29/06/2026
গল্প: " মা, তোমার সেই শেষ ডাক "
আমি যখন ঠিক ৯ বছরের, তখনই আমার মা মারা যান। আর তার এক বছর আগে থেকেই আমার মা অনেক অসুস্থ ছিলেন। আমি সব সময় তাঁর পাশে থাকার চেষ্টা করতাম। কিন্তু যখন তাঁর আমাকে খুব দরকার ছিল, তখন আমি এমন ঘুমের রাজ্যে চলে যাই। নিজেকে আর সামলাতে পারি নি।
আজও আমার রাতে ঘুম হয় না। মায়ের কথা খুব মনে পড়ে। কেন আমি সেদিন ঘুমিয়ে ছিলাম? কেন আমি আমার মায়ের ডাক শুনিনি? 🥲 কারণ, ওই দিনই ছিল আমার মায়ের জীবনের শেষ সময়।
আমি ঘুমঘুম চোখে শুধু ঝাপসা ঝাপসা দেখছিলাম। আমার মা বলছিলেন,
"মা, আমাকে গোসল করাও। আমি গোসল করব।"
কিন্তু কথা হলো, এতটুকু একটা মেয়েরই বা এতে কী দোষ ছিল? কী করে আমার ঘুম ভাঙবে, আমি তো তখন বুঝতেই পারিনি। ঘুমের ঘোরে শুধু বলেছিলাম, "মা, সকালে গোসল করাব। এখন ঘুমাও।"
কিন্তু আমার মায়ের আর সেই সকাল দেখা হলো না। তিনি গোসল ঠিকই করেছিলেন, কিন্তু সেটাই ছিল তাঁর জীবনের শেষ গোসল...
নিজেকে খুব অসহায় মনে হতে লাগল। মনে হলো, এই বুঝি আমার জীবনের চাকা থেমে গেল। এই বুঝি আমার সব স্বপ্ন ভেঙে গেল। মায়ের স্পর্শ হারালাম, আমার ছায়া হারিয়ে গেল...
আমার মতো অভাগী বুঝি আর কেউ নেই।
বাবা আছেন, বড় ভাই আছেন, ভাবি আছেন। বড় বোনও আছে। আছে আমার ছোট আরেকটা ভাই। কিন্তু তারপরও নিজেকে খুব একা মনে হয়।
যার মা নেই, সে-ই বুঝতে পারে এই অনুভূতিটা কেমন। কারণ, মা তো মা-ই। 🥲