16/07/2023
সব চরিত্র কাল্পনিক নয় ❤🩹
লেখনী - অনিরুদ্ধ বৈষ্ণব
কন্ঠে - দীপিকা বৈষ্ণব
জীবনের সবথেকে ভালো গল্পটা মনে হয় এখনো লেখা হয়ে ওঠেনি। গল্পের শুরুতে যতই লেখা থাকুক- সব চরিত্র কাল্পনিক, একমাত্র লেখকই জানেন যে সব চরিত্র কাল্পনিক হয় না। জীবনের পথে চলতে চলতে অনেক চড়াই উতরাই এসেছে, অনেক চরিত্র এসে ভিড় জমিয়েছে, দুঃখ কষ্ট গুলো দমিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু এই কষ্টগুলো কখনোই জীবন বিমুখ করে তোলেনি। চোখের লুকানো জল হয়তো ক্ষণিকের জন্য সামনের রাস্তাটা ঝাপসা করে তুলেছে। সবার অলক্ষে চোখ মুছে আবার পথ চলতে শুরু করেছি। অনেক স্বপ্ন, হাজারো আশা আর ইচ্ছে পূরণের ঝোঁকে আবার নতুন উদ্যোগে শুরু করেছি। পেয়েছি অনেক কিছু আবার হারিয়েছিও অনেক কিছু। কিন্তু এর শেষ কোথায় তা জানিনা। কেনই বা করলাম, কিসের জন্যই বা করলাম সেইসব লাভ-লোকসানের হিসাব করতে গেলেই মন খারাপের পাহাড় জমে। কারো আপন হয়েছি, কেউ চলে গেছে দূরে, কাউকে চাইলেও ধরে রাখতে পারেনি, আবার হয়তো কাউকে জোর করে ধরে রেখেছি। সম্পর্কের সমীকরণ গুলো সব সময়ের সাথে বদলেছে। সবকিছুই নিজের চোখে দেখেছি তবুও চুপ থেকেছি। এখন চুপ থাকাটাও একটা অভ্যাসে পরিণত হয়েছে।
এত প্রতিযোগিতা এত সহযোগিতা, শত শত মুখোশ আর দ্বিচারিতা দেখার পর বুঝে উঠতে পারি না বাকি রাস্তাটাও কি এই ভাবেই চলতে হবে।
আর যে ভাল লাগেনা! অভিনয় করতে মনে হয় না। মনে হয় গভীর জঙ্গলের নির্জনতায়, পাহাড়ের নিস্তব্ধতায় সব থেকে উঁচু পাথরটার ওপর চুপ করে বসে থাকি আর ভাবি - আমি কি আর সেই আমিই আছি? জীবনের মানে খোঁজার চেষ্টা করি নিজের অভিজ্ঞতা দিয়ে। নাহ আরো একবার জীবন বিমুখ হতে পারলাম না। ধীরে ধীরে পাহাড় থেকে নিচে নেমে এলাম। হয়তো জীবনের সেরা গল্পটা এখনো আমার অপেক্ষায়।
ধন্যবাদ🙏 ---অনিরুদ্ধ বৈষ্ণব