10/09/2026
সেই বিশেষ ট্রাফিক কে বিশেষ উপহার দিলেন জকিগঞ্জ থানার ওসি
জকিগঞ্জ পৌর শহরের পরিচিত মুখ ও কমিউনিটি ট্রাফিক ডালিমকে নতুন এক জোড়া জুতা উপহার দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তাঁর এই দায়িত্বশীল ও সহানুভূতিশীল উদ্যোগ স্থানীয় সচেতন মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।
জানা গেছে, প্রবাসফেরত ডালিম দীর্ঘদিন ধরে জকিগঞ্জ বাজারে কমিউনিটি ট্রাফিক হিসেবে দীর্ঘদিন ধরে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সহায়তা করে আসছেন। দিন-রাত, প্রখর রোদ কিংবা ঝড়-বৃষ্টি—সব প্রতিকূলতা উপেক্ষা করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় তিনি পৌরবাসীর কাছে অত্যন্ত পরিচিত ও প্রিয় একটি মুখ হিসাবে পরিচিতি রয়েছে।
সম্প্রতি বিষয়টি নজরে আসে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক-এর। তিনি খেয়াল করেন, এত প্রতিকূল আবহাওয়ায় তীব্র রোদ-বৃষ্টির মধ্যেও ডালিম স্যান্ডেল পরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। এই নিষ্ঠাবান মানুষটির প্রতি শ্রদ্ধা জানাতে এবং তিনি যেন একটু স্বাচ্ছন্দ্যে ট্রাফিকের ডিউটি করতে পারেন, সেই ভাবনা থেকে ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ব্যক্তিগত পক্ষ থেকে তাঁকে এক জোড়া নতুন জুতা উপহার দেন।
জুতা উপহার পেয়ে ট্রাফিক ডালিম আহমদ অত্যান্ত আনন্দিত হয়ে বলেন,আমি স্যারে কাছে চির কৃতজ্ঞ,তিনি আমাকে দামি একজোড়া সু উপহার দিয়েছে। স্যার অত্যান্ত ভালো মানুষ, আমি স্যারের মঙ্গল কামনা করছি।
উপহার দেওয়ার পর ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডালিম আমাদের হক চত্বরে কমিউনিটি ট্রাফিক হিসেবে ট্রাফিক পুলিশকে অনন্য সহায়তা দিচ্ছেন। দিন-রাত, প্রখর রোদ কিংবা ঝড়-বৃষ্টি—কোনো কিছুই তাঁর দায়িত্ববোধকে দমাতে পারে না। বেশ কিছুদিন ধরে দেখছিলাম, তীব্র গরম ও বৃষ্টির মধ্যেও তিনি সাধারণ স্যান্ডেল পরে দায়িত্ব পালন করছেন। এই আবহাওয়ায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা কতটা কষ্টের, তা আমরা অনেকেই অনুমান করতে পারি।"
তিনি আরও বলেন, "এই নিষ্ঠাবান মানুষটির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তিনি যেন আরেকটু স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন, সেই ভাবনা থেকেই আমার এই সামান্য উপহার। ডালিমের মতো মানুষরাই আমাদের সমাজের আসল নায়ক। তাঁর জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা।"
ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের এই মানবিক উদ্যোগের কথা ছড়িয়ে পড়লে জকিগঞ্জের সাধারণ মানুষ, ব্যবসায়ী ও তরুণ সমাজ তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা ও শুভকামনা জানান। সাধারণ একজন স্বেচ্ছাসেবকের কাজের মূল্যায়ন ও সম্মান জানানোয় ওসির এই পদক্ষেপ জকিগঞ্জে এক ইতিবাচক পরিবেশ সৃষ্টি করেছে।