04/09/2026
কল্যাণী এইমসে বিরল রোগের অস্ত্রোপচার!
বিরলের মধ্যে বিরলতম অশ্রুথলির কর্কট রোগে আক্রান্ত হুগলির ৬২ বছরের সুশান্ত বাগের সফল অস্ত্রোপচার হল কল্যাণী এইমসে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় রোগটির নাম ‘মেটাস্ট্যাটিক অ্যাডেনোকার্সিনোমা অব ল্যাক্রিমাল স্যাক’। ৩ রা সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে চলে জটিল অস্ত্রোপচার। চিকিৎসকদের জানানো হয়েছে, রোগটি চোখের কোণ থেকে নাক পর্যন্ত ছড়িয়ে পড়ায় সুশান্তের ডান চোখের পাশাপাশি নাকের একটি হাড়ও বাদ দিতে হয়। অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। জানা গিয়েছে, গত সাত মাস ধরে চোখের কোণ ও নাক সংলগ্ন অংশে সমস্যার কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন সুশান্ত। পরে কল্যাণী এইমসের বহির্বিভাগে চিকিৎসার জন্য এলে পরীক্ষা নিরীক্ষার পর অশ্রুথলিতে গ্রন্থিজাত কর্কট রোগ ধরা পড়ে। জটিল এই অস্ত্রোপচারে চোখ, নাক কান-গলা, প্লাস্টিক সার্জারি এবং অ্যানাস্থেশিয়া বিভাগের মোট ৭ জন চিকিৎসক অংশ নেন। দলের নেতৃত্বে ছিলেন চক্ষু বিভাগের চিকিৎসক কৌশিক সাধুখাঁ এবং নাক কান গলা বিভাগের চিকিৎসক মৈনাক দত্ত। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং রোগীকে কয়েক দিন আইসিইউতে রাখা হবে। অশ্রুথলি চোখের কোণে থাকা ছোট একটি থলি, যেখান দিয়ে চোখের জল নাকের দিকে যায়।