06/09/2016
গাইবান্ধা/প্রতিনিধি : পলাশবাড়ীবাসী সহ উত্তর জনপদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে।
পলাশবাড়ীর উপর দিয়ে যাওয়া মহাসড়ক চার লেন হচ্ছে। প্রতীতি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কে অনুষ্ঠিত একনেক সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় প্রকল্পটির। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
এটিসহ ১২ হাজার ৮শ’ ৯৮ কোটি টাকা ব্যয়ে মোট সাতটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় একনেক সভায়। এর মধ্যে প্রকল্প সাহায্য ৯ হাজার ৫শ’ ২৫ কোটি ৯২ লাখ টাকা।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পগুলোর সার্বিক বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।
তিনি জানান, সরকারের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, হাট-বাজার, স্কুল-কলেজ, হাসপাতালের কাছে প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে রংপুরের বুড়িমারী পর্যন্ত ১৯০ কিলোমিটার সড়কে ৮০টি ‘বাস-বে’ নির্মাণ করা হবে। যেন এসব এলাকায় কোনো ধরনের জটলা তৈরি না হয়, এড়ানো যায় অনাকাঙ্তি দুর্ঘটনা।
প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সাল।