Yug Sambad Darpan Online-Digital

Yug Sambad Darpan Online-Digital সূচনা ১৯৯৮ সালের ৯ মে। প্রথমে মাসিক, তারপরে পাক্ষিক হয়ে এখন সাপ্তাহিক সংবাদপত্র। অধুনা সংবাদ পরিবেশন অনলাইন/ডিজিটাল মাধ্যমেও।

মল্লিকঘাট ফুলবাজারের আধুনিকীকরণে উদ্যোগ, বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র গড়ার পরিকল্পনাসুনন্দা দাস/সংবাদ সংস্থা,কলকাতা, ৩ আগস...
03/08/2026

মল্লিকঘাট ফুলবাজারের আধুনিকীকরণে উদ্যোগ, বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা

সুনন্দা দাস/সংবাদ সংস্থা,কলকাতা, ৩ আগস্ট: এশিয়ার অন্যতম বৃহৎ মল্লিকঘাট ফুলবাজারকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বাজারের পরিকাঠামো উন্নয়ন, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা, বিপণন ও রপ্তানি সুবিধা বাড়ানোর লক্ষ্যে খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তর একাধিক পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে সম্প্রতি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাজারে কোল্ড স্টোরেজ নির্মাণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, পণ্য সংরক্ষণ, পরিবহণ ব্যবস্থা উন্নত করা এবং ফুলের রপ্তানি বাড়ানোর মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হয়।

বর্তমানে পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে অনেক ফুল দ্রুত নষ্ট হয়ে যায়। আধুনিক কোল্ড স্টোরেজ তৈরি হলে ফুল দীর্ঘ সময় সতেজ রাখা সম্ভব হবে, ফলে অপচয় কমবে এবং ফুলচাষি ও ব্যবসায়ীরা আরও ভালো দাম পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছে দপ্তর।

রাজ্যের বিভিন্ন জেলায় বাণিজ্যিক ফুলচাষের পরিধি বাড়ছে। সেই কারণে দেশীয় ফুলের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন বিভিন্ন প্রজাতির ফুলের উৎপাদন বৃদ্ধিতেও জোর দেওয়ার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য, উৎপাদন থেকে বিপণন পর্যন্ত পুরো ব্যবস্থাকে আরও আধুনিক করে পশ্চিমবঙ্গের ফুলশিল্পকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়া।

সরকারের দাবি, উন্নত পরিকাঠামো, আধুনিক সংরক্ষণ ব্যবস্থা এবং রপ্তানিমুখী পরিকল্পনার মাধ্যমে মল্লিকঘাট ফুলবাজারকে আরও সুসংগঠিত করে তোলা হবে, যার সুফল পাবেন ফুলচাষি, ব্যবসায়ী ও এই শিল্পের সঙ্গে যুক্ত সকলেই।

চিত্র : সংগৃহীত

কোটি টাকার সংস্কারেও সাঁতরাগাছি স্টেশনের শৌচাগারে বেহাল দশা, ক্ষুব্ধ যাত্রীরাঅনুকা পাঁজা/ সংবাদ সংস্থা, হাওড়া, ৩ আগস্ট:...
03/08/2026

কোটি টাকার সংস্কারেও সাঁতরাগাছি স্টেশনের শৌচাগারে বেহাল দশা, ক্ষুব্ধ যাত্রীরা

অনুকা পাঁজা/ সংবাদ সংস্থা, হাওড়া, ৩ আগস্ট: অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় সাঁতরাগাছি রেল স্টেশনের আধুনিকীকরণে কোটি কোটি টাকা ব্যয় করা হলেও, যাত্রীদের জন্য পাবলিক শৌচাগারের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ বাড়ছে। নিত্যযাত্রীদের অভিযোগ, স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন স্টেশন ভবনের নীচে থাকা শৌচাগারটি দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজারের কাছেও লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

অভিযোগে দাবি করা হয়েছে, টয়লেটের মেঝেতে নোংরা জল জমে থাকে, একাধিক ইউরিনাল ভাঙা অবস্থায় রয়েছে এবং কিছু জায়গায় অস্থায়ীভাবে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। ফ্লাশ ব্যবস্থা অকেজো, বেসিন ও দেওয়ালে ময়লা জমে রয়েছে, সাবানের ব্যবস্থা নেই। পাশাপাশি, ব্যবহারের অযোগ্য কমোড দীর্ঘদিন ধরে সরানো হয়নি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট হাউসকিপিং কর্মীও নেই বলে অভিযোগ।

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-জকপুর প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অমল ভৌমিক জানান, বিষয়টি নিয়ে একাধিকবার রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ করা হয়নি। তাঁর অভিযোগ, দুর্গন্ধ ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে শুধু শৌচাগার ব্যবহারকারীরাই নন, প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরাও সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বাগনানের বাসিন্দা ও নিত্যযাত্রী অনুপ মাইতি জানান, প্রায় ১৫ দিন আগে তিনি লিখিত অভিযোগ করেছিলেন। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখনও পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি বলে তাঁর দাবি। যাত্রীদের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।

যাত্রীদের মতে, সাঁতরাগাছি দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম ব্যস্ত স্টেশন। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই স্টেশন ব্যবহার করেন। তাই এমন গুরুত্বপূর্ণ স্টেশনে শৌচাগারের এই দুরবস্থা যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছে।

এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। শৌচাগারের পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

চিত্র: সংগৃহীত

হাওড়ার জগৎবল্লভপুরে দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার নদীতে তলিয়ে ব্যক্তির মৃতদেহ, এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য মুজিবর মল্...
03/08/2026

হাওড়ার জগৎবল্লভপুরে দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার নদীতে তলিয়ে ব্যক্তির মৃতদেহ, এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য

মুজিবর মল্লিক, হাওড়া,৩ আগস্ট:
হাওড়ার জগৎবল্লভপুরে নদীতে পড়ে এক ব্যক্তি তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে জগৎবল্লভপুর থানার অন্তর্গত ইসলামপুর অঞ্চলের দার্গা চক এলাকায়, জগৎবল্লভপুর ও পাঁচলাকে সংযোগকারী সেতুর উপর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সেতুর উপর দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। সেই সময় পাশ দিয়ে হেঁটে যাওয়া এক যুবক হঠাৎ জলে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনে পিছন ফিরে তাকান। তিনি দেখতে পান, ওই ব্যক্তি নদীতে পড়ে গিয়ে প্রাণ বাঁচানোর জন্য হাত বাড়িয়ে সাহায্য চাইছেন।
এক মুহূর্ত দেরি না করে যুবক নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় কয়েক মিনিটের মধ্যেই ব্যক্তিটি তলিয়ে যান। এরপর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পাঁচলা থানা ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ঘটনার দীর্ঘ ১৭ ঘণ্টা পর উদ্ধার হয় নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি জগৎবল্লভপুর থানার,গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বাঁধ এলাকার বাসিন্দা প্রশান্ত পাখিরা, বয়স আনুমানিক ৪৫ বছর।
নদীতে জাল ফেলে তল্লাশি এবং ডুবুরিদেরও মোতায়েন করা হয়েছিল,অবশেষে উদ্ধার হল ওই ব্যক্তির মৃতদেহ। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনায় কীভাবে ওই ব্যক্তি নদীতে পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

চিত্র: নিজস্ব

হাওড়া থেকে আরও এক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, হামিম মণ্ডল কাণ্ডে STF-এর বড় সাফল্যসোহানা আফরোজ/ সংবাদ সংস্থা, হাওড়া, ৩...
03/08/2026

হাওড়া থেকে আরও এক সন্দেহভাজন জঙ্গি গ্রেপ্তার, হামিম মণ্ডল কাণ্ডে STF-এর বড় সাফল্য

সোহানা আফরোজ/ সংবাদ সংস্থা, হাওড়া, ৩ আগষ্ট:

বর্ধমান থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গি হামিম মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। সোমবার সকালে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা আদিত্য সিং ওরফে রাজকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। রবিবার রাতে তাঁকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ চালানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়। ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।
পুলিশ সূত্রে দাবি, রাজ্যের নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাইকে পাকিস্তান থেকে দেওয়া প্রাণনাশের হুমকির ঘটনার সঙ্গে আদিত্যর যোগ রয়েছে। তদন্তকারীদের অভিযোগ, মন্ত্রী ও তাঁর পরিবারের গতিবিধি এবং অন্যান্য সংবেদনশীল তথ্য সংগ্রহ করে হামিম মণ্ডলের কাছে পৌঁছে দিত আদিত্য। ওই তথ্য বিদেশে পাচার করা হতো বলেও তদন্তে উঠে এসেছে।এর আগে এই মামলায় হামিম মণ্ডলকে বর্ধমান থেকে এবং তাঁর সহযোগী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর যোগাযোগ ছিল এবং পশ্চিমবঙ্গে নাশকতার ছক কষা হচ্ছিল।
গোয়েন্দা সূত্রের দাবি, চক্রটির নজরে ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। হামিম নিউটাউন এলাকায় অবস্থানকালে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা ও যাতায়াত সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেছিল বলেও অভিযোগ। পাশাপাশি, অর্পিতা সরকারকে তথাকথিত ‘হানিট্র্যাপ’-এর মাধ্যমে বিভিন্ন নেতা, মন্ত্রী ও সরকারি আধিকারিকদের কাছ থেকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করা হতো বলে তদন্তে উঠে এসেছে।আদিত্য সিংয়ের সঙ্গে হামিম মণ্ডলের যোগাযোগ, তথ্য পাচারের প্রকৃতি এবং পুরো নেটওয়ার্কের বিস্তার জানতে তাঁকে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে এসটিএফ।

চিত্র: সংগৃহীত

03/08/2026

মালদায় উদ্ধার কোটি কোটি টাকা! ফ্ল্যাটে চলছে মেশিন দিয়ে নোট গোনার কাজ

জয়দীপ মৈত্র, মালদা, ৩ আগস্ট:
রাজ্যে ফের বিপুল পরিমাণ টাকার হদিস। মালদা থানার মঙ্গলবাড়ি এলাকায় এক ব্যবসায়িক ভবনের ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার হলো কোটি কোটি টাকা। উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ জানতে তিনটি নোট গোনার মেশিন এনে জোরকদমে চলছে গণনা।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকার অঙ্ক আড়াই কোটি ছাড়িয়ে গেছে।এই মেগা অভিযানের নেপথ্যে রয়েছে গত ৫ জুলাইয়ের একটি ঘটনা। সেদিন দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। সেই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে লাগাতার জেরার পরেই পুলিশ জানতে পারে, এই আন্তর্জাতিক মাদক ও কাফ সিরাপ পাচারের বিপুল টাকা লুকিয়ে রাখা আছে মালদার এক ফ্ল্যাটে।
ধৃতদের বয়ান মিলিয়েই আজ মালদা থানার মঙ্গলবাড়ি এলাকার ওই ভবনে হানা দেয় স্পেশাল অপারেশন টিম (SOT)। এই যৌথ অভিযানে সামিল রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা থানার পুলিশ বাহিনী। জানা গেছে, যে ভবনটিতে অভিযান চালানো হয়েছে তার মালিক দিলীপ সাহা। ওই ভবনের তৃতীয় তলের একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিল পিন্টু সরকার নামে এক ব্যক্তি। সেই ফ্ল্যাটেই লুকিয়ে রাখা হয়েছিল এই বিপুল কালো টাকা।ঘটনাস্থলে এখনও কড়া পুলিশি পাহারায় তল্লাশি এবং টাকা গোনার কাজ চলছে। টাকার অঙ্ক আরও বাড়তে পারে বলে অনুমান তদন্তকারীদের। এই চক্রের মূল চাঁই পিন্টু সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

রিপোর্ট ও ভিডিও: জয়দীপ মৈত্র

হাওড়ায় ‘বোন অ্যান্ড জয়েন্ট উইক’-এর সূচনাসুনন্দা দাস/সংবাদ সংস্থা,হাওড়া,২ আগস্ট: হাওড়া অর্থো ক্লাবের উদ্যোগে রবিবার ...
02/08/2026

হাওড়ায় ‘বোন অ্যান্ড জয়েন্ট উইক’-এর সূচনা

সুনন্দা দাস/সংবাদ সংস্থা,হাওড়া,২ আগস্ট: হাওড়া অর্থো ক্লাবের উদ্যোগে রবিবার থেকে শুরু হল ‘বোন অ্যান্ড জয়েন্ট উইক’। ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশন এবং ইন্ডিয়ান অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ১ থেকে ৭ আগস্ট পর্যন্ত চলবে সপ্তাহব্যাপী এই সচেতনতামূলক কর্মসূচি।

এই উপলক্ষে সকাল সাড়ে ৮টায় পিপলস মেডিকেয়ার নার্সিং হোম থেকে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি বীরল সেবা সদনে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, শতাধিক অর্থোপেডিক চিকিৎসক, নার্স, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং হাসপাতালের কর্মীরা এতে অংশগ্রহণ করেন।

এবারের ‘বোন অ্যান্ড জয়েন্ট উইক’-এর মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে হাড়ের স্বাস্থ্য রক্ষা, হাড়ের শক্তি বৃদ্ধি এবং হাড়ের ক্ষয় রোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেই লক্ষ্যেই এই পদযাত্রার মাধ্যমে জনসচেতনতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া অর্থো ক্লাবের সভাপতি ডা. জগন্নাথ ভট্টাচার্য, ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের সম্পাদক ডা. সব্যসাচী সাঁতরা, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিসেস-এর সম্পাদক ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় এবং ওয়েস্ট বেঙ্গল অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের জার্নাল সম্পাদক তথা হাওড়া অর্থো ক্লাবের সহ-সম্পাদক ডা. অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও উপস্থিত ছিলেন ডা. সুব্রত সেন, ডা. সুজয় কুণ্ডু, ডা. প্রসূন মণ্ডল, ডা. সৌম্যজিৎ মণ্ডল, ডা. সুদীপ্ত ঘোষ-সহ একাধিক বিশিষ্ট অর্থোপেডিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-চিকিৎসকরা। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ‘বোন অ্যান্ড জয়েন্ট উইক’-এর সূচনা হয়।

চিত্র : সংগৃহীত

01/08/2026

জনস্বার্থে প্রচারিত...

জনগণনা ২০২৭: হাওড়ায় শুরু স্ব-তথ্য নিবন্ধন, অংশ নিলেন গ্রামীণ পুলিশের আধিকারিকরাঅনুকা পাঁজা/সংবাদ সংস্থা, হাওড়া,১ আগস্...
01/08/2026

জনগণনা ২০২৭: হাওড়ায় শুরু স্ব-তথ্য নিবন্ধন, অংশ নিলেন গ্রামীণ পুলিশের আধিকারিকরা

অনুকা পাঁজা/সংবাদ সংস্থা, হাওড়া,১ আগস্ট : আজ থেকে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জনগণনা ২০২৭-এর স্ব-তথ্য নিবন্ধন (সেলফ-এনিউমারেশন) প্রক্রিয়া। এই ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা নির্দিষ্ট সরকারি পোর্টালে নিজেদের জনগণনা-সংক্রান্ত তথ্য অনলাইনে পূরণ, যাচাই ও জমা দিতে পারবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্ধারিত সূচি অনুযায়ী, ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাধারণ মানুষ এই স্ব-তথ্য নিবন্ধনের সুবিধা গ্রহণ করতে পারবেন।

এই উদ্যোগের অংশ হিসেবে শনিবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার শ্রী অমিত ভার্মা, আইপিএস-সহ জেলার বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা স্ব-তথ্য নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করেন। একই সঙ্গে তাঁরা সাধারণ নাগরিকদেরও নির্ধারিত সময়ের মধ্যে স্ব-তথ্য নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।

উল্লেখ্য, জনগণনা ২০২৭ ভারতের ১৬তম এবং স্বাধীনতা-পরবর্তী অষ্টম জনগণনা। এই জনগণনায় ডিজিটাল পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ ও স্ব-তথ্য নিবন্ধনের সুবিধা চালু করা হয়েছে, যাতে নাগরিকরা নিজেরাই অনলাইনে প্রয়োজনীয় তথ্য জমা দিতে পারেন।

চিত্র: সংগৃহীত

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথে চলবে যানবাহনসোহানা আফরোজ/সংবাদ সংস্থা, হাওড়া,১ আগস্ট:রবিবার মেরামতি ও র...
01/08/2026

রবিবার ৮ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথে চলবে যানবাহন

সোহানা আফরোজ/সংবাদ সংস্থা, হাওড়া,১ আগস্ট:

রবিবার মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়েছে, আগামী রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত সেতু দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। সেতুর নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, নির্ধারিত সময়ে সেতুর গুরুত্বপূর্ণ হোল্ডিং ডাউন কেবল, স্টে কেবল এবং বিভিন্ন বেয়ারিং বদল ও মেরামতির কাজ করা হবে। এই কাজ চলাকালীন সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ রাখা হবে, যাতে নিরাপদ ও দ্রুত গতিতে রক্ষণাবেক্ষণের কাজ শেষ করা যায়।
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকায় কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীর কথা মাথায় রেখে বিকল্প ট্রাফিক ব্যবস্থা করা হয়েছে। ট্রাফিক পুলিশের নির্দেশ অনুযায়ী, হাওড়া ও কলকাতামুখী সমস্ত যানবাহনকে মূলত হাওড়া ব্রিজ এবং নিবেদিতা সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজনে অন্যান্য রাস্তা ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালক ও সাধারণ যাত্রীদের যাত্রার সময় পরিকল্পনা করে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিত্র: সংগৃহীত

ফুটবল বিশ্বে শোকের ছায়া! প্রয়াত ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসিশ্রেয়সী ঘোষ/সংবাদ সংস্থা,কলকাতা,১ অগাস্ট:ফুট...
01/08/2026

ফুটবল বিশ্বে শোকের ছায়া! প্রয়াত ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি

শ্রেয়সী ঘোষ/সংবাদ সংস্থা,কলকাতা,১ অগাস্ট:
ফুটবল বিশ্বে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ইতালির কিংবদন্তি ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি ৬৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার, কোচ এবং বিশ্বের বিভিন্ন ক্লাব।

ফ্রাঙ্কো বারেসিকে সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে গণ্য করা হয়। অসাধারণ নেতৃত্ব, নিখুঁত ট্যাকল, দুর্দান্ত পজিশনিং এবং রক্ষণভাগকে সংগঠিত করার ক্ষমতার জন্য তিনি ফুটবল ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছেন। পুরো পেশাদার ক্যারিয়ার তিনি ইতালির ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলান-এর হয়ে কাটিয়েছেন। ক্লাবটির হয়ে তিনি একাধিক সিরি আ শিরোপা, ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) এবং অন্যান্য বড় ট্রফি জয় করেন।

জাতীয় দলের জার্সিতেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ইতালির হয়ে বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন এবং ১৯৮২ সালের ফিফা বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। মাঠে তাঁর নেতৃত্ব এবং আত্মনিবেদন আজও ফুটবলপ্রেমীদের কাছে অনুপ্রেরণা।

তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এসি মিলান তাঁর ৬ নম্বর জার্সি স্থায়ীভাবে অবসর দিয়েছিল, যা ফুটবল ইতিহাসে বিরল সম্মানের অন্যতম উদাহরণ।

ফ্রাঙ্কো বারেসির মৃত্যুতে বিশ্ব ফুটবল এক মহান কিংবদন্তিকে হারাল। তাঁর কীর্তি, নেতৃত্ব এবং খেলোয়াড়সুলভ মানসিকতা আগামী প্রজন্মের ফুটবলারদের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

চিত্র:সংগৃহীত

Address

Howrah

Alerts

Be the first to know and let us send you an email when Yug Sambad Darpan Online-Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Yug Sambad Darpan Online-Digital:

Shortcuts

Share