28/05/2026
শেরপুরে উৎসবমুখর পরিবেশে হেযবুত তওহীদের ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর সদরে যোগনিমোড়া এলাকায় উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হেযবুত তওহীদের উদ্যোগে পবিত্র ঈদুল আযহার বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে বৈরী আবহাওয়া সত্যেও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
জামাতের অন্যতম বিশেষ দিক ছিল নারী মুসল্লিদের সুশৃঙ্খল অংশগ্রহণ। আয়োজকরা নারীদের জন্য পৃথক ও নিরাপদ নামাজের ব্যবস্থা করেন।
নামাজপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ঈদের প্রকৃত তাৎপর্য তুলে ধরে সমাজে ইসলামের শান্তিপূর্ণ ও মানবিক আদর্শ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় বক্তব্য রাখেন শেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ মুমিনুর রহমান পান্না , সদর উপজেলা সভাপতি সুমন মিয়া , শেরপুর পৌর হেযবুত তওহীদের সভাপতি আব্দুর রাজ্জাক, চরশেরপুর ইউনিয়ন সভাপতি শামীম মিয়া প্রমুখ
বক্তারা বলেন, “ঈদ শুধু আনন্দের দিন নয়, বরং সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহান শিক্ষা।” তারা উগ্রবাদ ও বিভেদ পরিহার করে ইসলামের প্রকৃত শান্তির বাণী সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
ঈদের জামাতে ইমামতি ও আরবিতে খুতবা প্রদান করেন শেরপুর জেলা হেযবুত তওহীদ উলামা ফোরামের সভাপতি সরোয়ার আলম পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে মুসল্লিরা পারস্পরিক কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। স্থানীয় সচেতন মহলের মতে, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ ঈদ জামাত এলাকায় সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।