01/08/2026
অবশেষে পুণ্যভূমি সিলেটেও চালো হচ্ছে বৃদ্ধাশ্রম।
আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত দুটি পাতার একটি কুড়ি হযরত শাহজালাল ও শাহপরান এর পূর্ণভূমি সিলেটে অবশেষে চালু হতে যাচ্ছে অবহেলিত, ছিন্নমূল প্রবীণদের জন্য একটি বিশেষ আশ্রয়কেন্দ্র বা প্রবীণ নিবাস। স্থানীয় কয়েকজন প্রবাসী উদ্যোগীর ব্যক্তিগত ও সামাজিক প্রচেষ্টায় গড়ে উঠছে এই মানবিক আশ্রয়স্থলটি। তবে এই উদ্যোগের খবর জানাজানি হতেই ঐতিহ্যবাহী সিলেটের সচেতন মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা-সমালোচনা।
উদ্যোক্তা সূত্রে জানা গেছে, সিলেটের বিভিন্ন রাস্তাঘাট, রেলস্টেশন কিংবা ঐতিহ্যবাহী মাজার প্রাঙ্গণে প্রায়ই অনেক প্রবীণকে চরম অবহেলা, ক্ষুধা ও অসুস্থতায় দিন কাটাতে দেখা যায়। শেষ বয়সে এদের দেখাশোনা করার মতো পরিবার বা স্বজন বলতে কেউ নেই। মূলত এসব ছিন্নমূল, নিঃস্ব ও অসহায় প্রবীণদের খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক অধিকার নিশ্চিত করতেই এই আশ্রমটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উদ্যোক্তাদের স্বপ্ন—প্রবীণ নিবাসটি কেবল একটি মাথা গোঁজার ঠাঁই হবে না, বরং এটি হবে স্বজনহারা প্রবীণদের শেষ বয়সের এক সম্মানজনক ও নিরাপদ নিবাস।
উদ্যোগটি আপাতদৃষ্টিতে সম্পূর্ণ মানবিক হলেও সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক ও রক্ষণশীল প্রেক্ষাপটের কারণে এটি নিয়ে তৈরি হয়েছে ভিন্নমত। সুশীল সমাজের একাংশ ও স্থানীয় প্রবীণদের মতে, সিলেটে আবহমানকাল ধরে যৌথ পরিবার এবং মুরুব্বিদের প্রতি শ্রদ্ধাবোধের অনন্য সংস্কৃতি বিদ্যমান। তাদের আশঙ্কা, সিলেটে আনুষ্ঠানিকভাবে এমন প্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে একসময় সন্তানদের নিজ দায়িত্ব এড়ানোর প্রবণতা বাড়তে পারে। ফলে দীর্ঘমেয়াদে সিলেটের সুদৃঢ় পারিবারিক বন্ধন ও সামাজিক মূল্যবোধে আঘাত হানার শঙ্কা থেকে যায়।
উদ্যোক্তাদের পরিষ্কার বার্তা:
"এটি সাধারণ বা বাণিজ্যিক কোনো বৃদ্ধাশ্রম নয়। এটি কেবল সমাজের সেইসব চরম অসহায় ও ছিন্নমূল মানুষদের জন্যই উন্মুক্ত থাকবে, যাদের কোনো পরিবার, সন্তান বা থাকার জায়গা নেই।"
সিলেটের মতো পুণ্যভূমিতে যেখানে প্রবীণদের সম্মান করা ধর্মীয় ও সামাজিকভাবে একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, সেখানে ছিন্নমূলদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ একদিকে যেমন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত, অন্যদিকে প্রথাগত পারিবারিক ধারা বজায় রাখার এক প্রচ্ছন্ন চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, এই মানবিক প্রবীণ নিবাসটি কি সমাজের নিঃস্ব মানুষের আশীর্বাদ হয়ে উঠবে, নাকি সামাজিক ভাবনায় নতুন এক রূপান্তর নিয়ে আসবে।