23/08/2026
বেহাল সড়কে দুর্ভোগে ওসমানীনগরের মানুষ, ৭ কিলোমিটার সড়ক সংস্কারের দাবি
সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুর থেকে উত্তর কালনিচর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের।
রোববার গণদাবি পরিষদের উদ্যোগে দক্ষিণ জগন্নাথপুর এলাকায় বেগমপুর-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন, মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল ও সমাবেশে অংশ নেওয়া স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
মানববন্ধনের স্থানীয়রা জানান, বেগমপুর থেকে জগন্নাথপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৪ সালের বন্যায় সড়কটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কটির প্রয়োজনীয় সংস্কার করা হয়নি।
এর মধ্যে ওসমানীনগর উপজেলার আওতাধীন বেগমপুর থেকে উত্তর কালনিচর বাজার পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এবং বাকি প্রায় আট কিলোমিটার সড়ক জগন্নাথপুর উপজেলার আওতাধীন বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের গর্তগুলো পানি ও কাদায় ভরে যাওয়ায় দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়। এতে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য যানবাহন চলাচলেও নানা সমস্যার সৃষ্টি হয়। ফলে সড়কটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।
সিএনজি চালক মাহিদ বলেন, দীর্ঘদিন থেকে সংস্কার না হওয়ায় এই রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সড়কের বড় বড় গর্ত ও খানাখন্দের কারণে যানবাহন চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এতে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে।এতে করে খরচ যেমন বাড়ছে তেমনি যাত্রীদেরও দুর্ভোগ বাড়ছে, পাশাপাশি যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে।
ওসমানীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী, আব্দুল্লাহ আল মামুন বলেন,রাস্তাটির কিছু অংশ ইট ফেলে মেরামত করা হয়েছে। পূর্ণ রাস্তা সংস্কারে আমাদের উদ্যোগ রয়েছে।
স্থানীয়রা আশা করছেন, ওসমানীনগরের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেবেন। সড়কটি সংস্কার করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এলাকার মানুষ। একই সঙ্গে শিক্ষার্থী, রোগী, পথচারী ও সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।