03/08/2026
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে ডাঃ সূর্য চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে শ্রীচৈতন্য দেবের চরিত্রে অভিনয় করে বড়পর্দাতেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। আর সেই চরিত্রের প্রভাব যে এখনও তাঁর জীবনে গভীরভাবে রয়ে গিয়েছে, তারই প্রমাণ মিলল অভিনেতার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টে।
সম্প্রতি মায়াপুরে গিয়েছেন দিব্যজ্যোতি। সেখান থেকে শেয়ার করা ছবিতে তাঁকে দেখা যায় সাদা ধুতি-পাঞ্জাবি, কপালে তিলক পরে মন্দির প্রাঙ্গণে দু'হাত তুলে কৃষ্ণনাম করতে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এখনও সেই ঘোরে, ক্ষণে গোরাচাঁদ, ক্ষণে কালা।” এই একটি লাইনই বুঝিয়ে দেয়, মহাপ্রভুর চরিত্র এখনও তাঁর মন ও জীবনে গভীর ছাপ রেখে গেছে।
এই চরিত্রে অভিনয়ের জন্য দিব্যজ্যোতিকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। নিজেকে সম্পূর্ণভাবে চরিত্রের সঙ্গে একাত্ম করতে প্রায় ২৭ কেজি ওজন কমিয়েছিলেন তিনি। ছোটবেলা থেকেই ঈশ্বরচর্চা, আধ্যাত্মিক বই পড়া এবং ভক্তিমূলক জীবনের প্রতি তাঁর আগ্রহ থাকায় শ্রীচৈতন্যের চরিত্র ফুটিয়ে তুলতেও বিশেষ সুবিধা হয়েছিল বলে মনে করেন অনেকেই।