10/10/2026
কুলাউড়ার প্রথম সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশ সংবিধানের খসড়া কমিটির সদস্য ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী আর নেই। সপরিবারে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাসরত এই প্রবীণ রাজনীতিবিদ ৯৭ বছর বয়সে সেখানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ব্যারিস্টার আব্দুল মুন্তাকিম চৌধুরী মৌলভীবাজার জেলার প্রিয় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রখ্যাত ব্যক্তিত্ব তজম্মল আলী চৌধুরী।
তিনি ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ তৎকালীন সকল প্রগতিশীল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসেবে তিনি পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন। পরবর্তীতে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য (এমএলএ) নির্বাচিত হন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সংগঠক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
স্বাধীনতার পর তিনি বাংলাদেশের গণপরিষদের সদস্য মনোনীত হন এবং দেশের সর্বোচ্চ দলিল ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’ খসড়া প্রণয়ন কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সংবিধানে দলত্যাগ বিরোধী কঠোর বিধান (সংসদ সদস্য পদ বাতিল সংক্রান্ত) যুক্ত করার পক্ষে তিনি জোরালো যুক্তি উপস্থাপন করেছিলেন, যা বাংলাদেশের সংসদীয় ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন সিলেট-১৩ (কুলাউড়া) আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি একজন দক্ষ কূটনীতিক হিসেবেও তিনি দেশের সেবা করেছেন। যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি জাপান ও জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদুত হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে কুলাউড়াসহ সমগ্র মৌলভীবাজার জেলায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।