31/07/2026
হাওড়ার হুমকি ফোনের ঘটনার সঙ্গে ধৃত হামিমের যোগ! খতিয়ে দেখছে এসটিএফ
সংবাদ সংস্থা,হাওড়া,৩১ জুলাই : পূর্ব বর্ধমান থেকে জইশ-ই-মহম্মদের (জেইএম)-এর সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলের সঙ্গে উত্তর হাওড়ার বিজেপি বিধায়ক তথা প্রতিমন্ত্রী উমেশ রায়ের কাছে আসা হুমকি ফোনের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কিছুদিন পর উমেশ রায়ের কাছে একটি হুমকি ফোন আসে। অভিযোগ, ফোনকারী নিজেকে পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থার সদস্য বলে পরিচয় দিয়ে অর্থ দাবি করে এবং দাবি না মানলে তাঁর পরিবারের ক্ষতি করার হুমকি দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে এসটিএফ।
তদন্তে উঠে এসেছে, ধৃত হামিম মণ্ডল একসময় হাওড়ার পিলখানা এলাকায় বসবাস ও কাজ করতেন। সেই তথ্যের ভিত্তিতে হুমকি ফোনের ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নিশ্চিত তথ্য প্রকাশ করেনি এসটিএফ।
উল্লেখ্য, শুক্রবার পূর্ব বর্ধমানের একটি আবাসন থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এসটিএফের দাবি, তাঁর আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তাঁর যোগাযোগের নেটওয়ার্ক এবং সম্ভাব্য কার্যকলাপের বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।
চিত্র : সংগৃহীত