21/08/2026
শনিবার শুনভাই — আপনার কথা, আমাদের কাজ
জেলা প্রশাসন, মালদা, জনগণের কাছে প্রশাসনিক পরিষেবা আরও সহজলভ্য, দ্রুত ও জনমুখী করার লক্ষ্যে চালু করছে “শনিবার শুনভাই”—সাপ্তাহিক গণশুনানি ও অভিযোগ-নিষ্পত্তি উদ্যোগ।
প্রতি শনিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত মালদা জেলার সমস্ত গ্রাম পঞ্চায়েত কার্যালয়, পঞ্চায়েত সমিতি/বিডিও কার্যালয় এবং পুরসভা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নাগরিকেরা সরকারি পরিষেবা, বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প, নাগরিক পরিকাঠামো ও অন্যান্য স্থানীয় সমস্যা সংক্রান্ত আবেদন বা অভিযোগ জানাতে পারবেন।
প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট অভিযোগ বাক্স রাখা হবে। গণশুনানিতে বা অভিযোগ বাক্সে প্রাপ্ত প্রতিটি আবেদন নথিভুক্ত ও বিষয়ভিত্তিক শ্রেণিবদ্ধ করে অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। উচ্চতর পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন এমন বিষয় যথাযথ মন্তব্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
মাইকিং, স্থানীয় প্রচার ও তথ্যফলকের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা হবে। নিয়মিত পর্যালোচনা ও সাপ্তাহিক কার্যবিবরণীর মাধ্যমে অভিযোগের সময়োপযোগী নিষ্পত্তি নিশ্চিত করা হবে।