13/06/2026
সততার পুরস্কার কি শুধুই হয়রানি? ৩ হাজার কোটি টাকা বাঁচিয়েও বদলি আতঙ্কে এডিসি মাহমুদা!
রাষ্ট্রের ৩,০০০ কোটি টাকা লুটপাট থেকে বাঁচিয়ে আজ নিজেই বড় বিপদে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা বেগম। দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিল আটকে দেওয়ায় এখন তিনি প্রভাবশালী চক্রের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন। মাত্র ২৫ দিনের মধ্যে তাকে ৩ বার বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়!
২০২৫ সালের সেপ্টেম্বরে নরসিংদীর এডিসি (রাজস্ব) হিসেবে যোগ দেন মাহমুদা বেগম। যোগ দিয়েই তিনি ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের জমি অধিগ্রহণে গড়ে ওঠা দালাল ও দুর্নীতিবাজ সিন্ডিকেটের দুর্গ ভেঙে দেন। আগের কর্মকর্তা ও ডিসিদের তৈরি করা নিয়মবহির্ভূত ক্ষতিপূরণের তালিকা বাতিল করে রাষ্ট্রের প্রায় ৩,০০০ কোটি টাকা সাশ্রয় করেন তিনি।
প্রভাবশালী চক্রের হুমকি ও একের পর এক বদলি:
নীতিমালা লঙ্ঘন করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি তাকে তদবির করেন। মাহমুদা বেগম সরাসরি 'না' বলে দিলে তাকে হুমকি দিয়ে বলা হয়— "আপনার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি দেখতে পাবেন।"
এর ঠিক পরদিনই (২৭ এপ্রিল) তাকে বদলি করা হয়। গণমাধ্যমে খবর প্রকাশের পর ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু হস্তক্ষেপে সেই বদলি স্থগিত করা হলেও, অদৃশ্য সুতোর টানে মাত্র ১৫ দিনের মাথায় আবারও তাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। গত ২৫ দিনে মোট ৩ বার বদলির আদেশ পেলেন এই সৎ কর্মকর্তা!
অভিযোগ উঠেছে, মাহমুদা বেগমের আগে দায়িত্বে থাকা ৩০তম বিসিএসের কর্মকর্তা এবং বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তফা মনোয়ার আড়াই মাস নরসিংদীতে থেকে কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে ৩৫৯ কোটি টাকার চেক হস্তান্তর করেন এবং সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা কমিশন নেন। এই অনিয়মের অডিও-ভিডিও প্রমাণ এবং নথিপত্র ইতোমধ্যেই সামনে এসেছে। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে ভূমি মন্ত্রণালয় এর তদন্ত করছে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু জানিয়েছেন, এই সাহসী অফিসারকে প্রটেকশন দিতে তিনি নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তারেক রহমান খোদ এই সৎ কর্মকর্তাকে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং পুরো বিষয়টি মনিটরিং করছেন।
একজন সরকারি কর্মকর্তা যখন দেশের কোটি কোটি টাকা চোরের হাত থেকে বাঁচান, তখন তাকে পুরস্কৃত করার বদলে কেন এভাবে বারবার বদলি করে হেনস্তা করা হয়? দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে মাহমুদা বেগমদের মতো সাহসী ও সৎ কর্মকর্তাদের সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।
আপনার কী মনে হয়? কমেন্টে জানান এবং সৎ কর্মকর্তাদের পক্ষে আওয়াজ তুলতে পোস্টটি শেয়ার করুন।