29/08/2026
প্রেমের জালে কোটি টাকার প্রতারণা! তমলুক থানার হাতে গ্রেপ্তার প্রেমিকা সহ ২
তমলুক:
প্রেমের অভিনয়, এআই (AI) প্রযুক্তির ব্যবহার এবং একের পর এক জালিয়াতি! ভারতীয় নৌসেনার এক জওয়ানকে প্রেমের ফাঁদে ফেলে বিগত ৫ বছর ধরে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক তরুণী ও তার সহযোগীর বিরুদ্ধে। অবশেষে তমলুক থানার তৎপরতায় মহিষাদল থেকে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তদের।
অভিযোগ, প্রেমিকা পিয়ারানী সামন্ত দীর্ঘ ৫ বছর ধরে অসুস্থতা ও পড়াশোনার অজুহাত দেখিয়ে নৌসেনার ওই জওয়ানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। প্রতারণাকে সত্যি বলে বিশ্বাস করাতে এআই (Artificial Intelligence) দিয়ে তৈরি করা হতো ভুয়ো চিকিৎসার নথি।
প্রতারণার জাল এখানেই শেষ নয়! ওই জওয়ানের এক আত্মীয়কে নামী সংস্থায় MBA-তে ভর্তি করানোর নাম করেও ঝুলিয়ে দেওয়া হয় প্রতারণার ফাঁদ। সেখান থেকেই হাতিয়ে নেওয়া হয় প্রায় ৯৩ লক্ষ টাকা!
ধারাবাহিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তমলুক থানার পুলিশ মহিষাদল এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত পিয়ারানী সামন্ত এবং তার সহযোগী কৃষ্ণকান্ত মন্ডলকে গ্রেপ্তার করে। অভিযুক্তদের আদালতে তোলা হলে বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
এর পেছনে আর কোনো বড় চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে তমলুক থানার পুলিশ।