21/04/2026
ফ্রান্সে প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়ের পহেলা বৈশাখ উদযাপন
ডেস্ক রিপোর্ট :- ফ্রান্সের প্যারিস সংলগ্ন লা কুর্নাভ পার্কে এক উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ফ্রান্স প্রবাসী বৌদ্ধ সম্প্রদায়সহ বিভিন্ন ধর্ম ও বর্ণের বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক বিশাল মিলনমেলায় পরিণত করে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝেও দিনব্যাপী এই আয়োজনে ফুটে উঠেছিল শতভাগ বাঙালিয়ানা।
অনুষ্ঠানের শুরুতেই সমবেত কণ্ঠে বৈশাখের চিরচেনা গান ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বাঙালির ঐতিহ্যবাহী খাবার। ইলিশের বিভিন্ন পদের পাশাপাশি বাহারি রকমের ভর্তা, পিঠা ও মিষ্টির আমেজ প্রবাসীদের মাঝে এক আন্তরিক পরিবেশ তৈরি করে। ভোজনরসিক প্রবাসীদের জন্য এটি ছিল যেন এক পরম তৃপ্তির আয়োজন।
বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার বৈচিত্র্যময় রূপ ও ঐতিহ্য তুলে ধরতে নেওয়া হয়েছিল বিশেষ উদ্যোগ। শিশুদের জন্য চিত্রাঙ্কন ও দৌড় প্রতিযোগিতার পাশাপাশি বড়দের জন্য আয়োজন করা হয় প্রায় হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলা—কাবাডি, মোরগ লড়াই এবং বালিশ খেলা। প্রবাসী কিশোর-কিশোরী ও তরুণদের কাছে নিজ দেশের সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার এই প্রয়াস উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে।
সাংস্কৃতিক পর্বে অতিথি শিল্পী এবং উদীয়মান তরুণ শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। সুদূর প্রবাসে প্রতিকূল পরিবেশের মধ্যেও সাংস্কৃতিক কর্মীরা তাদের গানের সুরে পুরো লা কুর্নাভ পার্ক এলাকাকে মুখরিত করে রাখেন, যা বিশ্ব দরবারে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার এক অনন্য নিদর্শন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে, তথাগত গৌতম বুদ্ধের অহিংসার বাণীকে ধারণ করে বিশ্বজুড়ে যুদ্ধ ও হানাহানি বন্ধের আহ্বান জানানো হয়। যুদ্ধবিধ্বস্ত এলাকার মানুষের পুনর্বাসন এবং বিশ্বজুড়ে শান্তি বর্ষিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য বৈশাখী আয়োজনের।