04/10/2026
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে রোহিঙ্গা যুবক অপহরণ, দুই ঘণ্টার মধ্যে উদ্ধার করল এপিবিএন
টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পে ১০-১২ জনের একটি সশস্ত্র দুর্বৃত্ত দলের হাতে অপহরণের শিকার সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে দ্রুত অভিযান চালিয়ে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অপহরণের খবর পাওয়ার পরপরই অভিযান শুরু করে প্রায় দুই ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা গহিন পাহাড়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার (৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টেকনাফের ক্যাম্প-২৭ জাদিমুড়ার বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে এ অপহরণের ঘটনা ঘটে।
১৬ এপিবিএন সূত্রে জানা যায়, ক্যাম্প-২৭-এর বি/১৩ ব্লকের বাসিন্দা সৈয়দ আমিনকে ১০-১২ জনের একটি অজ্ঞাতনামা সশস্ত্র দল জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) হরিদাস মন্ডল দ্রুত উদ্ধার অভিযানের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় রাত্রীকালীন ডিউটি পার্টি ও উপপরিদর্শক (নিঃ) শাহীনসহ ১৫ সদস্যের একটি বিশেষ আভিযানিক দল গঠন করা হয়।
পরে আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি ও অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ক্যাম্পের বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃত যুবকের অবস্থান শনাক্ত করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র অপহরণকারীরা ভুক্তভোগীকে ফেলে রেখে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে এপিবিএন সদস্যরা অপহৃত সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আনুষ্ঠানিকতা শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাঁকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তদের অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগের মধ্যে দ্রুত অভিযান চালিয়ে অপহৃত যুবককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে তাঁর পরিবারে। একই সঙ্গে অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার বিষয়টি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।