14/09/2026
বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বাস, অল্পের জন্য রক্ষা বহু যাত্রী
স্বরূপ সনগিরি, রাইপুর :
বেহাল রাস্তার জেরে দুর্ঘটনা বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কে। সোমবার সকালে রাইপুর ব্লকের শিরোমণিপুর গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল একটি বেসরকারি যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় দুজন শিশু সহ ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চন্দকোনা রোড থেকে পি মোড়, রাইপুর হয়ে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল বেসরকারি বাসটি। শিরোমণিপুর গ্রামের কাছে পৌঁছনোর পর আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুর্ঘটনাগ্রস্ত বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে হাত লাগান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাইপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহত যাত্রীদের বাস থেকে বের করে উদ্ধার করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য রাইপুর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা প্রত্যক্ষদর্শী বাসযাত্রী জানান,“কিছু বুঝে ওঠার আগেই বিকট একটা শব্দ হয়। তারপর প্রবল ঝাঁকুনি দিয়ে বাসটি একদিকে কাত হয়ে উল্টে যায়।”
এই দুর্ঘটনার পর ফের সামনে এসেছে বাঁকুড়া-ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়কের বেহাল দশার অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে। ফলে যানবাহন চলাচলে প্রায়ই সমস্যার সৃষ্টি হচ্ছে। তাঁদের অভিযোগ, রাস্তার বেহাল অবস্থার কারণে যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক। অন্যদিকে, পুলিশের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়েই বাসটি উল্টে যায়। তবে ঠিক কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।