PostBardhaman

Directions Website

PostBardhaman Bengali news website

21/08/2026
21/06/2026

জেলাজুড়ে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন, নানা অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা: দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালনে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার বর্ধমানের ১০৮ শিব মন্দিরে যোগাসনে পড়ুয়াদের সঙ্গে অংশ নেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও উদ্যোগ এবং বিজ্ঞান-প্রযুক্তি প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাসমিশ্র। এদিন শহরতলি থেকে জেলার বিভিন্ন সরকারি অফিস থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সর্বত্রই চলে যোগাসন প্রদর্শন। বর্ধমান পুরসভার উদ্যোগে যোগ দিবস পালন হয়। শহরের টাউনহল প্রাঙ্গণে আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পুরসভার আধিকারিকরা। টাউনহল চত্বরে জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে কলকাতার রেড রোডের যোগ দিবসের অনুষ্ঠান দেখানো হয়। জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনেন যোগ দিবসে অংশগ্রহণ করতে আসা মানুষজন। এছাড়াও সরকারি ও বেসরকারি উদ্যোগে শহরের কার্জনগেট চত্বর, বর্ধমান পুরসভা, মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল সহ শহর ও জেলার বিভিন্ন প্রান্তে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। সাধারণ মানুষজনের পাশাপাশি সরকারি আধিকারিকরা এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন।
আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হল শহরের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়। প্রায় ২০০ ছাত্রছাত্রীর সঙ্গে সকল শিক্ষক–শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা ভোর সকালে সম্মিলিতভাবে প্রথমে ধ্যান, চিত্তসংযোগ, শ্বাস নিয়ন্ত্রণ এবং বিবিধ আসনের মাধ্যমে যোগ অভ্যাস করেন। প্রধান শিক্ষক ডঃ সুভাষচন্দ্র দত্ত বলেন, যোগ হল বিশ্ববাসীর কাছে ভারতীয় ঋষিদের উপহার। বাইরের উপকরণের উপর নির্ভর না করে আন্তর শক্তি ও সুব্যবস্থ অঙ্গপ্রত্যঙ্গের পরিচালনার মাধ্যমে আমরা নিজেদের জীবনযাপন আরও মসৃণ করতে পারি। যোগদিবসের এদিন দ্বাদশ বর্ষ উদযাপন। প্রধানমন্ত্রী যেভাবে যোগের জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তাতে যোগ অচিরেই বিশ্বাসী দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠবে।
অন্যদিকি, জেলাজুড়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এদিন বিশ্ব যোগ দিবস পালনে ব্যাবসায়ীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দিনের গুরুত্ব বুঝে বর্ধমান জেলা ধান্য ব্যবসায়ী সমিতি ও কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক যোগ দিবস। ব্যাবসায়ীরা তো বটেই, তাঁদের পরিবারের প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন যোগ দিবসের কর্মসূচিতে। অনুষ্ঠান হয় শহর বর্ধমানের খালুইবিলুই মাঠের মুক্ত মঞ্চে। বিভিন্ন বয়সের অংশগ্রহনকারীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এদিন গলসি থানার উদ্যোগে থানার চত্বরে বিশেষ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। এদিন একজন প্রশিক্ষিত যোগগুরুর নেতৃত্বে প্রায় দু’ঘণ্টাব্যাপী বিভিন্ন যোগাসন, প্রণায়াম ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করানো হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন গলসি থানার ওসি কৃপাসিন্ধু ঘোষ, থানার অন্যান্য পুলিশ আধিকারিক এবং সিভিক ভলান্টিয়াররা। যোগগুরু উপস্থিত সকলকে নিয়মিত যোগাভ্যাসের গুরুত্ব ও উপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানান। তিনি বলেন, নিয়মিত যোগাসন শরীরের নমনীয়তা বৃদ্ধি করে, পেশি ও হাড়কে শক্তিশালী করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রণায়াম ও ধ্যান মানসিক চাপ, উদ্বেগ ও ক্লান্তি কমিয়ে মনকে শান্ত ও একাগ্র করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা এবং হৃদরোগের ঝুঁকি নিয়ন্ত্রণেও যোগাভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া নিয়মিত যোগচর্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপনে সহায়তা করে। উপস্থিত সকলেই ভবিষ্যতে নিয়মিত যোগাভ্যাস করার অঙ্গীকার করেন। পাশাপাশি শহর বর্ধমানের বাদামতলা এলাকার শিবাজি সঙ্ঘ এদিন বিশ্ব যোগ দিবস পালন করে। এদিনের যোগ অনুশলীনে উপস্থিত সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে শহরের বাঁকা মাঠেও বিজেপি–২ মণ্ডল থেকেও যোগা দিবস পালন করা হয়।

21/06/2026

সাধারণ সভা হয়নি দীর্ঘদিন, ভলিবল ও বাস্কেট বল সংস্থায় নির্বাচনের দাবি
নিজস্ব সংবাদদাতা: বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার মতো ভলিবল ও বাস্কেট বল সংস্থারও নির্বাচন হয়নি দীর্ঘদিন। নির্বাচন না করে কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। যা নিয়মবিরুদ্ধ বলে জেলার বেশ কয়েকজন প্রাক্তন ভলিবল ও বাস্কেট বল খেলোয়াড়ের অভিযোগ। তাঁদের বক্তব্য, নির্বাচন না করেই আগেকার শাসক দলের মদতে কাজ চালিয়ে যাচ্ছে কমিটি। নির্বাচন করছে না। সংস্থায় অবৈধভাবে কয়েকজন ছড়ি ঘোরাচ্ছেন। অবিলম্বে সাধারণ সভা ডেকে নির্বাচনের দাবি জানিয়েছেন তাঁরা। এনিয়ে বর্ধমান জেলা ভলিবল ও বাস্কেট বল সংস্থার সাধারণ সচিব বনবিহারী যশকে বেশ কয়েকবার ফোন করা হয়। তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ মেসেজেরও উত্তর দেননি। ফোন বন্ধ থাকায় সংস্থার যুগ্ম সচিব উত্তম সেনগুপ্তের সঙ্গেও এব্যাপারে যোগাযোগ করা যায়নি।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন সেখানে নির্বাচন হয়নি। কার্যত করোনাকালের পর থেকে নির্বাচন না করেই কমিটি কাজ চালিয়ে যাচ্ছে। অথচ সংস্থার নিয়ম অনুযায়ী নিির্দষ্ট সময় অন্তর নির্বাচন হওয়ার কথা। সংস্থার কাজকর্ম নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এনিয়ে ভলিবল ও বাস্কেট বলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা সরব হয়েছেন। এমনকী জেলাশাসকের কাছে অভিযোগও জমা পড়েছে। সংস্থার বিরুদ্ধে ভুয়ো জন্ম শংসাপত্র ব্যবহার করা, এমনকী বয়সের কারচুপিরও অভিযোগ রয়েছে। ভলিবল বিভাগ নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। ভলিবলের কোনও কোচ না থাকার কথা জেলাশাসকের কাছে জানানো হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় দলে সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে অর্থ নেওয়ার অভিযোগও রয়েছে। জেলার এক প্রাক্তন খেলোয়াড় সংস্থার অনিয়ম নিয়ে জেলাশাসককে চিঠি দিয়েছেন। সংস্থার নিয়ম ভেঙে ভলিবলের কমিটি গড়ার কথা অভিযোগে জানানো হয়েছে। যদিও তারপরও অবস্থার পরিবর্তন হয়নি।
ভলিবল–বাস্কেট বল সংস্থার স্টেডিয়ামের জমি নিয়েও বিতর্ক রয়েছে। বর্ধমানের জেলা জজ জমির মালিকানা আদালতের বলে দাবি করেছেন। স্টেডিয়াম ছেড়ে দেওয়ার জন্য জেলাশাসককে চিঠি দিয়েছেন। অরবিন্দ স্টেডিয়ামের অনুষ্ঠান ভবনের ভাড়া দেওয়া নিয়েও জেলা জজের চেম্বারে হওয়া বৈঠকে নানা প্রশ্ন তোলা হয়। যদিও জমির মালিকানা বিতর্ক নিয়ে সরব হয় ক্রীড়া মহল। স্টেডিয়ামের জমি ফিরিয়ে নেওয়ার বিরুদ্ধে পথে নামেন ক্রীড়াপ্রেমীরা। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। এনিয়ে কলকাতা হাইকোের্ট মামলাও হয়েছে। যদিও এসবের মধ্যেই ভলিবল ও বাস্কেট বল সংস্থায় অবিলম্বে নির্বাচন করে কমিটি গড়ার দাবি জানিয়েছেন জেলার কয়েকজন প্রাক্তন খেলোয়াড়। তাঁদের অভিযোগ, বর্তমান কমিটিতে তৃণমূল ও তাদের কাছের লোকজন রয়েছে। রাজ্যে পালাবদল হয়েছে। তার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন কমিটি গড়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে যাঁরা কমিটিতে রয়েছেন তাঁদের বাদ দিয়ে নতুনদের সুযোগ দেওয়া হোক।

21/06/2026

প্রশ্নপত্র ফাঁস হয়ে নিট-ইউজি পরীক্ষা বাতিল হওয়ার পর
নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে পরীক্ষার আয়োজন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
নিজস্ব সংবাদদাতা: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পূর্বে অনুষ্ঠিত নিট-ইউজি(এনইইটি–ইউজি) পরীক্ষা বাতিল হওয়ার পর রবিবার, ২১ জুন নতুন করে পরীক্ষার আয়োজন করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ)। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই মেডিকেল প্রবেশিকা পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যেমন ছিল উদ্বেগ, তেমনি ছিল নতুন করে নিজেদের যোগ্যতা প্রমাণ করার দৃঢ় প্রত্যয়।
বর্ধমানের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। পরীক্ষার নির্ধারিত সময় ছিল দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত। পরীক্ষার্থীদের বেলা ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে রিপোর্ট করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী এলাকা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে এসে পৌঁছয়। শক্তিগড় থেকে পরীক্ষা দিতে আসা ছাত্রী সানিয়া পারভিন জানায়, আগের পরীক্ষাটি তার ভালোই হয়েছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ায় নতুন করে পরীক্ষায় বসতে হচ্ছে। সানিয়ার কথায়, আগেরবার পরীক্ষা ভালো হয়েছিল। এবার হয়তো প্রশ্নপত্র আরও কঠিন হতে পারে। তবে আশা করছি, এবার আর কোনও অনিয়ম হবে না এবং সুষ্ঠুভাবেই পরীক্ষা সম্পন্ন হবে। অন্যদিকে কাটোয়া থেকে আসা পরীক্ষার্থী অনিন্দিতা মণ্ডল জানায়, আগের পরীক্ষার পর থেকে তাকে নতুন করে প্রস্তুতি নিতে হয়েছে। তার কথায়, আগের পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছিল। কিন্তু, পুনরায় পরীক্ষার জন্য আবার পড়াশোনা করতে হয়েছে। এবার প্রশ্নপত্র আরও কঠিন হতে পারে বলে মনে হচ্ছে। তাই প্রস্তুতিও বেশি নিতে হয়েছে। তবে নতুন করে পরীক্ষা দেওয়ার কারণে কিছুটা মানসিক চাপ ও উদ্বেগ কাজ করছে।
শুধু পরীক্ষার্থীরাই নয়, উদ্বেগে রয়েছেন অভিভাবকরাও। পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষারত একাধিক অভিভাবক ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মেধাবী পড়ুয়ারাই। এক অভিভাবকের বক্তব্য, একবার পরীক্ষা দিয়ে আবার দ্বিতীয়বার পরীক্ষা দিতে হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের মানসিক স্থিতি নষ্ট হয়। সবসময় একটা অনিশ্চয়তা কাজ করে। আবার যদি কোনওরকম অনিয়ম বা প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটে, তাহলে এই পরীক্ষার ভবিষ্যৎ কী হবে তা নিয়েও চিন্তা থেকে যায়।
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত বিতর্কের জেরে নিট-ইউজি পরীক্ষা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পুনঃপরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবারের এই পরীক্ষাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও ছিল নজিরবিহীন। পরীক্ষাকেন্দ্রগুলিতে কড়া নজরদারি, বহুস্তরীয় তল্লাশি এবং প্রশাসনিক সতর্কতা দেখা যায়। রবিবার পরীক্ষা দিতে আসা অধিকাংশ পড়ুয়ার মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে, দীর্ঘদিনের প্রস্তুতি, পরীক্ষা বাতিলের ধাক্কা এবং নতুন করে পরীক্ষার চাপ, সব মিলিয়ে মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এখন পরীক্ষার্থীদের নজর ফলাফলের দিকে, যা তাদের ভবিষ্যতের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

21/06/2026

মহিলাকে মারধর ও শ্লীলতাহানি, রায়নার দাপুটে নেতা বামদেব ও তার সঙ্গী গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা: মহিলাকে মারধর, তাঁর শ্লীলতাহানি করা এবং জোর করে টাকা আদায়ের অভিযোগে রায়না–১ ব্লকে তৃণমূলের সভাপতি বামদাস মণ্ডল ওরফে বামদেব ও তার এক সঙ্গীকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। ধৃত অপরজনের নাম নিজামউদ্দিন শেখ ওরফে কাজল। রায়না থানার শালগাছায় বামদাসের বাড়ি। অপরজনের বাড়ি রায়না থানারই বেলসর গ্রামে। শনিবার রাতে রায়না থানার জাকতা গ্রাম থেকে বামদাসকে ধরা হয়। পরে বাড়ি থেকে নিজামউদ্দিনকে গ্রেফতার করা হয়। বামদাসের বিরুদ্ধে রায়না থানায় ২০০৮, ’০৯ ও ’১০ সালে সাতটি, পরে ’১২, ’১৩, ’১৫, ’২৩ ও ’২৪ সাল পর্যন্ত আরও ছ’টি কেস রয়েছে বলে রায়না থানা সূত্রে জানা গিয়েছে। তার মধ্যে অস্ত্র আইন, বিস্ফোরক আইন, শ্লীলতাহানি, সরকারি সম্পত্তি নষ্ট করা, খুন প্রভৃতি ধারা রয়েছে বলে জানা গিয়েছে। ধৃতদের রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতদের সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। দু’জনের পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিষয়ে রায়না থানার বামুনিয়া গ্রামের এক মহিলা শনিবার অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, এবছরের ১০ মার্চ বিকেল ৪টে নাগাদ গ্রামের কাঁঠালতলার কাছে দাঁড়িয়েছিলেন। সেসময় বামদাসের নেতৃত্বে কয়েকজন তাঁকে আটকায়। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় তাঁকে। এমনকী প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর তাঁকে কাঁঠালতলায় বনের কাছে টেনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শ্লীলতাহানি করা হয়। পরনের বস্ত্র টেনে খুলে দেওয়া হয়। তিনি হামলাকারীদের হাতে–পায়ে ধরেন। আগ্নেয়াস্ত্র ও ভোজাল দেখিয়ে তাঁকে ভয় দেখানো হয়। ধর্ষণের হুমকি দেওয়া হয় তাঁকে। দু’ঘণ্টার মধ্যে এক লক্ষ টাকা দিলে তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়। তা না হলে তাঁর এবং পরিবারের লোকজনের ক্ষতি করে দেওয়া হবে বলে শাসানো হয় তাঁকে। বাড়িতে এসে তিনি বহু কষ্টে জমানো ৩০ হাজার টাকা তাদের দেন। এরপর কোথাও অভিযোগ না জানানোর জন্য তাঁকে হুমকি দেওয়া হয়। ঘটনার কথা কোথাও জানালে ঘরে আগুন লাগিয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। তাঁর আরও অভিযোগ, ২০২৪ সালেও একইভাবে তাঁর উপর অত্যাচার চালানো হয়। তাঁর বুক ও পিঠ ব্লেড দিয়ে চিরে দেওয়া হয়। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬(২), ৭৬, ৭৯, ৩৫১(৩), ৩০৮(৫), ৩(৫) ও ২৫/২৭ অস্ত্র আইনে মামলা রুজু করেছে থানা।

07/06/2026

প্রেমিকার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে যুবক ধৃত বর্ধমানে
নিজস্ব সংবাদদাতা: প্রেমিকার আপত্তিকর ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার থানার পুলিশ। ধৃতের নাম কর্ণবীর দে ওরফে কর্ণবীর। বর্ধমান শহরের অনিতা সিনেমা লেনের একটি অ্যাপার্টমেন্টে সে থাকে। শনিবার তাকে বর্ধমান শহর থেকে ধরা হয়। ধৃতকে রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে সাতদিন নিজেদের হেপাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ধৃতের পাঁচদিনের পুলিশি হেপাজত মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্ধমান শহরের বাদামতলায় একটি অ্যাপার্টমেন্টে থাকেন ওই যুবতী। কিছুদিন আগে তিনি ইনস্টাগ্রামে তাঁর আপত্তিকর ছবি দেখতে পান। সেটি তাঁর প্রাক্তন প্রেমিক কর্ণবীর ছড়িয়েছে বলে তাঁর ধারণা হয়। কারণ, ছবিটি প্রাক্তন প্রেমিকের বাড়িতে তোলা। সে তাঁকে আপত্তিকর ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিল। বিষয়টি জানিয়ে এবছরের ১৬ ফেব্রুয়ারি তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে কেস রুজু করে তদন্তে নামে সাইবার থানা। কর্ণবীরকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হয়। যদিও সে তদন্তে সহযোগিতা করেনি। সাইবার থানায় হাজিরই হয়নি। এরপর কয়েকবার তার অ্যাপার্টমেন্টের ঠিকানায় পুলিশ যায়। কিন্তু, তার হদিশ পাওয়া যায়নি। শুক্রবার ফের একটি আবেদন জমা পড়ে থানায়। তাতে সমাজমাধ্যমে একটি টেলিগ্রাম গ্রুপে আপত্তিকর ছবি ছড়ানোর কথা বলা হয়। যুবতী বিষয়টি থানায় জানান। শনিবার যুবতী ও তাঁর বাবা সাইবার থানায় এসে আপত্তিকর ছবি এবং সেটির অ্যাকাউন্টের বিষয়ে তথ্য দেয়। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

Address

Burdwan
713104

Alerts

Be the first to know and let us send you an email when PostBardhaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share