14/06/2026
আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে নন্দীগ্রামে সচেতনতা র্যালি, যোগাসন, হস্তশিল্প, সিড বল নিক্ষেপ ও ম্যানগ্রোভ রোপণ কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা, নন্দীগ্রাম :14 জুন, 2026
আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলা বনবিভাগের অন্তর্গত বাজকুল ফরেস্ট রেঞ্জের উদ্যোগে এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের সৌজন্যে নন্দীগ্রাম ফরেস্ট বিট অফিস প্রাঙ্গণে এক বর্ণাঢ্য ও ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সূচনায় নন্দীগ্রাম ফরেস্ট বিট অফিস থেকে একটি সচেতনতামূলক পথসভা ও র্যালির আয়োজন করা হয়। যোগব্যায়ামের গুরুত্ব ও সুস্থ জীবনের বার্তা সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক এবং বনকর্মীরা অংশগ্রহণ করেন এই র্যালিতে। র্যালি শেষে সকলে নির্ধারিত যোগাস্থানে পৌঁছে সমবেতভাবে যোগাসন অনুশীলন করেন।
যোগাসন পর্বের শেষে যোগের প্রয়োজনীয়তা, শারীরিক ও মানসিক সুস্থতায় যোগব্যায়ামের উপকারিতা এবং দৈনন্দিন জীবনে যোগচর্চার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগচর্চা সম্পর্কে বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায়।
শুধুমাত্র যোগাসনেই সীমাবদ্ধ না থেকে অনুষ্ঠানে ছিল সৃজনশীলতারও এক অনন্য প্রকাশ। ছাত্র-ছাত্রীরা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে বিভিন্ন হস্তশিল্প নির্মাণ করে নিজেদের প্রতিভার পরিচয় দেয়। পাশাপাশি বালি শিল্পের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বন্যপ্রাণ রক্ষার বার্তা ফুটিয়ে তোলেন জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের সভানেত্রী মধুমিতা মণ্ডল। তাঁর এই অভিনব পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়ে নেয়।
এরপর পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আয়োজন করা হয় সিড বল (Seed Ball) নিক্ষেপ কর্মসূচি। গাছের বীজ, মাটি ও জৈব উপাদান দিয়ে তৈরি সিড বল শিশু-কিশোরদের হাতে তুলে দিয়ে বিভিন্ন উপযুক্ত স্থানে নিক্ষেপ করা হয়, যাতে ভবিষ্যতে নতুন বৃক্ষ জন্ম নিয়ে সবুজায়নের প্রসার ঘটাতে পারে।
অনুষ্ঠানের শেষ পর্বে নদী সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ গাছ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো এবং জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম ফরেস্ট বিট অফিসের বিট আধিকারিক মাননীয় শুভদীপ চ্যাটার্জী মহোদয়, জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের কর্ণধার সেখ আসমত, সভানেত্রী মধুমিতা মণ্ডল, মানবেন্দ্র মন্ডল , কিঙ্কর প্রধান,রুদ্রাণী চ্যাটার্জী, স্বপ্নদীপ মাইতি, রবি রঞ্জিত,বিধান জানা,অহেন্দ্র মন্ডল শুভ প্রামাণিক সহ জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের সদস্য-সদস্যা এবং বহু সাধারণ মানুষ।
অনুষ্ঠানের সফল বাস্তবায়নের জন্য পূর্ব মেদিনীপুর জেলার বাজকুল ফরেস্ট রেঞ্জের রেঞ্জ আধিকারিক মাননীয় রাজীব ভূঁইয়া মহোদয়-এর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন উপস্থিত সকলেই।পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, যোগচর্চার প্রসার এবং সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে রাজ্য সরকারের নিরন্তর সহযোগিতা ও উৎসাহ প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কেও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। তাঁদের সহযোগিতা ও আন্তরিকতায় আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন এক নতুন মাত্রা লাভ করে।