10/09/2026
বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হুইপ অপু
ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কণ্ঠভোটে কমিটি গঠনের প্রস্তাব পাস হওয়ার পর তাকে এ দায়িত্ব দেওয়া হয়। এদিন চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
নতুন দায়িত্বে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম, নীতি ও বিভিন্ন কর্মসূচির ওপর সংসদীয় তদারকিতে নেতৃত্ব দেবেন।
১৯৭৪ সালের ১ অক্টোবর শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে জন্ম নেওয়া অপু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনের আগে প্রচারণা মিছিলে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পরে তিনি আর নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে পারেননি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলামকে পরাজিত করে নির্বাচিত হন অপু। সংসদ সদস্য হওয়ার পর এবার গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পেলেন তিনি।