02/13/2025
আজও নিজের জন্য একটু সময় বের করতে পারলে না?
একটু সময় যা শুধুই তোমার? একটু আলসেমি করে বসে থাকা, এক কাপ চা নিয়ে বারান্দায় হাঁটা, একটা প্রিয় বইয়ের পাতা উল্টানো, পুরোনো সিনেমার কোনো প্রিয় অংশ খুঁজে দেখা, কিংবা কোনো বন্ধুর কথা মনে করে তাকে ফোন করার সেই পুরোনো আক্ষেপ দূর করা-কোনোটাই হয়নি তাই না? জানি, ব্যস্ততা সব কিছুর ওপরে ছাপিয়ে যায়। তারপরও আমরা যে সারাদিনের কতশত কাজ সামলিয়ে একটা দিন শেষ করি এতো অবশ্যই তৃপ্তির! কিন্তু কি হবে সেই একটু সময় নিজের জন্য বের করলে?
এই ভাবনা থেকেই অনেক বছর পর রঙ-তুলির সাথে কৃপনের মত একটু সময় পার করলাম। নিজেকে আবিষ্কার করতে নিজের জন্য সময় বের করা খুব জরুরি। আমি কোনো কিছুতেই তেমন ভালো না, মানে পারদর্শী না, বলা যায় একজন average মানুষ। কিন্তু আঁকতে বসে আবিষ্কার করলাম এত বছরেও আমি আঁকাআঁকি ভুলিনি। এই অনুভূতিটা আমাকে আনন্দিত করলো যা হয়তো আমার আর কখনোই জানা হতো না। আরেকটা বড় সুবিধা হলো- আমি Screen-time ব্রেক পেলাম। হয় ল্যাপটপ নয়তো মোবাইলে চোখ মেলে রাখতাম এই সময়টাও। কিন্তু রঙের খেলায় মনের ক্লান্তি দূর হলো, মনটা একটু হালকা হতে লাগলো। আমি রিয়ালাইজ করলাম, আমরা শারীরিক সুস্থতাকে যতো প্রায়োরিটি দেই মানসিক সুস্থতার কথা কয়জন ভেবে দেখি?
এই মানসিক সুস্থতার জন্য হলেও আজ নিজেকে সময় দাও। সাজতে ভালো লাগলে আজ একটু নিজেকে সময় দিয়ে পরিপাটি করে বের হও, Make-up এর একটা কোর্স করে নাও, হারমোনিয়ামে ধূলো জমলে আজ একটু গলা ছেড়ে গান করো, অনেক দিন ধরে রান্নার চ্যানেল খুলবে করে না খুললে আজ সেটা করো, একটা লেখা মাথায় আসছে আজ সেটা লিখে ফেলো...
আমরা কতটা ব্যস্ত হয়ে যাই অন্যদের জন্য অথচ নিজের শখের জন্য একটু জায়গা তৈরি করিনা, সামান্য সময়ও বের করতে পারি না। আমাদের জীবনের প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলে যাই। নিজের শখ বা পছন্দগুলোকে যত্ন করার অভ্যাসটা যেন হারিয়ে ফেলি।
তাই আজকের দিনটা হোক নিজের জন্য, অজুহাত ছাড়াই নিজের শখকে দেই একটু সময়!
© Life Beyond Borders