03/05/2026
"পর্যটন খাতের উন্নয়নে জাতীয়
পর্যটন পরিষদ গঠন"
দেশের পর্যটন শিল্পকে টেকসই ও সমন্বিতভাবে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় পর্যটন পরিষদ গঠন করেছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
১৬ সদস্যের এই পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী। এতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিবেশ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, পানি সম্পদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীও সদস্য হিসেবে থাকবেন। একই মন্ত্রণালয়ের সচিব পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদের প্রধান কাজ হবে পর্যটন খাতের উন্নয়ন কর্মপরিকল্পনার তদারকি, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন বিকাশে পরামর্শ দেওয়া এবং নীতি নির্ধারণে ভূমিকা রাখা।
এছাড়া পর্যটন সংক্রান্ত আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত, বিনিয়োগ বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বে খাত উন্নয়নের বিষয়ে দিকনির্দেশনা দেবে এই পরিষদ।
পরিষদ পর্যটন সংশ্লিষ্ট অন্যান্য কমিটির সুপারিশ পর্যালোচনা করবে এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজনে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে তাদের।
প্রয়োজন অনুযায়ী পরিষদের সভা অনুষ্ঠিত হবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে। প্রশাসনিক সহায়তা দেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।