20/08/2026
শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বাস্থ্য বার্তা – ব্যাঙ্গালুরু; ২০শে আগস্ট, ২০২৬; ভারতীয় সময় রাত সাড়ে ৯টা
হরে কৃষ্ণ শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের শিষ্য-শিষ্যা ও শুভানুধ্যায়ীবৃন্দ,
কৃপাপূর্বক আমাদের বিনম্র প্রণাম গ্রহণ করুন।
শ্রীল প্রভুপাদের জয়!
শ্রী শ্রী রাধা-মাধব, শ্রী পঞ্চতত্ত্ব, ভগবান নৃসিংহদেব, শ্রীল প্রভুপাদের কৃপা এবং সারা বিশ্বের ভক্তদের আন্তরিক প্রার্থনার ফলে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে, গুরু মহারাজের স্নায়বিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে।
গুরু মহারাজ এখন দীর্ঘ সময় ধরে জেগে থাকছেন এবং অল্প সময়ের জন্য যোগাযোগ করার চেষ্টা করছেন। গতকাল তিনি স্বতঃস্ফূর্তভাবে তাঁর ক্লিকার চেয়েছিলেন, যাতে তিনি তাঁর নির্ধারিত সংখ্যক জপ সম্পন্ন করতে পারেন। ভক্তরা যখন তাঁকে পাঠ করে শোনাচ্ছেন, সেসময়ে তিনি এখন সম্পূর্ণ জাগ্রত ও সজাগ থাকছেন — চোখ বড় করে খোলা রেখে মনোযোগ সহকারে শুনছেন এবং তাতে নিমগ্ন থাকছেন। আজ সেবকেরা তাঁকে শ্রীচৈতন্যচরিতামৃতের আদি-লীলার চতুর্থ অধ্যায় থেকে পাঠ করে শোনাচ্ছেন। যারা তাঁর কাছে থেকে সেবা করছেন, তাদের জন্য এটি অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এটি একটি লক্ষণ যে তিনি প্রতিদিনই উন্নতির দিকে এগিয়ে চলেছেন।
চিকিৎসাগত দিক থেকে গুরু মহারাজ এখন দিনের কিছু সময় খুব সামান্য ভেন্টিলেটর সহায়তায় নিজে শ্বাস নিতে পারছেন। বর্তমানে তিনি এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত এভাবে থাকতে পারছেন। এছাড়াও, তিনি এখনও সক্রিয় ব্যাকটেরিয়া সংক্রমণমুক্ত রয়েছেন।
দীর্ঘদিনের অসুস্থতা ও হাসপাতালে থাকার কারণে গুরু মহারাজের শরীরে উল্লেখযোগ্য পেশিশক্তির দুর্বলতা এখনও একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলা করার জন্য এখন একটি নতুন চিকিৎসা শুরু করা হয়েছে। আমরা আশা করছি, এটি তাঁকে তাঁর চলমান সুস্থতা ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় শক্তি ফিরে পেতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরও কোনো জটিলতা এড়াতে সহায়তা করবে।
তবে এখনও অনেকটা পথ বাকি এবং গুরু মহারাজের অবস্থা এখনও অত্যন্ত সংকটাপন্ন ও নাজুক। এই মুহূর্তে নতুন কোনো সংক্রমণ যেন না হয়, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা কক্ষে সেবকদের সংখ্যা সীমিত করেছি, আইসিইউতে সকল দর্শনার্থীর প্রবেশ বন্ধ করেছি এবং আরও কঠোর সংক্রমণ-নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছি।
আমরা তাঁর এই অগ্রগতির ধাপগুলো দেখে অত্যন্ত কৃতজ্ঞ এবং বিশেষভাবে আনন্দিত যে তিনি আবারও তাঁর জীবনের কেন্দ্রে থাকা কার্যকলাপগুলোতে— শ্রবণ-কীর্তনে নিয়োজিত হচ্ছেন। আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি, এই উন্নতির ধারা যেন অব্যাহত থাকে।
আমরা বিনীতভাবে সকল ভক্ত, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীর কাছে অনুরোধ করছি শ্রী শ্রী রাধা-মাধব এবং ভগবান নৃসিংহদেবের কাছে আন্তরিক প্রার্থনা অব্যাহত রাখুন:
“হে আমার প্রিয় শ্রীকৃষ্ণ, আপনার মধুর ইচ্ছায় কৃপা করে গুরু মহারাজকে সংক্রমণমুক্ত রাখুন, তাঁকে আরও শক্তিশালী করুন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করুন।”
বি:দ্র: গুরু মহারাজের ব্যক্তিগত সংরক্ষণশীলতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ
হাসপাতালে অবস্থানরত অবস্থায় গুরু মহারাজের কিছু ছোট ভিডিও অনুমতি ছাড়াই সর্বসাধারণের কাছে শেয়ার করা হয়েছে। এই ভিডিওগুলো শুধুমাত্র চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র হিসেবে এবং তাঁর স্বাস্থ্যের অগ্রগতি লক্ষ্য করার উদ্দেশ্যে ধারণ করা হয়েছিল। কখনোই জনসাধারণের মধ্যে এগুলো প্রচারের উদ্দেশ্য ভিডিও নির্মাতাদের ছিল না।
আমরা বুঝতে পারছি যে, কিছু ভক্ত হয়তো এগুলো ব্যক্তিগত ভিডিও — একথা না জেনেই শেয়ার করেছেন। অনুগ্রহ করে এই ভিডিওগুলো আর ফরওয়ার্ড বা পুনরায় পোস্ট করবেন না। আপনি যদি ইতিমধ্যে শেয়ার করে থাকেন, তাহলে দয়া করে সেগুলো ডিলিট করে দিন। অন্য কোথাও এগুলো পোস্ট করা দেখতে পেলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান যে, ভিডিওগুলো ব্যক্তিগত এবং সেগুলো সরিয়ে নিতে অনুরোধ করুন।
গুরু মহারাজ এই ভিডিওগুলো জনসমক্ষে প্রকাশে সম্মতি দিতেন না। তাঁর ব্যক্তিগত সংরক্ষণশীলতা ও মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে এবং আমরা বিশ্বাস করি, তাঁর ইচ্ছাকে সম্মান করার ক্ষেত্রে সকলেই সহযোগিতা করবেন।
জেপিএস স্বাস্থ্য দল ও জেপিএস সেবা কমিটির পক্ষ থেকে
মহাবরাহ দাস