07/08/2026
নৈপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠন,
প্রধান পদে বসলেন মদন মান্না
*সৈকত মাইতি::: পটাশপুর*:
দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে নৈপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠিত হলো। শুক্রবার পটাশপুর-১ নম্বর ব্লকের বিডিও মহম্মদ করিমুল ইসলামের প্রত্যক্ষ উপস্থিতিতে পঞ্চায়েতের যাবতীয় প্রশাসনিক নিয়মকানুন মেনেই এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। উপস্থিত মোট ১৫ জন পঞ্চায়েত সদস্যের সর্বসম্মত সমর্থনে নৈপুর গ্রাম পঞ্চায়েতের নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজেপির প্রবীণ ও স্থানীয় জনপ্রিয় নেতৃত্ব মদন মান্না।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে নৈপুর গ্রাম পঞ্চায়েত শাসকদল তৃণমূল কংগ্রেসের অধীনে ছিল। বিজেপি নেতৃত্বের অভিযোগ, বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পরবর্তীতে পঞ্চায়েতের সামগ্রিক কাজকর্মে চরম অচলবস্থা দেখা দেয়। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং অধিকাংশ সদস্য নিয়মিত পঞ্চায়েত কার্যালয়ে উপস্থিত থাকতেন না। ফলে সাধারণ মানুষ কাস্ট সার্টিফিকেট, জন্ম-মৃত্যুর সংশাপত্র প্রদান থেকে শুরু করে একাধিক সরকারি পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছিলেন। থমকে গিয়েছিল এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজও। বিজেপি নেতৃত্বের দাবি, পঞ্চায়েতের স্তব্ধ হয়ে যাওয়া পরিষেবা পুনরায় চালু করতে এবং সাধারণ মানুষের দুর্দশা লাঘব করতেই এই নতুন বোর্ড গঠন করা হয়েছে।
তবে এদিনের বিশেষ সাধারণ সভায় শুধুমাত্র প্রধান নির্বাচন সম্পন্ন হলেও উপপ্রধান নির্বাচন স্থগিত রাখা হয়। পঞ্চায়েত প্রশাসন ও দলীয় সূত্রে খবর, উপপ্রধানের পদটি ওবিসি (OBC) মহিলাদের জন্য সংরক্ষিত থাকায় আইনি ও প্রযুক্তিগত জটিলতার কারণে উপপ্রধান নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। পূর্ববর্তী উপপ্রধান আগেই পদত্যাগ করেছিলেন বলে জানা গেছে। খুব শীঘ্রই প্রয়োজনীয় প্রক্রিয়া মেনে উপপ্রধান পদটিতেও প্রতিনিধি নির্বাচন করা হবে বলে বিডিও কার্যালয় সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া শেষে নবনির্বাচিত প্রধান মদন মান্নাকে বিজেপি নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা ফুলের মালা পরিয়ে এবং বর্ণাঢ্য শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেন। পঞ্চায়েত কার্যালয়ের সামনে উল্লাসে মেতে ওঠেন দলীয় কর্মী-সমর্থকরা। বিজয়ের আনন্দ উদ্যাপনে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। নতুন দায়িত্ব পেয়ে মদন মান্না জানান, দলীয় পরিচয় দূরে সরিয়ে রেখে নৈপুরের প্রতিটি সাধারণ নাগরিক যাতে নিরপেক্ষভাবে সমস্ত সরকারি পরিষেবা পান, সেটাই হবে তাঁর প্রথম ও প্রধান অগ্রাধিকার।
এদিনের এই গুরুত্বপূর্ণ বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক শীর্ষ ও স্থানীয় নেতৃত্ব। যাঁদের মধ্যে উল্লেখযোগ্য তাপস মাঝি, কৃষ্ণ গোপাল দাস, স্বপন পাহাড়ি, প্রসেনজিৎ সাউ, ইন্দ্রজিৎ বারিক, সুকান্ত প্রধান, স্বপন দাস, সুতপা চক্রবর্তী, পীযূষ মাইতি-সহ বহু সক্রিয় দলীয় কর্মী ও সমর্থক।