28/09/2026
সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬।
সকাল ১০ঃ৪৫
আমি চট্টগ্রামের বাটালি হিলে উঠে পুরা শহরের একটা শট নেয়ার চিন্তা করছিলাম। অনেকেই বলেছিলেন জায়গাটা সুন্দর। আমার গতকালের চট্টগ্রামের ভিডিওতে বাটালি হিলের কথাই প্রথমে উল্লেখ ছিল। উবারে এসে নিচে নামলাম। আমার ছোট ভাই ক্যামেরার পিছনে। হঠাত কারও চিৎকার শুনতে পাই। (ভিডিও-তে কিছুটা শোনা যাচ্ছে) । আমরা এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কিছুক্ষণ পর দেখি ৪-৫ জন কম বয়সী ছেলে, যাদের হাতে ধারালো অস্ত্র, কালো রঙ-এর একটা ব্যাগ হাতে দৌড়ে পালাচ্ছে। দিনে দুপুরে একটা ছিনতাই হলো যা বুঝলাম। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে আমি কারো ছবি তুলতে পারলাম না। এরপর দেখলাম একটা ছেলে আর মেয়ে পাহাড়ের পাশের রাস্তায় পুরা ট্রমাটাইজড অবস্থায় স্থান ত্যাগ করছে। এরা কাপলকদের টার্গেট করছিল। নিচে উঠার সিড়িতে দুইজন বসে ছিল, উপরে আরেকজন। যারা আশপাশ দেখছিল। প্ল্যান করে ছিনতাই। পুরা একটা গ্রুপ মিলে দিনে দুপুরে এরকম একটা জায়গায় দাড়িয়ে ছিনতাই করছে। আমাদের সাথে ড্রোন আর অন্যান্য ডিভাইস ছিল, সাথে লোকাল কেউ ছিল না। তাই আমরা দ্রুত স্থান ত্যাগ করলাম। এই দৃশ্য দেখে ঘোরাঘুরির মুডই চলে গেল। আরেকটু হলে আমাদের সাথেই খারাপ কিছু হতে পারত।
শুনলাম এই বাটালি হিলের নিচেই নাকি ম্যাজিস্ট্রেটের কলোনি। আমাদের সামনে কিছুক্ষণ আগেও একটা পুলিশের গাড়ি গেছে এই রাস্তায়। তবুও এই কমবয়সী ছেলেপেলে এই কাজ করছে, করার সাহস পাচ্ছে। যারা চট্টগ্রামে থাকেন তারা এই বাটালি হিলে এই দুপুর সময়টায় সাবধানে যাবেন, এই সময় মানুষজন একটু কম থাকে সেই সুযোগটাই এরা নেয় যা বুঝলাম। খুব পজেটিভ থাকতে চাই সবকিছু নিয়ে কিন্তু চোখের সামনে যখন এসব দেখি পজেটিভিটি কেমন জানি মরে যায়। আফসোস লাগে। আমার নিজের দেশটা আমার কাছে সেফ হবে কবে?