03/06/2026
উপমা ও চিত্রকল্প যদি কবিতার অন্তঃসার হয় তবে তা কিন্তু অনৃত ভাষণ নয় ।এজরা পাউন্ড এর মতে অজস্র বাজে কবিতা লেখার চেয়ে একটি সার্থক ইমেজ রচনা স্লাঘার বিষয়।
বাংলা কাব্য জগতে রবীন্দ্রনাথ উপমার রাজা । তবে পঞ্চাশ দশকের অধিকাংশ কবি তাঁদের সৃষ্টিতে উপমা আর চিত্রকল্প নির্মাণে আগ্রহ প্রকাশ করেছিলেন । যেমন আলোক সরকার লেখেন -" সমস্ত বাগানের প্রজাপতি ভ্রমরের ডানায় ডানা যোগে / আলো উজ্জ্বলিত জলে "। আবার শঙ্খ ঘোষ লেখেন -" আমার চতুর্দিকে শহর , চতুর্দিকে আলো / আমি মধ্য দুপুরবেলা । " নবনীতা দেবসেন এর নির্মিত ইমেজ - " স্রোতপৃষ্ঠে চূর্ণ চূর্ণ লোহিত সূর্যাস্ত ভেসে আছে ।"
এবার আসি সুনীলের কবিতায় । কবিতায় ছবি আঁকায় দক্ষ ছিলেন তিনি । কয়েকটি উদাহরণ দিই :
১.দীঘির মতো শরীর তার নরম জলে ভরা ।
২.যেন মেঘলা আকাশ উল্টো হয়ে শুয়ে আছে পৃথিবীতে ।
৩.শুকনো নদীর মতন দীর্ঘশ্বাস ফেলছে শহরের রাস্তা ।
৪.ফেলে যাওয়া নীল রুমালের মতো অভিমান ।
তাঁর নীরাকে দেখার মধ্যেও আমরা খুঁজে পাই শিল্পরূপ , চিত্ররূপ ।কবি সুনীলের উপমা , চিত্রকল্প পড়তে গিয়ে আমরা অনুভব করি - " যেন হঠাৎ নদীর প্রান্তে এসে এক আজলা জল মাথায় ছুঁয়ে যাওয়া "।
পঞ্চাশের দশকের জনপ্রিয় এই কবিকে একসময় বলা হতো বাংলা সাহিত্যের ' মুকুটহীন সম্রাট ' । যাঁর কবিতায় প্রেম ও নারী বিশেষ মাত্রা ও মর্যাদা পেয়েছে । আত্মকথনে যাঁর কবিতা স্পর্শময় সাধু ও ব্যক্তিগত অনুভূতির সম্বল ।
আসছে পূর্ণ প্রতিমা প্রকাশনীর নতুন বই
কবি সুনীল গঙ্গোপাধ্যায়: সুন্দর ও রহস্যময়।