19/07/2026
উত্তর গেট ঘিরে ‘No Entry’, বন্ধ গুরুত্বপূর্ণ রাস্তা—ফুটবল ম্যাচ দেখতে VIP রোডে ভিড়, প্রশ্নের মুখে প্রশাসন
আগরতলা: উত্তর গেট সংলগ্ন একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ‘No Entry’ করে বন্ধ। কারণ? ফুটবল ম্যাচ দেখা। হ্যাঁ, ঠিকই পড়ছেন—রাস্তা বন্ধ, ব্যারিকেড, পুলিশি ব্যবস্থা… সবই ম্যাচ দেখার জন্য!
খেলাধুলার প্রতি ভারতীয়দের ভালোবাসা নিয়ে কোনও প্রশ্ন নেই। খেলা হলেই উন্মাদনা—সে ক্রিকেট হোক বা ফুটবল। কিন্তু প্রশ্নটা হল, একটি ম্যাচ দেখার জন্য শহরের গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়াটাই কি এখন প্রশাসনের কাছে সবচেয়ে ‘স্মার্ট’ সমাধান?
আগরতলা শহরের কেন্দ্রস্থলে রয়েছে স্বামী বিবেকানন্দ ময়দান এবং উমাকান্ত ময়দান। ফুটবল খেলার জন্য পরিচিত এই মাঠগুলিই কি বড় পর্দায় ম্যাচ দেখার জন্য একটু কাজে লাগানো যেত না?
যদিও, টিম ইন্ডিয়া খেললে বিষয়টা কিছুটা বোঝা যেত। কিন্তু এখানে প্রশ্ন উঠছে—ম্যাচ দেখার জন্য মাঠ ফাঁকা, আর রাস্তা ভর্তি দর্শক! এ যেন শহর পরিকল্পনার এক নতুন ‘ফুটবল ফর্মুলা’!
ফুটবলপ্রেমীদের ভিড় সামলাতে বন্ধ গুরুত্বপূর্ণ রাস্তা। এমনকি VIP Road-এ বসে ও দাঁড়িয়ে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আর এখানেই আসল গোলটা!
এই VIP Road সাধারণ কোনও রাস্তা নয়। বাইরে থেকে আগরতলায় আসা অ্যাম্বুলেন্স এবং IGM ও TMC হাসপাতালের সঙ্গে যুক্ত জরুরি পরিষেবার ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব যথেষ্ট। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স আটকে গেলে কি তখন বলা হবে—‘একটু অপেক্ষা করুন, ম্যাচ চলছে’?
এরই মধ্যে আরও একটি ‘দারুণ’ দৃশ্য সামনে এসেছে। ‘No Entry’ পরিস্থিতির মধ্যেই আগরতলা শহরের মেয়র এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও তাঁদের নিরাপত্তা বাহিনী নিয়ে ম্যাচ দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন।
সাধারণ মানুষের জন্য ‘No Entry’—আর VIP-দের জন্য? ‘Entry with security’?
প্রশ্ন উঠতেই পারে—এই VIP-রা কারা? জনগণের ভোটে জেতা জন প্রতিনিধিই তো? তাহলে সেই জনগণের সুবিধার কথা কি একটু ভাবা যায় না?
জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সাধারণ মানুষের প্রশ্ন—আপনারা কি মানুষের সেবা ও সুবিধার জন্য নির্বাচিত, নাকি সাধারণ মানুষের রাস্তা বন্ধ করে তাঁদের ভোগান্তি বাড়ানোর জন্য?
নিয়ম যদি সবার জন্য হয়, তাহলে VIP হোক বা সাধারণ মানুষ—নিয়মটা সবার ক্ষেত্রেই সমান হওয়া উচিত।
মাঠ ফাঁকা, রাস্তা বন্ধ, VIP Road-এ ম্যাচ—এখন ত্রিপুরার সাধারণ মানুষের একটাই প্রশ্ন—
এটা কি সত্যিই পরিকল্পনা, নাকি ম্যাচ দেখার নামে শহরবাসীর সঙ্গে আরেকটি ‘ফুটবল ট্রল’?
উত্তর চাইছে ত্রিপুরার সাধারণ মানুষ।