30/08/2015
৩৬ বছর পর ফের অলিম্পিকে ভারতীয় মহিলা হকি দল------>>>>
দীর্ঘ ৩৬ বছর পর অলিম্পিকের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করল ভারতীয় প্রমীলা হকি দল। ১৯৮০ সালের মস্কো অলিম্পিকের পর ফের রিও-তে দেখা যাবে ভারতীয় মহিলা হকি দলকে। এদিন আন্তর্জাতিক হকি ফেডেরেশনের (এফআইএইচ) তরফে ভারতের যোগ্যতা অর্জনের কথা ঘোষণা করা হয়। কাকতালীয়ভাবে এদিন হকির জাদুকর মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী। দেশের ক্রীড়াপ্রেমী, বিশেষ করে হকি-প্রেমীদের কাছে এর থেকে সুখবর আর কিছুই হতে পারে না।এফআইএইচ জানিয়েছে, লন্ডনে চলতি ইউরোপীয় হকি চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্পেনকে হারিয়ে দেয় ইংল্যান্ড (গ্রেট ব্রিটেন)। অন্যদিকে, অপর সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে দেয় নেদারল্যান্ডস। যেহেতু, গতমাসে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে শেষ হওয়া হকি ওয়ার্ল্ড লিগের ভিত্তিতে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ইতিমধ্যেই অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছে, তাই ভারতের সামনে সামনের বছর রিও অলিম্পিকের দরজা খুলে যায়।নিয়মানুসারে, হকি ওয়ার্ল্ড লিগের প্রথম চার স্থানাধিকারী দল অলিম্পিকের জন্য ‘অটোমেটিক’ বা স্বাভাবিকভাবেই যোগ্যতা অর্জন করে থাকে। ভারতীয় মহিলা দল পঞ্চম স্থান অর্জন করেছিল। বলা যেতে পারে, স্পেন দল যদি জিতত, তাহলে ভারত যোগ্যতা পেত না। কিন্তু, তা না হওয়ায় ভারত এই ‘কোটা’-র সুযোগ পায়।এফআইএইচ জানিয়েছে, যে দল চলতি ইউরো চ্যাম্পিয়ন হবে, তারা উইরোপীয় মহাদেশীয় চ্যাম্পিয়ন হিসেবে রিও-তে অংশ নেবে। ভারতের পাশাপাশি এখনও পর্যন্ত আরও ৯টি দল অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে। তারা হল—কোরিয়া (এশীয় চ্যাম্পিয়ন), আর্জেন্টিনা (প্যান-আমেরিকা চ্যাম্পিয়ন), গ্রেট ব্রিটেন, চিন, জার্মানি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র।এদিন এই ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে হকি ইন্ডিয়ার সভাপতি নরেন্দ্র বাত্রা জানান, এটা হকি ইন্ডিয়া ও দেশের কাছে ঐতিহাসিক মুহূর্ত। এর জন্য আমাদের ৩৬ বছর অপেক্ষা করতে হয়েছে। মহিলা হকি দল ও কোচিং স্টাফদের শুভেচ্ছা জানান বাত্রা। সংস্থার মহাসচিব মহম্মদ মুস্তাক আহমেদ প্রমীলা দলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে। এবার তাদের লক্ষ্য হোক অলিম্পিক থেকে প্রথম পদক আনা।