25/05/2026
ডেঙ্গু-চিকনগুনিয়া দমন কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গুঞ্জন, প্রতারণার আশঙ্কা!
সাতক্ষীরা ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ দমন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনজিও ব্যুরো সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান “ড্যাফ বাংলাদেশ” এর প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বেকার ও চাকরিপ্রত্যাশী তরুণদের মধ্যে এ বিজ্ঞপ্তি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাতক্ষীরা ও খুলনার প্রতিটি উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কার্যক্রম পরিচালনার জন্য একজন করে “পরিবেশ কর্মী” নিয়োগ দেওয়া হবে। এ পদে মাসিক ১৪ হাজার টাকা বেতনের কথা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে আবেদনপত্রের সাথে “ড্যাফ বাংলাদেশ”-এর অনুকূলে ২০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা ২০০ টাকার পোস্টাল অর্ডার সংযুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেইল ঠিকানা “daffbangladesh4gmail.com” নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের দাবি, এটি একটি অসম্পূর্ণ ও অস্বাভাবিক ই-মেইল ঠিকানা হওয়ায় এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ফলে চাকরিপ্রত্যাশীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকার অনেক বেকার যুবক-যুবতী চাকরির আশায় আবেদন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। স্থানীয়দের আশঙ্কা, নিয়োগের প্রলোভনে কেউ কেউ আর্থিক লেনদেনে জড়িয়ে প্রতারণার শিকার হতে পারেন। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। যেমন—চাকরিটি স্থায়ী না অস্থায়ী, প্রকল্পের মেয়াদ কতদিন, বেতনের অর্থায়নের উৎস কী, কিংবা নিয়োগপ্রাপ্তদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা কী হবে—এসব বিষয়ে কোনো পরিষ্কার তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে ড্যাফ এনজিও’র চেয়ারম্যান জানান, ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে। তবে এখনো সেই ফান্ড চূড়ান্ত হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে অর্থায়ন নিশ্চিত হওয়ার আগেই নিয়োগ কার্যক্রম শুরু করা কতটা যৌক্তিক—এ প্রশ্ন তুলেছেন অনেক চাকরিপ্রত্যাশী।
ড্যাফ বাংলাদেশের চেয়ারম্যান আরও বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছতার মাধ্যমে পরিচালিত হবে। কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের আশ্রয় নেওয়া হবে না। আমার প্রতিষ্ঠানের কেউ আর্থিক লেনদেন করলে তার দায় প্রতিষ্ঠান নেবে না।”
তবে সচেতন নাগরিকরা বলছেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে আরও স্পষ্টতা, নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা এবং সরকারি নীতিমালা অনুসরণ করা জরুরি। একই সঙ্গে চাকরিপ্রত্যাশীদেরও যাচাই-বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে জড়িত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।