10/07/2026
বরিশাল নগরে সাতটি শিয়াল হত্যার পর সেগুলোর মাংস রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জবাই করা শিয়ালের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাংস বিক্রির প্রচারণা চালানোর অভিযোগও সামনে এসেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, বরিশাল সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ময়দান খোলা এলাকার বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সাতটি শিয়াল হত্যা করেন। পরে সেগুলোর মাংস রান্না করে রুটির সঙ্গে খাওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
এদিকে ‘নাইম রাজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবি প্রকাশ করে মাংস বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় এবং নেটিজেনদের পাশাপাশি প্রাণী ও পরিবেশ অধিকারকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।
পরিবেশবাদীদের অভিযোগ, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে শিয়াল হত্যা এবং এর মাংস বিক্রির প্রচারণা চালানো হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল বিভাগের বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি জানান, ঘটনা তদন্তে লোক পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।