03/02/2026
লন্ডন প্রবাসীর দগ্ধ লাশ হাওর থেকে উদ্ধার....
সিলেটের জকিগঞ্জ উপজেলার হাওর থেকে উদ্ধার হওয়া আগুনে পোড়ানো ও গলায় দড়িবাঁধা মরদেহটির পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নিশ্চিত করেছে, নিহত ব্যক্তি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ও লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন শফি (৫৯)।
পুলিশ জানায়, নিহত বুরহান উদ্দিন শফি সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তার পিতার নাম মৃত সমছু মিয়া। তিনি গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।
এর আগে মঙ্গলবার দুপুরে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা হাওরে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ানোর চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশে একটি লবণের প্যাকেট পাওয়া গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে। স্থানীয়দের ধারণা, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতে মরদেহে আগুন দেওয়া হয়ে থাকতে পারে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, পিবিআই ও সিআইডির একটি দল ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনরাও এসে পরিচয় নিশ্চিত করেন।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মামলার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।