10/11/2025
আমরা কি এক বিশাল মহাজাগতিক শূন্যতার মধ্যে বসবাস করছি?
ধরা যাক, মহাবিশ্বটা একটা বিশাল সমুদ্র।
অধিকাংশ জায়গায় ঢেউ, স্রোত, মাছ, জাহাজ সবকিছু ভিড় করে আছে।
আর আমরা? আমরা নাকি বাস করছি সেই সমুদ্রের এক শান্ত, নির্জন কোণে, যেখানে প্রায় কোনো স্রোতই নেই।
রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির এক সাম্প্রতিক গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, এই শান্ত কোণটাই আসলে এক “কসমিক ভয়েড”, দুই বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত এক বিশাল ফাঁপা অঞ্চল, যেখানে অন্য জায়গার তুলনায় অনেক কম গ্যালাক্সি, তারা বা পদার্থ আছে।
যদি ভাবি আমরা সত্যিই এক বিরল, ফাঁপা জায়গায় আছি যেখানে মহাবিশ্ব অন্যরকম আচরণ করছে, তাহলে সেটাই বলে দেয় যে আমাদের অস্তিত্ব একদমই সাধারণ নয়। পুরো মহাবিশ্বের অসংখ্য গ্যালাক্সির মধ্যে আমরা এমন এক অঞ্চলে আছি যেখানে জীবন তৈরি হওয়ার শর্তগুলো নিখুঁতভাবে মিলেছে। এই অর্থে, আমরা মহাবিশ্বের এক ব্যতিক্রম, এক আশ্চর্য ঘটনা।
ভেবে দেখুন, পুরো মহাবিশ্ব যেন গ্যালাক্সির শহর, কোথাও ঘন জনবসতি, কোথাও ফাঁকা মাঠ। আর আমরা থাকি সেই ফাঁকা মাঠের মাঝখানে। এই “খালি” অবস্থানটাই হয়তো বোঝায় কেন আমরা দেখি মহাবিশ্ব একটু বেশি গতিতে বড় হচ্ছে।
আসলে হয়তো মহাবিশ্বের অন্য জায়গাগুলো এত দ্রুত প্রসারিত হচ্ছে না, আমরা আছি এক “হালকা” জায়গায়, তাই সময়, স্পেস, আলো, আর প্রসারণের গতি আমাদের কাছে একটু আলাদা মনে হয়।
এটা শুনতে অনেকটা সায়েন্স ফিকশন এর মত লাগছে, কিন্তু এটা বাস্তব গবেষণার ফলাফল। আর যদি এটা সত্য হয়, তাহলে আমাদের অস্তিত্বটাই এক "cosmic mystery"।
আমরা এমন এক জায়গায় বাস করছি, যেটা গ্যালাক্সির ভিড় থেকে দূরে, প্রায় নিঃসঙ্গ, অথচ এখান থেকেই আমরা মহাবিশ্বকে বুঝতে শিখেছি।
হয়তো তাই পৃথিবী কখনও কখনও এত নরম, এত শান্ত মনে হয়।
কারণ পুরো মহাবিশ্বের ভেতরেও, আমরা এক নিঃশব্দ কোণে বাস করছি।
অন্য দিক থেকে দেখলে, এটা হয়তো বলে দেয় যে মহাবিশ্ব এত বিশাল আর বৈচিত্র্যময় যে আমরা কেবল এক ফাঁপা ফোঁটা, এক ধূলিকণার মতো।
এই “কসমিক ভয়েড” হতে পারে এমন অনেকগুলোর একটা মানে, আমরা কোনো কেন্দ্রে নই, কোনো মহাজাগতিক উদ্দেশ্যের অংশও নই।
আমরা শুধু এক এলোমেলো কাকতালীয় অবস্থানের ফল।
হয়তো আমরা একদিকে তুচ্ছ, কারণ মহাবিশ্বের তুলনায় ক্ষুদ্র।
তবু বিশেষ কারণে এই ক্ষুদ্র ফাঁকা কোণেই আমরা দাঁড়িয়ে আছি, চোখ তুলে সেই মহাবিশ্বের রহস্য বুঝতে পারছি। আমরা হয়তো মহাবিশ্বের কেন্দ্র নই, কিন্তু আমরা একমাত্র যারা তা বোঝার চেষ্টা করছি।
সোর্স: Royal Astronomical Society “Earth Inside Huge Void May Explain Big Bang Expansion Rate Puzzle."