27/08/2026
জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভায়’ ধর্মমন্ত্রী হচ্ছেন শেরপুরের হাফেজ রাশেদুল ইসলাম এমপি
শেরপুর টুডে : বর্তমান সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ, বিকল্প নীতি প্রস্তাব তৈরি এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ছায়া মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভায় ধর্মমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শেরপুর-১ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
গত ২৪ আগস্ট সোমবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি জানান, ছায়া মন্ত্রিসভার সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। শিগগিরই সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
ছায়া মন্ত্রিসভার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি ও সিদ্ধান্ত নিয়ে বিকল্প প্রস্তাব উপস্থাপন এবং সংসদে সরকারের জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে জামায়াতে ইসলামী।