাও হলো না! পড়তে হলো প্রাইভেটে। সবসময়ই এই হলে না থাকা নিয়ে আফসোস হয় আমার। এই বইটা এই জন্যই কিনেছিলাম, যদি একটু হলে থাকার স্বাদ পাই বইটা পড়ে! এতটুকুই বলতে পারি, একদমই নিরাশ করেনি বইটা আমাকে।
~ লেখিকার লেখা প্রথম বই পড়েছিলাম "শহরের উষ্ণতম দিনে"। তখনই তার লেখনি আমাকে টানে। এই বইটাও ঠিক তেমনি টানলো। এই বইটাকে উপন্যাস না বলে হয়ত ডায়েরির পাতার গল্প বললে ঠিক হবে। অনেক মায়াময় একটা বই।
বইটি অর্ডার করতে পারেন Librariam বুকশপে