16/07/2026
রাত জাগা স্মৃতি
— মুহাম্মাদ মাজহারুল ইসলাম
রাত জেগে থাকা তারারাও
একসময় নিভে যায় ঘুমের অতলে,
শুধু আমার দুটি চোখ
জেগে থাকে তোমার প্রতীক্ষার অনলে।
নিস্তব্ধ রাত—
চারদিকে নীরবতার দীর্ঘ বিস্তার;
তবু হৃদয়ের গহিনে
বাজে তোমার স্মৃতির অনন্ত ঝংকার।
জানালার ফাঁকে চাঁদের আলো
নিঃশব্দে এসে পড়ে;
মনে হয়, তুমি বুঝি খুব কাছেই—
তবু স্পর্শহীন দূরত্বে দাঁড়িয়ে রবে।
প্রতিটি নিশ্বাসে তোমার নাম,
প্রতিটি স্পন্দনে তোমার ছায়া;
তোমার হাসির মায়াবী আলো
আজও আমার অন্ধকারে একমাত্র মায়া।
এই নির্জন একাকী রাতে
তুমি নেই আমার পাশে;
তাই ছোট্ট পৃথিবীটাও
হারিয়ে যায় বিষণ্নতার উদাস বাতাসে।
রাত যত গভীর হয়,
ততই জমে নীরব অভিমান;
একবার যদি বলতে—
“আমি আছি, প্রিয় প্রাণ।”
তাহলেই হয়তো থেমে যেত
এই হৃদয়ের দীর্ঘ হাহাকার;
ঘুম এসে আলতো ছুঁয়ে দিত
ক্লান্ত চোখের অবসন্ন অন্ধকার।
তবু আমি জেগে থাকি—
রাতের শেষ প্রহর অবধি;
হয়তো কোনো ভোরের আলোয়
ফিরে আসবে তুমি,
আর আমার সমস্ত রাতজাগা স্মৃতি
মিশে যাবে নতুন দিনের রোদ্দুরে।