09/10/2026
সুরক্ষার পাঠ দিতে গিয়ে কাঠগড়ায় খাদ্য দপ্তর ! দুর্গাপুজোর আগে অগ্নি ও খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বোলপুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক কর্মসূচিতে সরাসরি খাদ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুললেন ব্যবসায়ীদের একাংশ।
বোলপুর মহকুমায় খাদ্য দপ্তরের অভিযান চালানোর সময় নিয়মবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। উল্টে হেনস্থার শিকার হতে হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের এই অভিযোগ ঘিরেই কর্মসূচিতে তৈরি হয় অস্বস্তিকর পরিস্থিতি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বোলপুরের মহকুমাশাসক ব্রততী দত্ত।শুক্রবার, বোলপুর পুরসভার উৎসর্গ মঞ্চে ‘সেবা সংকল্প অভিযান’-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হোটেল, রিসর্ট, পেট্রোল পাম্প, মিষ্টির দোকান ও খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পাশাপাশি পুজো কমিটির উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। দুর্গাপুজোর আগে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, গ্যাস ব্যবহারের অনুমতি, খাদ্যের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়ানোই ছিল মূল লক্ষ্য। সম্প্রতি তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর হোটেল ও রিসর্টের নিরাপত্তা নিয়ে প্রশাসনের তৎপরতা আরও বেড়েছে। সেই প্রেক্ষাপটেই ব্যবসায়ীদের সতর্ক করতে এই উদ্যোগ।কর্মসূচিতে দমকলের পক্ষ থেকে হোটেল ও রিসর্টে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা এবং গ্যাস ব্যবহারের প্রয়োজনীয় অনুমতিপত্রের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। আগুন লাগলে কীভাবে দ্রুত পরিস্থিতি সামাল দিতে হবে, তা হাতেকলমে দেখান দমকলকর্মীরা। পুজো মণ্ডপে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা এবং তার সঠিক ব্যবহার সম্পর্কেও উদ্যোক্তাদের পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে, খাদ্যের গুণমান ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।কিন্তু নিরাপত্তা ও নিয়মবিধি মানার বার্তার মাঝেই খাদ্য দপ্তরের অভিযান নিয়ে ব্যবসায়ীদের একাংশের অভিযোগ ওঠে। প্রশাসনিক অভিযানের স্বচ্ছতা ও ব্যবসায়ীদের সঙ্গে আধিকারিকদের আচরণের প্রসঙ্গও।এদিন উপস্থিত ছিলেন মহকুমা শাসক ব্রততী দত্ত, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক নিলুফা পারভিন, বোলপুর দমকল কেন্দ্রের আধিকারিক সৌরভ মণ্ডল, বোলপুর পুরসভার প্রশাসক বিকাশ নস্কর এবং বোলপুর-শ্রীনিকেতন, ইলামবাজার ও নানুর ব্লকের বিডিওরা। মহকুমা শাসক ব্রততী দত্ত বলেন, “সামনেই পুজো। তাই বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকতে হবে। অগ্নি ও খাদ্য সুরক্ষার বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই লক্ষ্য।” পাশাপাশি, খাদ্য দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।প্রশাসনের লক্ষ্য উৎসবের মরসুমে নিরাপত্তা নিশ্চিত করা।
Rangamati News