19/07/2026
== Open Source AI নাকি Open Weight AI? পার্থক্যটা কী? ==
অনেকেই বলেন, "এই AI মডেলটা ওপেন সোর্স।" কিন্তু বাস্তবে আজকের অনেক জনপ্রিয় AI মডেল Open Source নয়, Open Weight। এই দুইটার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য আছে।
প্রথমেই একটা প্রশ্ন- Open Weight মানে কী?
AI মডেল ট্রেনিংয়ের সময় কোটি কোটি weights (সংখ্যা বা parameters) শেখে। এই weights-ই মডেলের শেখা জ্ঞান সংরক্ষণ করে। যখন আপনি কোনো প্রশ্ন করেন, তখন এই weights ব্যবহার করেই মডেল উত্তর তৈরি করে।
Open Weight মানে হলো, কোম্পানি সেই trained model weights সবার জন্য প্রকাশ করেছে। ফলে আপনি চাইলে মডেলটি ডাউনলোড করে নিজের কম্পিউটার বা সার্ভারে চালাতে পারবেন, API ছাড়াই ব্যবহার করতে পারবেন, এবং অনেক ক্ষেত্রে নিজের ডেটা দিয়ে fine-tune-ও করতে পারবেন।
তবে এখানেই একটি বড় পার্থক্য আছে। শুধু weights প্রকাশ করলেই কোনো মডেল Open Source হয়ে যায় না।
অনেক Open Weight মডেলের ক্ষেত্রে আপনি ট্রেনিং কোড, ট্রেনিং ডেটাসেট বা পুরো training process পাবেন না। এছাড়া লাইসেন্সেও বিভিন্ন সীমাবদ্ধতা থাকতে পারে। অর্থাৎ, আপনি মডেলটি ব্যবহার করতে পারবেন, কিন্তু কীভাবে এটি তৈরি হয়েছে বা ইচ্ছামতো পরিবর্তন করে পুনরায় প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা নাও থাকতে পারে।
অন্যদিকে, Open Source AI-এর লক্ষ্য শুধু মডেল ব্যবহার করতে দেওয়া নয়। এর সাথে এমন কোড, ডকুমেন্টেশন এবং উন্মুক্ত লাইসেন্স থাকে, যাতে অন্যরা প্রযুক্তিটি বুঝতে, পরিবর্তন করতে, উন্নত করতে এবং পুনরায় বিতরণ করতে পারে। Open Source Initiative (OSI)-এর Open Source AI Definition অনুযায়ী, শুধুমাত্র model weights প্রকাশ করলেই কোনো AI মডেল Open Source হয়ে যায় না।
বর্তমানে যেসব AI মডেল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়, তাদের বেশিরভাগই আসলে Open Weight:
- DeepSeek V4 Pro
- DeepSeek V4 Flash
- DeepSeek R1
- Llama (Meta)
- Qwen (Alibaba)
- Gemma (Google)
- Mistral
অন্যদিকে OLMo (Allen AI) এবং Pythia (EleutherAI) হলো Open Source AI-এর ভালো উদাহরণ। এগুলোর ক্ষেত্রে শুধু model weights নয়, training code, training methodology এবং গবেষণার অন্যান্য গুরুত্বপূর্ণ অংশও উন্মুক্ত করা হয়েছে।
তাই পরেরবার কেউ বললে, "এই AI মডেলটা Open Source", একবার দেখে নিন—আসলেই Open Source, নাকি শুধু Open Weight।
তথ্য সুত্র:
- Open Source Initiative(OSI): https://opensource.org/ai/open-source-ai-definition
- Allen AI – OLMo: https://allenai.org/olmo
- Eleuther AI: https://www.eleuther.ai/projects/training-large-language-models